গল, শ্রীলঙ্কা, ২ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গল আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ কিউরেটরের দাবী, তৃতীয় দিন থেকে স্পিনাররা দারুণ সাহায্য পাবেন সেখানে। দাবীটা যে অমূলক ছিল না তা গল টেস্টের তৃতীয় দিনের খেলাতেই প্রমাণিত। সারা দিনে যে ৯ উইকেট পড়েছে তার ৭টিই স্পিনারদের শিকার। শ্রীলঙ্কার প্রথম ইনিংস ২৯২ রানে শেষ করে দিয়ে ৩৭ রানের লিড নেয়া ভারত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনশেষে বেশ সুবিধাজনক অবস্থানে। দিনশেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ২০০ রান। সব মিলিয়ে 'টিম ইন্ডিয়া' ২৩৭ রানে এগিয়ে, হাতে আছে ৬ উইকেট।
প্রথম ইনিংসে অপরাজিত ২০১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলা বীরেন্দর শেবাগ শনিবারও শুরু থেকে ছিলেন দারুণ আক্রমণাত্মক। ৬টি বাউন্ডারি ও মুরালিধরনকে ডিপ স্কয়ার লেগ দিয়ে বিশাল এক ছক্কা হাঁকিয়ে ৪৯ বলেই ফিফটিতে পৌঁছে যান 'বীরু'। কিন্তু ঠিক ৫০ রান করে চামিন্ডা ভাসের বলে কাভারে দিলশানের হাতে ধরা পড়েন তিনি। গৌতম গম্ভীরের সঙ্গে শেবাগের উদ্বোধনী জুটির অবদান ৯০ রান।
ম্যাচে দ্বিতীয় ফিফটি পাওয়া গম্ভীর ভালো মতোই এগোচ্ছিলেন। কিন্তু ৭৪ রান করে অজন্তা মেন্ডিসের এক অফব্রেকে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে যান তিনি। সেই সঙ্গে ভেঙ্গে যায় রাহুল দ্রাবিড়ের সঙ্গে তার ৫৪ রানের জুটি। টেস্টে ব্রায়ান লারার সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙ্গার স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়া শচীন টেন্ডুলকার শুরু করেছেন দুর্দান্তভাবে। মুখোমুখি হওয়া পঞ্চম বলে মেন্ডিসকে বাউন্ডারি মেরে বড় কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন 'লিটল জিনিয়াস'। প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া মেন্ডিসকে পর পর দুই বলে চার মেরে আক্রমণ থেকে সরিয়েও দিয়েছিলেন। কিন্তু উচ্চাভিলাষী শট খেলার মাশুল দিতে হয়েছে 'এ যুগের ডন'কে। ভাসের অফস্টাম্পের বাইরের একটি বল ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে দাঁড়ানো মাহেলা জয়াবর্ধনের হাতে ক্যাচ তুলে দিয়েছেন ৫টি বাউন্ডারিতে ৩১ রান করা টেন্ডুলকার। যার অর্থ লারার রেকর্ড ভাঙ্গতে হলে শেষ টেস্টে আরো ৯৬ রান করতে হবে তাকে।
দ্রাবিড়-টেন্ডুলকারের ৫৬ রানের জুটি ভেঙ্গে যাওয়ার ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরেকটি আঘাত। আগের তিন ইনিংসে ব্যর্থ দ্রাবিড় (৪৪) মুরালিধরনের বলে এলডিব্লু! দলীয় ২০০ রানে দুই উইকেট হারানোর জন্যই দিনটা হাসিমুখে শেষ করতে পারেনি ভারত। আলোক স্বল্পতায় আগেই খেলা শেষ হওয়ার সময় সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণ রানের খাতা খুলতে পারেননি। লক্ষ্মণ অবশ্য কোনো বল খেলারই সুযোগ পাননি।
দিনের প্রথম সেশনে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন অনিল কুম্বলে। সিরিজ বাঁচানোর স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে শেবাগ-হরভজনের পর ভারত অধিনায়ক রেখেছেন সবচেয়ে বড় অবদান। আগের দিন উইকেট না পেলেও শনিবার সকালের সেশনে তিন উইকেট শিকার করে শ্রীলঙ্কার ইনিংসটা মুড়ে দিয়েছেন তিনি। এর মধ্যে ছিল তার প্রতিপক্ষ মাহেলা জয়াবর্ধনের উইকেটটিও, আগের দিনশেষে ৪৬ রানে অপরাজিত শ্রীলঙ্কার অধিনায়ক শেষ পর্যন্ত করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান।
শুরুটা অবশ্য করেছিলেন হরভজনই। ৫ উইকেটে ২১৫ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা প্রথম ঘণ্টাটা নিরাপদেই কাটিয়ে দেওয়ার পর প্রসন্ন জয়াবর্ধনেকে (২৪) লক্ষ্মণের ক্যাচ বানিয়ে। পরের ওভারেই ভাসকে ফিরিয়ে দিয়ে নিজের উইকেটের খাতা খুলেছেন কুম্বলে। তারপর এক বলের ব্যবধানে মাহেলা জয়াবর্ধনে আর অজন্তা মেন্ডিসকে ফিরিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। আর মুরালিধরনকে ফিরিয়ে দিয়ে হরভজন তার শিকার সংখ্যা নিয়ে গেছেন ছয়-এ। এ জন্য সব মিলিয়ে তার খরচ হয়েছে ১০২ রান।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এএআর/১৯০১ঘ.
bdnews24