২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেই সারাভানামুত্তু স্টেডিয়ামেই শ্রীলঙ্কার সিরিজ জয়ের উৎসব

কলম্বোর পি. সারাভানামুত্তু স্টেডিয়ামের সঙ্গে শ্রীলঙ্কার অনেক সুখস্মৃতি জড়িয়ে। ১৯৮২ সালে এখানেই প্রথম টেস্ট খেলেছিল তারা। তার তিন বছর পর শ্রীলঙ্কানদের প্রথম টেস্ট জয়ের মধুর স্মৃতিও একই ভেন্যুতে। সেই সারাভানামুত্তুতেই ভারতের বিপক্ষে সিরিজ জয়ের উৎসবে মেতে উঠলো মাহেলা জয়াবর্ধনের দল। সোমবার তৃতীয় ও শেষ টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংস ২৬৮ রানে শেষ হওয়ায় শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল ১২২ রানের। শুরুতে হোঁচট খেলেও এই লক্ষ্যে পৌঁছাতে তেমন সমস্যা হয়নি স্বাগতিকদের। ৮ উইকেটের সহজ জয়ের পাশাপাশি সিরিজ জেতার আনন্দেও মেতে উঠেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 07:22 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

কলম্বো, ১১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলম্বোর পি. সারাভানামুত্তু স্টেডিয়ামের সঙ্গে শ্রীলঙ্কার অনেক সুখস্মৃতি জড়িয়ে। ১৯৮২ সালে এখানেই প্রথম টেস্ট খেলেছিল তারা। তার তিন বছর পর শ্রীলঙ্কানদের প্রথম টেস্ট জয়ের মধুর স্মৃতিও একই ভেন্যুতে। সেই সারাভানামুত্তুতেই ভারতের বিপক্ষে সিরিজ জয়ের উৎসবে মেতে উঠলো মাহেলা জয়াবর্ধনের দল। সোমবার তৃতীয় ও শেষ টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংস ২৬৮ রানে শেষ হওয়ায় শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল ১২২ রানের। শুরুতে হোঁচট খেলেও এই লক্ষ্যে পৌঁছাতে তেমন সমস্যা হয়নি স্বাগতিকদের। ৮ উইকেটের সহজ জয়ের পাশাপাশি সিরিজ জেতার আনন্দেও মেতে উঠেছে তারা। ৫ উইকেটে ১৬১ রান নিয়ে দিন শুরু করা ভারতকে সোমবার একটা স্বস্তিকর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ। আস্থার সঙ্গে খেলে ষষ্ঠ উইকেট জুটিতে ৮৫ রান যোগ করেছেন তারা। কিন্তু তারপরই আঘাত হেনেছেন অজন্তা মেন্ডিস। সিরিজের সফলতম বোলারের অফস্টাম্পের বাইরে পিচ পড়ে টার্ন করা এক বলে স্লিপে জয়াবর্ধনের হাতে ক্যাচ দিয়ে ফিরে আসতে হয়েছে দ্রাবিড়কে। ৬৮ রানের দৃঢ়তাপূর্ণ ইনিংসটা সাজানো ছিল ৬টি বাউন্ডারিতে। ভারতের স্কোর তখন ৬ উইকেটে ২১৬। দলীয় সংগ্রহে আর ১৩ রান যোগ হওয়ার পর অনিল কুম্বলেও আউট। মাত্র ৯ রান করে মুরালিধরনের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন ভারত অধিনায়ক। তার কিছুক্ষণ আগেই ফিফটি পূর্ণ করেছেন লক্ষ্মণ। ফিফটি করার পর অবশ্য একটা সুযোগ দিয়েছিলেন তিনি। কিন্তু মেন্ডিসের বলে শর্ট লেগে যাওয়া ক্যাচটা ধরতে পারেননি মালিন্দা ওয়ার্নাপুরা। মধ্যাহ্ন-বিরতির সময় ভারতের স্কোর ছিল ৭ উইকেটে ২৩৮ রান। সে সময় লক্ষ্মণ ৫০ ও হরভজন সিং ব্যাট করছিলেন ৯ রান নিয়ে। স্কোরটা ২৬৬তে পৌঁছানোর পর আঘাত হেনেছেন চামিন্ডা ভাস, ২৬ রান করা হরভজনকে এলবিডব্লু করে। শেষ দুই ব্যাটসম্যান জহির খান ও ইশান্ত শর্মা কোনো রানই করতে পারেননি। জহির হয়েছেন রান আউট, আর ইশান্ত মুরালির