কলম্বো, ১০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রায়ান লারার রেকর্ডটা আরো কিছুদিনই তারই থাকছে। অন্তত আগামী অক্টোবর মাস পর্যন্ত। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেই এই রেকর্ডটা ভেঙে দেবেন শচীন টেন্ডুলকার, এমন একটা সম্ভাবনা ছিল বটে, কিন্তু পারলেন না তিনি। কলম্বো টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪ রান করে আউট হয়ে গেছেন শচীন, আর তার সঙ্গে ভারতের অন্যসব তারকা ব্যাটসম্যানরাও ব্যর্থতার মিছিলে যোগ দেওয়ায় ভারতকে এখন চোখ রাঙাচ্ছে পরাজয়। তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৬১ রান তুলেছে তারা প্রথম ইনিংসে ১৪৭ রানে পিছিয়ে থাকায় লিড মাত্র ১৪ রানের, উইকেটে আছেন শেষ দুজন স্পেশালিস্ট ব্যাটসম্যান।
লারাকে টপকে যেতে এই সিরিজে প্রয়োজন ছিল ১৭২ রানের, কিন্তু ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সিরিজগুলোর একটি খেলে টেন্ডুলকার তুলতে পেরেছেন মোটেই ৯৫ রান। সিরিজের শেষ ইনিংসে সেজন্য দরকার ছিল ৯১ রান, তারচেয়ে বেশি রানের প্রয়োজন ছিল দলের। সে কারণেই হয়তো ভারত অধিনায়ক অনিল কুম্বলে চাননি শেষ বিকেলের আলো-আঁধারিতে মুরালিধরন-অজন্তা মেন্ডিসদের সামনে তাকে দাঁড় করিয়ে দিতে। চা বিরতি শেষে মাঠে ফেরার একটু পরেই ধাম্মিকা প্রসাদের জোড়া আঘাতে ভারতের দুই ওপেনার ফিরে যাওয়ার পর তাই প্রথমে তাকে পাঠানো হয়নি চার নম্বরে, সেখানে নেমেছেন সৌরভ গাঙ্গুলী। তারপর পার্থিব প্যাটেলকে দিয়েও নাইটওয়াচম্যানের কাজটা করার চেষ্টা হয়েছে, সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পর নেমেছেন শচীন এবং নেমে তিনিও যোগ দিয়েছেন ওই মিছিলেই। এই সিরিজেই অভিষিক্ত ভারতের নতুন 'ঘাতক' অজন্তা মেন্ডিসের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ার পর আম্পায়ারের কাছে সেটা পুনর্বিবেচনার আবেদনও জানিয়েছিলেন তিনি, কিন্তু টিভি রিপ্লেতে দেখা গেছে আম্পায়ারের খালি চোখও ভুল করেনি!
এর আগে সৌরভ গাঙ্গুলীও (১৮) এভাবেই পরীক্ষা নিয়েছিলেন আম্পায়ারের, কিন্তু ফল হয়েছে একই। তার ক্ষেত্রে বোলার ছিলেন মুরালিধরন। মেন্ডিসের বলে এলবিডব্লুর শিকার হওয়া অন্য ব্যাটসম্যান পার্থিব প্যাটেলও (১) ভেবেছিলেন রিপ্লের আবেদন করার কথা, তবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে পরামর্শ করার পর সেটা মেনে নিয়েছেন তিনি। ভারতের সিরিজ বাঁচানোর স্বপ্ন এখন এই দ্রাবিড় (৪৭*) আর তার সঙ্গী ভেঙ্কটসাই লক্ষ্মণের (১৭*) কাঁধেই।
দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিংয়ের শুরুটা কিন্তু ভালোই হয়েছিল। সিরিজ জুড়েই ভালো খেলা দুই ওপেনারের কল্যাণে চা বিরতির আগে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান তুলেছিল সফরকারীরা। কিন্তু তৃতীয় সেশনের শুরুতেই পর পর দু ওভারে বীরেন্দর শেবাগ (৩৪) আর গৌতম গম্ভীরকে (২৬) ফিরিয়ে দিয়ে পরিস্থিতি পাল্টে দিয়েছেন প্রসাদ। গালিতে থিলন সামারাবীরার দুর্দান্ত ক্যাচের শিকার হয়েছেন শেবাগ, আর পুল করতে গিয়ে প্লেড অন হয়েছেন গম্ভীর।
এরআগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে বড় লিড এনে দিয়েছে কুমার সাঙ্গাকারার সেঞ্চুরি আর টেলএন্ডারদের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং। রোববার তৃতীয় দিনে তাদের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৯৬ রানে।
আগের দিনের ৬ উইকেটে ২৫১ রান নিয়ে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা প্রথম সেশনে মাত্র এক উইকেট হারিয়েছে। সেটা অবশ্য সেরা ব্যাটসম্যানেরই। ১৪৪ রান করে অনিল কুম্বলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন কুমার সাঙ্গাকারা। ৭ ঘন্টা ৪ মিনিট স্থায়ী, ২৮৮ বলের ইনিংসটিতে বাউন্ডারি ছিল ১৪টি। সাঙ্গাকারার সঙ্গে ৮০ রানের জুটি ভেঙ্গে গেলেও তা হতদ্যেম করতে পারেনি প্রসন্ন জয়াবর্ধনেকে। ৪৯ রান করে শ্রীলঙ্কার বড় লিডের ভিত্তি গড়ে দিয়েছেন তিনি। এরপর অভিষিক্ত দাম্মিকা প্রসাদ (৩৬) ও অজন্তা মেন্ডিসও (১৭) ব্যাট হাতে দৃঢ়তা দেখালে চার শ'র কাছাকাছি সংগ্রহ গড়তে পারে স্বাগতিকরা। তিনটি করে উইকেট নিয়েছেন জহির, হরভজন ও কুম্বলে।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত প্রথম ইনিংস : ২৪৯ (গম্ভীর ৭২, শেবাগ ২১, দ্রাবিড় ১০, টেন্ডুলকার ৬, সৌরভ ৩৫, লক্ষ্মণ ২৫, প্যাটেল ১৩, কুম্বলে ১, হরভজন ৩, ইশান্ত ১৭*, জহির ৩২; ভাস ০/৪৪, প্রসাদ ৩/৮২, মেন্ডিস ৫/৫৬, মুরালিধরন ২/৫৮)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৩৯৬ (ভ্যানডর্ট ১৪, ওয়ার্নাপুরা ৮, ভাস ৪৭, সাঙ্গাকারা ১৪৪, জয়াবর্ধনে ২, সামারাবীরা ৩৫, দিলশান ২৩, প্রসন্ন ৪৯, প্রসাদ ৩৬, মেন্ডিস ১৭, মুরালিধরন ০*; জহির ৩/১০৫, ইশান্ত ১/৩৩, হরভজন ৩/১০৪, কুম্বলে ৩/১২৩, শেবাগ ০/২, সৌরভ ০/১১)
ভারত দ্বিতীয় ইনিংস : ১৬১/৫ (শেবাগ ৩৪, গম্ভীর ২৬, সৌরভ ১৮, প্যাটেল ১, টেন্ডুলকার ১৪, দ্রাবিড় ৪৭*, লক্ষ্মণ ১৭* ; ভাস ০/১৮, প্রসাদ ২/৪৬, মুরালিধরন ১/৫৬, মেন্ডিস ২/৩৯)।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসএইচ/১৯৫২ঘ.
bdnews24