মাসুদ পারভেজ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ক্রীড়া প্রতিবেদক
ঢাকা, ২৪ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দক্ষিণ আফ্রিকা আগেই জানিয়ে দিয়েছিল তারা পাকিস্তানে খেলতে আসছে না। রোববার তাদের সঙ্গী হয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজও। নিরাপত্তা ইস্যুতে এই পাঁচটি দেশের আপত্তির মুখে আগামী ১২ সেপ্টেম্বর থেকে পাকিস্তানে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তাই শেষপর্যন্ত স্থগিতই ঘোষণা করে দিতে হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে।
রোববার বিকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আয়োজন করে এক টেলিকনফারেন্সের। যেখানে অংশ নেন আইসিসির পূর্ণ সদস্য দেশের প্রতিনিধিরা। ওই টেলিকনফারেন্সে পাঁচটি দেশ পাকিস্তানে তাদের ক্রিকেট দল না পাঠানোর বিষয়ে অনড় অবস্থান নেয়। এ কারণেই ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ আসরটি ২০০৯ সালের অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত।
এই টেলিকনফারেন্সে অংশ নেওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি গাজী আশরাফ লিপু রোববার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে চ্যাম্পিয়ন্স ট্রফি পিছিয়ে যাওয়ার খবর নিশ্চিত করেন, "আপাতত আগামী বছরের অক্টোবর পর্যন্ত এটা স্থগিত করা হয়েছে। তবে সেপ্টেম্বরেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটা সভা ডাকা হয়েছে। সে সময়েই এই চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলাপ হবে।"
ওই সভায় ২০০৯ এর সুবিধাজনক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে আলোচনা হবে। তবে এর আয়োজক হিসেবে পাকিস্তানকেই প্রথম অগ্রাধিকার দেওয়া হবে। অবশ্য সেজন্য অপেক্ষা করতে হবে আরো। ভারতীয় দল পাকিস্তান সফর করে আসার পর সেখানকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখা হবে। এবং পরিস্থিতি সন্তোষজনক হলেই তবে শিঁকে ছিঁড়তে পারে পাকিস্তানের ভাগ্যে।
টেলিকনফারেন্সে অংশ নেওয়া কয়েকটি সূত্র ক্রিকইনফোকে জানিয়েছে, বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার নাম উঠেছিল কিন্তু ভারত ও পাকিস্তান পরিবর্তনের বিপক্ষে সুদৃঢ় অবস্থান নেওয়ায় তা আর ধোপে টেকেনি। আর শ্রীলঙ্কাও নিজেদের মাটিতে এটার আয়োজন নিয়ে তেমন উচ্চবাচ্য করেনি। তাছাড়া নিরাপত্তা ইস্যুতে ভেন্যু পরির্বতনের বিষয়ে পাকিস্তানের আপত্তি অকুণ্ঠ সমর্থন পেয়েছে ভারত আর শ্রীলঙ্কারও।
আইসিসির প্রেসিডেন্ট ডেভিড মরগান স্কাই স্পোর্টসকে বলেছেন, "আগামী বছরের অক্টোবর পর্যন্ত টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার পক্ষেই ভোট পড়েছে বেশি। দুর্ভাগ্যজনক যে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে অংশগ্রহণকারী পাঁচটি দেশেরই মনে হয়েছে পাকিস্তানে তাদের দল পাঠানো অসম্ভব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/১৮৪০ঘ.
bdnews24