ঢাকা, ১৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রয়াত ডেভিড হুকস বাংলাদেশের বিপক্ষে টেস্ট একদিনে শেষ করে দেওয়ার একটা তত্ত্ব দিয়েছিলেন স্টিভ ওয়ার দলকে। ২০০৩ সালে বাংলাদেশ দল অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে এটা নিয়ে একরকম হইচই-ই পড়ে গিয়েছিল। অধিনায়ক খালেদ মাহমুদকে এ বিষয়ে কতো যে প্রশ্নের উত্তর দিতে হয়েছে তখন। অথচ এবার অলিম্পিকের ডামাডোলে নীরবে-নিভৃতেই দেশ ছাড়ছে মোহাম্মদ আশরাফুলের দল। বেইজিংয়ের 'ওয়াটার কিউব'এর জল মাতানো মাইকেল ফেলপস আটটি সোনা জিততে পারবেন কিনা, এই নিয়ে জল্পনা-কল্পনার সময় বুধবার দিবাগত রাত দেড়টায় অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা টাইগারদের। ড্রাগন এয়ারলাইন্সের ফ্লাইটে হংকং এবং সিডনি হয়ে ডারউইনে পৌঁছাতে পৌঁছাতে ২৪ ঘন্টাই লেগে যাবে তাদের।
অধিনায়ক আশরাফুল আগেই বলেছেন, এই সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোটামুটি লড়াই করতে চান। কিটপ্লাই কাপ এবং এশিয়া কাপে বড় দলগুলোর বিপক্ষে অল্পবিস্তর লড়াইয়ের অভিজ্ঞতায় সেই স্বপ্ন দেখছেন তিনি। এক্ষেত্রে তাকে কিছুটা স্বপ্নবিলাসীও মনে হচ্ছে, কারণ দেশ ছাড়ার দিন সন্ধ্যায় বললেন, "যদি আমাদের কেউ একটা সেঞ্চুরি করে কিংবা দুই/তিনটা ফিফটি যদি হয় অথবা ৭০/৮০ রানের দুটো পার্টনারশিপ যদি গড়া যায়, তাহলে আমার মনে হয় একটা কিছু করা সম্ভব। ভালো রান করার পর বোলিংয়ে শুরুতে ব্রেক থ্রু পাওয়াও জরুরী।"
২০০৩ সালের সফরেও ডারউইনে খেলা ছিল বাংলাদেশের। সেই দলের আশরাফুল এখন অধিনায়ক। ডারউইনের উইকেট নিয়েও তাই তার একটা ধারণা আছে। সেই ধারণা থেকে তার বিশ্লেষণ, "ডারউইনের উইকেট অস্ট্রেলিয়ার অন্যান্য জায়গাগুলোর মতো নয়। মানে পার্থ, সিডনি কিংবা অ্যাডিলেডের মতো না। ডারউইনের আবহাওয়াও গরম, উইকেটও ফ্ল্যাটই হওয়ার কথা। সবমিলিয়ে আমাদের তেমন সমস্যা হওয়ার কথা নয়।" আর ব্যাটিংয়ে এশিয়া কাপের অভিজ্ঞতা কাজে লাগাবেন জানিয়ে বললেন, "এশিয়া কাপের প্রথম ম্যাচে আমি ধীরে-সুস্থে খেলে সেঞ্চুরি করেছিলাম। কিন্তু পরের ম্যাচগুলোতে আবার মেরে খেলতে গিয়ে আমি তাড়াতাড়ি আউট হয়ে গেছি। কাজেই এবার পরিস্থিতির দাবি অনুযায়ী খেলবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.
bdnews24