ঢাকা, ১০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- নির্বাচকরা তার জন্য অপেক্ষা করেছেন একেবারে শেষমুহূর্ত পর্যন্ত। রোববার বিকেলে তারা দল ঘোষণা করেছেন। আর সেই দলে মুশফিকুর রহিমের থাকা না থাকার বিষয়টা ঝুলে ছিল এদিন সকাল পর্যন্ত। ফিটনেস পরীক্ষায় উতরাতে না পারায় শেষপর্যন্ত এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে ছাড়াই গড়া হয়েছে অস্ট্রেলিয়া সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল। তাতে উইকেটকিপার হিসেবে ফিরেছেন ধীমান ঘোষ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে ত্রিদেশীয় কিটপ্লাই কাপ ও এশিয়া কাপে খেলতে না পারা সাকিব আল হাসানও প্রত্যাশামতো দলে ফিরেছেন। আর ইংল্যান্ড সফরে বাংলাদেশ 'এ' দলের হয়ে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আবার দলে জায়গা হয়েছে পেসার নাজমুল হোসেনেরও।
পাকিস্তান এশিয়া কাপ খেলে আসা দলের তিনজন নেই অস্ট্রেলিয়াগামী দলে। ওপেনার নাজিমুদ্দিন ও বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেলদের ক্ষেত্রে খাটলেও 'বাদ পড়া' শব্দটা খাটছে না মুশফিকের ক্ষেত্রে। ইংল্যান্ড থেকেই কাঁধের ইনজুরি নিয়ে ফিরেছেন। এরপর তার জন্য অপেক্ষা বিফলে যাওয়ার খবরই সংবাদ সম্মেলনে শুনিয়েছেন প্রধান নির্বাচক রফিকুল আলম, "ব্যাটিং করতে কোনো সমস্যাই হচ্ছে না মুশফিকের। উইকেটকিপিংও ভালোমতোই করছে। কিন্তু বল থ্রো করতে সমস্যা হচ্ছে। আর আমরা যেহেতু অস্ট্রেলিয়ায় একজনই উইকেটকিপার নেব, তাই ধীমানকেই বেছে নেওয়া হয়েছে।" কিন্তু গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর সেভাবে নিজেকে মেলে ধরতে না পারা ধীমান বিবেচনায় এসেছেন, কারণ, "আগে ধীমান ভালোও করেনি, আবার খারাপও নয়। তবে 'এ' দলের হয়ে ইংল্যান্ড সফরে পারফর্ম করায় সুযোগ দেওয়া হল ওকে।"
এশিয়া কাপে টানা পাঁচ ম্যাচ খেলে তেমন কিছুই করতে পারেননি একটা ইনিংসে ৪৭ রান করা ছাড়া। ওপেনার নাজিমুদ্দিনের বাদ পড়া তাই অনুমিতই ছিল। অবশ্য রফিকুল এটাকে 'বাদ পড়া' বলতে চাইছেন না কিছুতেই, "ওকে সর্বোচ্চ সুযোগ দিয়ে দেখা হয়েছে। তাই নাজিমকে কিছুদিন বিশ্রামে রাখা প্রয়োজন বলে মনে হয়েছে আমাদের।" তবে এশিয়া কাপে একটাও ম্যাচ না খেলা শাহরিয়ার নাফীস টিকে গেছেন একারণে, "পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান নাফীস। তাছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তো বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যানই বলা যেতে পারে ওকে। টেস্টে সেঞ্চুরি আছে।" তামিম ইকবাল ও নাফীসের সঙ্গে এই দলে তৃতীয় ওপেনার বিবেচনা করা হচ্ছে মেহরাব হোসেন জুনিয়রকে।
ফরহাদ রেজাকে হিসাবে ধরলে এই দলে পেস বোলারের সংখ্যা পাঁচজন। এর কারণ ব্যাখ্যায় প্রধান নির্বাচক বললেন, "ওখানকার (ডারউইন) কন্ডিশন অনুযায়ী হয়তো প্রতিটা ম্যাচেই আমাদের তিনজন পেসার খেলাতে হতে পারে। এর আগে পাঁচটি প্রস্তুতি ম্যাচে সবাইকে দেখেও নেওয়া যাবে।"
১৪ আগস্ট অস্ট্রেলিয়া রওনা হয়ে যাচ্ছে বাংলাদেশ দল। ৩০ আগস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটার আগে পাঁচটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন মোহাম্মদ আশরাফুলরা। এই সফরে কী প্রত্যাশা করছেন তারা? দল ঘোষণার সংবাদ সম্মেলনের পরপরই কোচ জেমি সিডন্স বললেন, "অস্ট্রেলিয়া এখন র্যাঙ্কিংয়ের দুই নাম্বার, আর আমরা নয়। বিশাল একটা পার্থক্য তো আছেই। আমার মনে হয় খুব কঠিন এক সফরই হবে এটা। তবে ২০০৫ এ বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। আমার ধারণা এটা ওদের মাথায়ও (অস্ট্রেলিয়া) সবসময়ই থাকবে।"
আর অধিনায়ক আশরাফুলের ভাষ্য, "গত দুটো টুর্নামেন্টে (কিটপ্লাই কাপ ও এশিয়া কাপ) আমরা মোটামুটি লড়াই করেছি। অস্ট্রেলিয়ার সঙ্গেও লড়াই করার চেষ্টাই থাকবে আমাদের।"
১৫ জনের বাংলাদেশ দল : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা (সহ-অধিনায়ক), শাহরিয়ার নাফীস, তামিম ইকবাল, রকিবুল হাসান, সাকিব আল হাসান, অলক কাপালি, ধীমান ঘোষ, মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন, ফরহাদ রেজা, মেহরাব হোসেন জুনিয়র, নাজমুল হোসেন এবং ডলার মাহমুদ।
স্ট্যান্ডবাই : জুনায়েদ সিদ্দিকী, মুশফিকুর রহিম, নাজিমউদ্দিন, মোশাররফ হোসেন রুবেল এবং নাঈম ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/১৯৩৫ ঘ.
bdnews24