ঢাকা, ৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- কানাডা কাপ টোয়েন্টি টোয়েন্টি পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধ ছিল আরো দুটো একদিনের প্রস্তুতি ম্যাচ বাড়িয়ে দেওয়ার। তাতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সাড়া দিয়েছিল আগেই। এবার বাড়তি ম্যাচসহ ২৩ দিনের সফরের পুরো সূচীও চূড়ান্ত হয়ে গেছে। নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে রওনা হচ্ছে ১৪ আগস্ট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে সেখানে পাঁচটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে তাদের।
১৫ আগস্ট ডারউইনে পৌছার পর দু'দিনের বিশ্রাম ও প্র্যাকটিস। এরপর ১৮ আগস্ট গার্ডেন্স ওভালে প্রথম একদিনের প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টস (এআইএস)। ২০, ২৩ ও ২৫ আগস্ট একই ভেন্যুতে পরের তিনটি ম্যাচেও প্রতিপক্ষ সেই এআইএসই। ২৭ আগস্ট পঞ্চম ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নর্দার্ন টেরিটরি চিফ মিনিস্টারস একাদশের।
প্রতিটি প্রস্তুতি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায়। আর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে আরেকটু আগে, ভোর ছয়টায়। ৩০ আগস্ট ডারউইনের টিআইও স্টেডিয়ামে প্রথম ওয়ানডে। ৩ ও ৬ সেপ্টেম্বর পরের দুটো ম্যাচও সেখানেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২১৩৯ ঘ.
bdnews24