লন্ডন, ৯ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --ইংল্যান্ড অধিনায়ক হিসেবে অভিষেকটা স্মরণীয়ই করে রাখছেন কেভিন পিটারসেন। ওভাল টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৯৪ রানে অলআউট করে দেওয়ার পর শুক্রবার দ্বিতীয় দিনে ইংল্যান্ডকে ১২২ রানের লিড এনে দিয়েছেন তিনি, টেস্টে নিজের চতুর্দশ সেঞ্চুরি দিয়ে। ঠিক ১০০ রান করে আউট হয়েছেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই হার্ড হিটিং ব্যাটসম্যান, আর তার দল অলআউট হয়েছে ৩১৬ রান করে। দিনশেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৩৭ রান। ইংল্যান্ডের চেয়ে ৮৫ রানে পিছিয়ে আছে তারা। প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথকে (০) ইনিংসের পঞ্চম বলেই ফিরিয়ে দিয়েছেন জেমস অ্যান্ডারসন। হাশিম আমলা ২৬ ও নিল ম্যাকেঞ্জি ব্যাট করছেন ৯ রান নিয়ে।
আগের টেস্টেই সেঞ্চুরি করা পল কলিংউডের সঙ্গে চতুর্থ উইকেটে পিটারসেনের ১০৮ রানের জুটিটাই ইংল্যান্ডকে পথ দেখিয়েছে এগিয়ে যাওয়ার। সেঞ্চুরি পুরণ করার দ ুবল পরে মাখায়া এনটিনির আউটসুইঙ্গারে তৃতীয় স্লিপে দাঁড়ানো জ্যাক ক্যালিসের হাতে ধরা পড়ে পিটারসেনের বিদায়ে ভেঙ্গেছে এই জুটি। ১৩৭ বলের ইনিংসে ১৫টি বাউন্ডারি মেরেছেন ইংল্যান্ডের নতুন অধিনায়ক।
সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া কলিংউড শেষ পর্যন্ত করেছেন ৬১ রান। ১২৪ বলে ১০টি বাউন্ডারিতে সাজানো তার ইনিংসটাও শেষ হয়েছে ক্যালিসেরই ক্যাচ হয়ে, এই ক্ষেত্রে অবশ্য বোলারও ছিলেন ক্যালিসই।
এরপর নবম উইকেটে স্টিভ হার্মিসন আর জেমস অ্যান্ডারসনের ৫৩ রানের জুটি ইংল্যান্ডকে পার করে নিয়ে গেছে ৩০০ রানের মাইলফলক। বেচারা হার্মিসন, সঙ্গীর অভাবে শেষ পর্যন্ত ৪৯ রানে অপরাজিত রয়ে গেছেন তিনি। ৯৪ রানে ৫ উইকেট নিয়েছেন এনটিনি।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা : প্রথম ইনিংস ১৯৪ (স্মিথ ৪৬, ম্যাকেঞ্জি ১৭, আমলা ৩৬, ক্যালিস ২, প্রিন্স ৪, ডিভিলিয়ার্স ৩৯, বাউচার ৩, মরকেল ১৭, হ্যারিস ১৩*, নেল ৪, এনটিনি ৯; হার্মিসন ২/৪৯, অ্যান্ডারসন ৩/৪২, ফ্লিনটফ ১/৩৭, ব্রড ২/৬০, পানেসার ২/৪)
ইংল্যান্ড : প্রথম ইনিংস ৩১৬ (স্ট্রাউস ৬, কুক ৩৯, বেল ২৪, পিটারসেন ১০০, কলিংউড ৬১, ফ্লিনটফ ৯, অ্যামব্রোস ৪, ব্রড ১, হার্মিসন ৪৯*, অ্যান্ডারসন ১৩, পানেসার ০; মরকেল ০/৭৮, এনটিনি ৫/৯৪, নেল ০/৫৬, ক্যালিস ৩/৫১, হ্যারিস ১/৩৩)
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস : ৩৭/১ (স্মিথ ০, ম্যাকেঞ্জি ৯*, আমলা ২৬*; অ্যান্ডারসন ১/১১, হার্মিসন ০/১৩, ফ্লিনটফ ০/১১, পানেসার ০/০)।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএইচ/১৪১৮ঘ.
bdnews24