লন্ডন, ১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার সেই সুদিন আর নেই --- কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজ ফাইনালে ভারতের কাছে টানা দুবার হারার পর আবার মনে হয়েছিল রিকি পন্টিংয়ের দল সম্পর্কে এই ধারাণাটা একদম ঠিক। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং কিন্তু একেবারেই তা বলছে না। বৃহস্পতিবার প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী তাই শীর্ষে এখনো অস্ট্রেলিয়া (১৩০ পয়েন্ট)। অবশ্য তাদের চেয়ে মাত্র দু' পয়েন্ট পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা (১২৮)। ষষ্ঠ আর সপ্তম স্থানের ওলট-পালট বাদ দিলে বাকি জায়গাগুলোয় কোনো পরিবর্তন নেই, অর্থাৎ আগের মতোই নিউজিল্যান্ড (১১৬) রয়ে গেছে তৃতীয় স্থানে। এছাড়া ভারত (১১২), পাকিস্তান (১১০), ওয়েস্ট ইন্ডিজ (৯৫), বাংলাদেশ (৪৬), আয়ারল্যান্ড (১৮), জিম্বাবুয়ে (১৬) আর কেনিয়া (০) রয়েছে যথাক্রমে চতুর্থ, পঞ্চম, অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ স্থানে। সপ্তম থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ইংল্যান্ড, আর এশিয়া কাপ জেতার কয়েক দিনের মধ্যেই ষষ্ঠ থেকে সপ্তমে নেমে গেছে শ্রীলঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/ ১৯২০ ঘ.
bdnews24