গল, শ্রীলঙ্কা, ১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১২৮ রান নিয়ে গল টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছিলেন বীরেন্দর শেবাগ। সে অবস্থায় একটাই আশা ছিল -- তার হাত ধরে ভারত চারশ ছাড়াবে। দলের প্রয়োজনে আরেকবার ঠিকই বড় ইনিংস খেলেছেন 'বীরু', তবে তার ২৩১ বলে ২২টি চার আর ৪টি ছক্কায় অপরাজিত ২০১ রানের পরও প্রথম ইনিংসটাকে খুব বড় করতে পারেনি অনিল কুম্বলের দল। না পারার কারণ অজন্তা মেন্ডিস। শ্রীলঙ্কার এই নতুন বোলিং সেনসেশন ১১৭ রানে ৬ উইকেট নিয়ে ৩২৯ রানেই শেষ করে দেন তাদের। জবাবে শ্রীলঙ্কাও যে খুব সুবিধায় আছে তা নয়। ওয়ার্নাপুরা (৬৬) আর সাঙ্গাকারার (৬৮) ফিফটির পরও ১৯২ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। ৭১ রানে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের আতঙ্ক হয়ে উঠেছিলেন হরভজন সিং। পরে অবশ্য প্রসন্ন জয়াবর্ধনেকে (১২*) নিয়ে বিপদ আর বাড়তে দেননি শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে (৪৬)। ফলে ৫ উইকেটে ২১৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে স্বাগতিকরা।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/ ১৮২১ ঘ.
bdnews24