ঢাকা, ৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- কিছুদিন হয় নির্বাচনের ব্যাপারে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কার্যনির্বাহী কমিটি। তাদের তরফ থেকে গঠনতন্ত্রে কিছু সংশোধনী প্রস্তাবও থাকবে। আর সেসব প্রস্তাবনায় কাউন্সিলরদের সম্মতি আছে কী নেই জানতে শিগগিরই জরুরী সাধারণ সভা (ইজিএম) ডাকা হচ্ছে। মঙ্গলবার রাতে হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে ২০০৭-০৮ মৌসুমের ইস্পাহানী মির্জাপুর চা নবম জাতীয় লিগ এবং প্রিমিয়ার লিগের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এমনই জানিয়েছেন বিসিবি সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালী।
৩০ দিন সময় নিয়ে জরুরী সভা ডাকার গঠনতান্ত্রিক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে বিসিবি সভাপতি বলেছেন, "যতো দ্রুত সম্ভব আমরা জরুরী সাধারণ সভা ডাকবো। গঠনতান্ত্রিকভাবেই তা ডাকার বিষয়টা এখন প্রক্রিয়াধীন।" বেশ কিছূদিন ধরেই বিসিবির কার্যনির্বাহী কমিটির কলেবর কমিয়ে আনার একটা দাবি শোনা যাচ্ছে। মানে কার্যনির্বাহী কমিটির সদস্যসংখ্যা ৩১ থেকে অনেক কমিয়ে আনা। অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সংশোধনী প্রস্তাবনায় এটিও যে থাকছে, তা বোঝা গেল বিসিবি সভাপতির কথায়, "ক্রিকেটকে যারা ভালোবাসেন, তাদের কাছ থেকে এরকম প্রস্তাবই এসেছে।" কিন্তু যেকোনো সংশোধনী প্রস্তাব অনুমোদন করার অধিকার কেবল কাউন্সিলরদেরই বলেও মনে করেন তিনি, "আমাদের পক্ষ থেকে প্রস্তাব তো থাকবেই। কিন্তু সেসব অনুমোদন করার ক্ষমতা শুধুই কাউন্সিলরদের। তারা অনুমোদন করলে অনুমোদিত। খারিজ করলে খারিজ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/২৩১৫ঘ.
bdnews24