২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৭০ রান করেও জিততে পারল না বাংলাদেশ

ধীমান ঘোষ ও মাশরাফি বিন মর্তুজার ব্যাটিংয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ জেতার পরপরই মিডল অর্ডারের ব্যর্থতা নজরে এসেছিল বেশি। গার্ডেন্স ওভালে শনিবার অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টসের (এআইএস) বিপক্ষে তৃতীয় ম্যাচে সেই ব্যর্থতা থেকে অনেকটা বেরিয়েও এসেছেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, ২৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ধীমান ঘোষ ও মাশরাফি বিন মর্তুজার ব্যাটিংয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ জেতার পরপরই মিডল অর্ডারের ব্যর্থতা নজরে এসেছিল বেশি। গার্ডেন্স ওভালে শনিবার অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টসের (এআইএস) বিপক্ষে তৃতীয় ম্যাচে সেই ব্যর্থতা থেকে অনেকটা বেরিয়েও এসেছেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা। কিন্তু তাতেও লাভ হয়নি খুব একটা। সাকিব আল হাসান ও রকিবুল হাসানের ফিফটিতে ৯ উইকেটে ২৭০ রান তোলার পরও ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ। এক ওভার বাকি থাকতেই ৫ উইকেটের জয় তুলে নিয়েছে এআইএস। টস হেরে ব্যাটিংয়ে নামার পর বাংলাদেশের শুরুটা হয়েছিল ভয়াবহ। স্কোরবোর্ডে ৫ রান জমা হতেই সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল (২) ও নাজিমউদ্দিনের ইনজুরিতে অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথম ম্যাচ খেলতে নামা জুনায়েদ সিদ্দিকী (২)। সেখান থেকে অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও অলক কাপালির ইনিংস মেরামতের চেষ্টাও ধাক্কা খায়, তৃতীয় উইকেটে ৫৯ রানের পার্টনারশিপ গড়ে দু'জনেই বিদায় নেন দুই রানের মধ্যে। আগের দুই ম্যাচেই ঝড়ো ব্যাটিং করা আশরাফুল এই ম্যাচে ৩৫ বলে করেছেন ২১ রান, বাউন্ডারির মার মাত্র একটি। আর অলকের ৪৪ বলে ৩৮ রানের ইনিংসটি সাজানো ছিল পাঁচ বাউন্ডারি ও একটি ছক্কা দিয়ে। ৬৬ রানে ৪ উইকেট হারানোর পর থেকেই বাংলাদেশের ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটার শুরু। পঞ্চম উইকেটে দুই 'হাসান' সাকিবুল ও রকিবুলের ১০৩ রানের পার্টনারশিপ। ৫৫ বলে ৯ বাউন্ডারিতে ৬৭ রানের ঝড়ো এক ইনিংস খেলে সাকিব ফিরে গেলেও রকিবুল শেষপর্যন্ত ছিলেন। ৫১ রানের অপরাজিত ইনিংসটি খেলতে লেগেছে ৯২ বল, এতেই বোঝা যায় কতোটা সাবধানী ছিলেন তিনি। তবে তার ধীরগতির ব্যাটিংয়ের সঙ্গে অন্যদের দ্রুত রান তোলার চেষ্টাই আসলে সফরকারীদের ২৭০ রানে পৌছে দেয়- ধীমান (২৩ বলে ২৫), মাহমুদুল্লাহ রিয়াদ (১৯ বলে ২০) ও ফরহাদ রেজা (১৪ বলে অপরাজিত ২২)। এই রান তাড়া করতে নেমে এআইএস জয়ের ভিত পেয়ে যায় প্রথম দুটো পার্টনারশিপেই। দুই ওপেনার তুলে দেন ৭৯ রান। এরপর অধিনায়ক মাইকেল হেনরিক্সকে (৮২) নিয়ে ওপেনার ওসমান খাজার ১২৭ রানের দ্বিতীয় উইকেট পার্টনারশিপ ম্যাচ থেকে বাংলাদেশকে একরকম ছিটকেই দেয়। দু'জনের কেউই সেঞ্চুরি না পেলেও অনায়াসেই ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিকরা। ব্যাটিংয়ে ফিফটির পর ৩৪ রানে ২ উইকেট নিয়ে বোলিংয়েও সফলতম সাকিব আল হাসান। ১০ ওভারে মাত্র ৩৮ রান দিয়ে আব্দুর রাজ্জাকের ১ উইকেট পাওয়াটাকেও কৃতিত্বের ব্যাপার বলে ধরতে হয়, কারণ অন্যরা একদমই সুবিধা করে উঠতে পারেননি। কোচ জেমি সিডন্স এই সফরের শুরু থেকেই বোলারদের ঝলসে ওঠার দাবি জানিয়ে আসছেন, কিন্তু তাতে সাড়া এখনো নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৫০ঘ.