করাচি, ২৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ১২ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল চ্যাম্পিয়নস ট্রফি। নিরাপত্তার প্রশ্নে দক্ষিণ আফ্রিকাসহ বড় ক্রিকেট খেলুড়ে দেশগুলোর আপত্তির কারণে স্থগিত হয়ে গেছে সেটা, তবে ওই ১২ই সেপ্টেম্বর থেকেই বিকল্প একটা টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান।
সেটা অবশ্য পাকিস্তানে নয়, হবে দক্ষিণ আফ্রিকায়। আর পিসিবির অনুরোধে তাতে অংশ নিতে রাজি হয়েছে শ্রীলঙ্কা। বার্তা সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।
চ্যাম্পিয়নস ট্রফির পরপরই পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা। টুর্নামেন্টটি স্থগিত হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ওই সফরটি এগিয়ে এনে তাতে একটি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছিল।
পিসিবির একজন কর্মকর্তা পিটিআইকে বলেছেন, তারা চেষ্টা করেছিলেন ভারতকে সঙ্গে নিয়ে তিন বা চারদেশের একটি টুর্নামেন্ট খেলতে। কিন্তু আগামী জানুয়ারিতেই পাকিস্তান সফরে একটি পূর্ণাঙ্গ ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে বলে ভারত এই মুহূর্তে আর ওয়ানডে খেলতে আগ্রহী নয়। সে কারণেই শ্রীলঙ্কান বোর্ডকে অনুরোধ করেছিল তারা, আর সেই অনুরোধে রাজি হয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা। এখন কেবল ভেন্যু আর ফিকশ্চার চূড়ান্ত করতেই বাকি, তবে ১২ই সেপ্টেম্বর থেকেই শুরু হতে পারে ওই টুর্নামেন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৭৩২ ঘ.
bdnews24