সিডনি, ২৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো রেকর্ডই অবিনশ্বর নয়। সব রেকর্ডের জন্মই ভেঙ্গে যাওয়ার জন্য। কিন্তু ক্রিকেটের একটি রেকর্ড সম্ভবত কোনো দিনই কেউ ভাঙ্গতে পারবে না। সেটা স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের অত্যাশ্চর্য ৯৯.৯৪ ব্যাটিং গড়। সর্বকালের সেরা ব্যাটসম্যানের জন্ম শতবার্ষিকীতে বক্তব্য রাখতে গিয়ে যে কোনো অলিম্পিক কীর্তির চেয়েও যে অর্জনকে এগিয়ে রাখলেন রিকি পন্টিং।
বেইজিং অলিম্পিকে মাইকেল ফেলপস ও উসাইন বোল্টের অবিস্মরণীয় কীর্তি এখনো সবার মনে তরতাজা। ১৯৭২এর মিউনিখ অলিম্পিকে মার্ক স্পিৎজের ৭টি সোনা জয়ের কথাও কেউ ভুলতে পারবে না কখনো। কিন্তু সিডনিতে ব্র্যাডম্যানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পন্টিং সবার আগে রাখলেন ঐ অবিশ্বাস্য টেস্ট গড়কে, "টেস্ট ক্রিকেটের ১৩১ বছরের ইতিহাসে যে ২৫১৯ জন ব্যাটসম্যান ক্রিজে দাঁড়িয়েছেন তাদের মধ্যে ব্র্যাডম্যান অনন্য। জানি না অন্য কোনো খেলায় এক জন প্রতিদ্বন্দ্বী অন্যদের চেয়ে এতখানি এগিয়ে আছেন কি-না! ১৯২৮ সালে অভিষেকের পর থেকে ৬০ বছর আগে অবসর নেয়া পর্যন্ত তিনি দীর্ঘ ২০ বছর ক্রিকেটে আধিপত্য করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য আট বছর নষ্ট না হলে নিঃসন্দেহে তার পরিসংখ্যান আরো অনেক, অনেক ভালো হতো। প্রত্যেক অলিম্পিকে অজস্র রেকর্ড ভেঙ্গে যায়। কিন্তু ব্র্যাডম্যানের ব্যাটিং গড় এখনো অনতিক্রম্য।"
১৯০৮ সালের ২৭ আগস্ট নিউ সাউথ ওয়েলসের একটি ছোট্ট শহর কুটামুন্ড্রায় জন্ম নেয়া স্যার ডনের আরেকটা কীর্তিও পন্টিংকে বিস্মিত করে প্রতিনিয়ত। ১৯৩০ সালে ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে এক দিনে ৩০৯ রান করার সেই কীর্তির পুনরাবৃত্তি কেউ করতে পারবে না বলেই তার ধারণা। এত সব অর্জনের জন্যই অস্ট্রেলীয় অধিনায়কের কাছে ব্র্যাডম্যান অসাধারণ; বাকিদের চেয়ে যোজন-যোজন ব্যবধানে এগিয়ে থাকা এক ব্যাটসম্যান, "তিনি খেলাটার চেয়ে আলাদাই ছিলেন বলা যায়। তার নাম এবং তিনি যা অর্জন করেছিলেন সেগুলো অন্য খেলোয়াড়দের নাগালের অনেক বাইরেই থেকে যাবে। আমরা যেভাবে খেলি তিনি খেলতেন তার চেয়ে অনেকখানি ভিন্নভাবে।" ঐ অনুষ্ঠানে পন্টিংয়ের সতীর্থ মাইক হাসিও পিছিয়ে ছিলেন না ব্র্যাডম্যান-বন্দনায়, "আমার মতে আজ ডন ব্র্যাডম্যান খেললে তার ব্যাটিং গড় হয়তো বিশ্বের অন্য যে কোনো ব্যাটসম্যানের চেয়ে দ্বিগুণ থাকতো। তিনি নিঃসন্দেহে সর্বকালের সেরা ব্যাটসম্যান। আজো তিনি খেলাটার মধ্যেই আছেন।"
শুধু কীর্তি আর অর্জনেই নয়, বিনয় আর ভদ্রতায়ও স্যার ডন ব্র্যাডম্যান ছিলেন অনন্য। 'এশিয়ার ব্র্যাডম্যান' হিসাবে খ্যাত পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান জহির আব্বাস সেই বিনয়ী মানুষটাকেই স্মরণ করলেন সশ্রদ্ধ চিত্তে, "১৯৭২-৭৩ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে খেলতে যাওয়ার সময় ডন ব্র্যাডম্যান বিশেষ করে আমার সঙ্গে দেখা করার জন্য অ্যাডিলেড বিমানবন্দরে গিয়েছিলেন। সেটা ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত। আমার জীবনের সবচেয়ে বড় সম্মানও বটে। তার সঙ্গে তোলা ছবিটা আজো যত
bdnews24