ডাম্বুলা, শ্রীলঙ্কা, ১৯ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এমনিতেই কনুইয়ের চোটের জন্য ওয়ানডে সিরিজে শচীন টেন্ডুলকারের অনুপস্থিতি ভারতের জন্য বড় এক দুঃসংবাদ। এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই ভারতের জন্য আরেকটি বড় দুঃসংবাদ --- গোড়ালির চোটের কারণে বীরেন্দর শেবাগেরও ওয়ানডে সিরিজে খেলার সম্ভাবনা শেষ!
রোববার প্র্যাকটিসের সময় গোড়ালিতে চোট পাওয়ায় পর দিন প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি শেবাগ। মঙ্গলবার জানা গেছে পুরো সিরিজেই আর মাঠে নামতে পারবেন না তিনি। শ্রীলঙ্কার সঙ্গে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে একটি ডাবল সেঞ্চুরি সহ সর্বোচ্চ ৩৪৪ রান করা 'বীরু'কে তাই এক বুক হতাশা নিয়ে দেশে ফিরে যেতে হচ্ছে। তার বদলে অন্য কাউকে নেয়ার সিদ্ধান্ত এখনো নিতে পারেনি ভারত।
একে তো ওয়ানডে-ইতিহাসের সফলতম ব্যাটসম্যান টেন্ডুলকার নেই। তার ওপরে ফর্মে থাকা শেবাগকে হারিয়ে মহেন্দ্র সিং ধোনি ভীষণই মর্মাহত। তবে দুঃসংবাদটাকে দার্শনিকসুলভ দৃষ্টিভঙ্গি নিয়েই দেখতে চাইছেন ভারতের ওয়ানডে অধিনায়ক, "সে (শেবাগ) খুব ভালো ফর্মে ছিল। তবে ক্রিকেটে তো এমন হয়েই থাকে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮০৫ঘ.
bdnews24