বলে ক্যাচ দিয়েছেন ওয়ার্নাপুরাকে। আর সেজন্যই ২ রানের মধ্যে শেষ ৩ উইকেট হারিয়ে ২৬৮ রানে অলআউট হয়ে গেছে ভারত। লক্ষ্মণ অপরাজিত ছিলেন ৬১ রানে। মেন্ডিস ও মুরালির শিকার ৩টি করে উইকেট। সব মিলিয়ে সিরিজে মেন্ডিসের উইকেটের সংখ্যা ২৬টি। অভিষেক সিরিজে কোনো বোলারের এটাই সর্বোচ্চ উইকেট। আগের রেকর্ডটা ছিল ইংল্যান্ডের ফাস্ট বোলার অ্যালেক বেডসারের। ১৯৪৬এ ভারতের বিপক্ষেই অভিষেক সিরিজে ২৪ উইকেট নিয়েছিলেন তিনি। ইশান্ত ইনজুরিতে পড়েছেন। তাছাড়া শ্রীলঙ্কার লক্ষ্যটাও তেমন কঠিন নয়। তাই একটা 'জুয়া' খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক অনিল কুম্বলে। নতুন বল তুলে দিয়েছিলেন অফস্পিনার হরভজনের হাতে। 'ভাজ্জি'ও অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে দেরি করেননি। ইনিংসের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারের চতুর্থ বলেই তিনি বোল্ড করে দেন মাইকেল ভ্যানডর্টকে (৮)। প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি করা কুমার সাঙ্গাকারাও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৪ রান করে জহিরের বলে গৌতম গম্ভীরের ক্যাচে পরিণত হয়েছেন তিনি। ২২ রানে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তখন বেশ চাপের মধ্যে। তবে ওয়ার্নাপুরা ও জয়াবর্ধনের দৃঢ়তায় জয়ের জন্য দুর্ভাবনায় পড়তে হয়নি তাদের। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১০১ রানের জুটি গড়ে দলকে সিরিজ জয়ের আনন্দে ভাসিয়েছেন তারা। টেস্টে চতুর্থ ফিফটি পাওয়া ওয়ার্নাপুরা অপরাজিত ছিলেন ৫৪ রানে। শ্রীলঙ্কার অধিনায়কের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫০ রান। অভিষেক সিরিজে অসাধারণ বোলিংয়ের পুরস্কার হিসাবে সিরিজ-সেরার পুরস্কার উঠেছে মেন্ডিসের হাতে। প্রথম ইনিংসে ১৪৪ রান করা সাঙ্গাকারা হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। সংক্ষিপ্ত স্কোর : ভারত প্রথম ইনিংস : ২৪৯ (গম্ভীর ৭২, শেবাগ ২১, দ্রাবিড় ১০, টেন্ডুলকার ৬, সৌরভ ৩৫, লক্ষ্মণ ২৫, প্যাটেল ১৩, কুম্বলে ১, হরভজন ৩, ইশান্ত ১৭*, জহির ৩২; ভাস ০/৪৪, প্রসাদ ৩/৮২, মেন্ডিস ৫/৫৬, মুরালিধরন ২/৫৮) শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৩৯৬ (ভ্যানডর্ট ১৪, ওয়ার্নাপুরা ৮, ভাস ৪৭, সাঙ্গাকারা ১৪৪, জয়াবর্ধনে ২, সামারাবীরা ৩৫, দিলশান ২৩, প্রসন্ন ৪৯, প্রসাদ ৩৬, মেন্ডিস ১৭, মুরালিধরন ০*; জহির ৩/১০৫, ইশান্ত ১/৩৩, হরভজন ৩/১০৪, কুম্বলে ৩/১২৩, শেবাগ ০/২, সৌরভ ০/১১) ভারত দ্বিতীয় ইনিংস : ২৬৮ (গম্ভীর ২৬, শেবাগ ৩৪, দ্রাবিড় ৬৮, সৌরভ ১৮, প্যাটেল ১, টেন্ডুলকার ১৪, লক্ষ্মণ ৬১*, কুম্বলে ৯, হরভজন ২৬, জহির ০, ইশান্ত ০ ; ভাস ১/২০, প্রসাদ ২/৬০, মুরালিধরন ৩/৯৯, মেন্ডিস ৩/৮১) শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস : ১২৩/২ (ভ্যানডর্ট ৮, ওয়ার্নাপুরা ৫৪*, সাঙ্গাকারা ৪, জয়াবর্ধনে ৫০*; জহির ১/২২, হরভজন ১/৪৪, কুম্বলে ০/৩৪, শেবাগ ০/১২, সৌরভ ০/৪) ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৩২ঘ.