ডারহ্যাম, ইংল্যান্ড, ২ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রকিবুল হাসানের চমৎকার এক সেঞ্চুরির সুবাদে এমসিসিকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ 'এ'। শুক্রবার ইংল্যান্ডের ডারহ্যাম বিশ্ববিদ্যালয় মাঠে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৫ রান করেছিল তারা। জবাবে ৪০.৪ ওভারে ১৯৫ রানে অলআউট হয়ে যায় এমসিসি।
রকিবুলের ১২৪ বলে অপরাজিত ১১২ রানের দুর্দান্ত ইনিংসটা গড়ে উঠেছে ৮ বাউন্ডারি ও এক ছক্কায়। প্রতিপক্ষকে 'এ' দলের ২৭৬ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার পেছনে সাকিব আল হাসানের ৫৪ বলে ৪১ আর ধীমান ঘোষের ঝড়ো ফিফটিরও (৪০ বলে ৪ বাউন্ডারি ও দুই ছক্কায় ৫৫) গুরুত্বপূর্ণ অবদান ছিল। জবাব দিতে নেমে ডলার মাহমুদ ও রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই ধুঁকতে থাকে এমসিসি। ৪৭ রানে ৫ উইকেট নিয়েছেন ডলার, ৩৬ রানের বিনিময়ে রুবেলের শিকার ৩ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে একটি টেস্ট ও ৫৪ টি ওয়ানডে খেলা স্টুয়ার্ট ল (৬৫) ও কুনাল যোগিয়া (৫১) ফিফটি করলেও দু শ' রানেও পৌঁছাতে পারেনি এমসিসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এএআর/১৬৩০ঘ.
bdnews24