২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রাগ টেস্টে পাকিস্তানের কেউ পজিটিভ হয়নি

খবরটা পাকিস্তানের জন্য দারুণ স্বস্তিদায়ক। শোয়েব আখতারের জন্য তো বটেই। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলের যে ২৬ জনের ড্রাগ টেস্ট করানো হয়েছে তাদের কেউই পজিটিভ হননি। এর মধ্যে আছেন ড্রাগ টেস্টে পজিটিভ হয়ে দু বছর আগের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারা শোয়েবও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 08:48 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

লাহোর, ৩১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খবরটা পাকিস্তানের জন্য দারুণ স্বস্তিদায়ক। শোয়েব আখতারের জন্য তো বটেই। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলের যে ২৬ জনের ড্রাগ টেস্ট করানো হয়েছে তাদের কেউই পজিটিভ হননি। এর মধ্যে আছেন ড্রাগ টেস্টে পজিটিভ হয়ে দু বছর আগের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারা শোয়েবও। ডোপিংয়ের কলঙ্কে বেশ কিছু দিন ধরেই পাকিস্তানের ক্রিকেট জর্জরিত। কয়েক দিন আগে ভারতীয় ক্রিকেট লিগ বা আইপিএল কর্তৃপক্ষের করা এক ড্রাগ টেস্টে মোহাম্মদ আসিফের ফেঁসে যাওয়ার দুঃসংবাদ একেবারে হতভম্ব করে দিয়েছে দেশটির ক্রিকেটাঙ্গনকে। খবরটা শুনে আর দেরি করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), প্রায় সঙ্গে সঙ্গেই সাসপেন্ড করেছে আসিফকে। সেই সঙ্গে আর কোনো অনাকাক্সিক্ষত ঘটনা এড়ানোর লক্ষ্যে গত বারের মতো এবারো নিজেদের উদ্যোগে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের ড্রাগ টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। গত ১৯ জুলাই বিশ্ব ডোপিং বিরোধী সংস্থার (ওয়াডা) অনুমোদিত কর্মকতাদের উপস্থিতিতে ড্রাগ টেস্ট করানো হয় প্রাথমিক দলে সুযোগ পাওয়া ২৬ জনের। এর পর মালয়েশিয়ার পেনাংয়ে ওয়াডা অনুমোদিত একটি ডোপিং নিয়ন্ত্রণ কেন্দ্রে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয় নমুনা। সেখান থেকেই এসেছে সবার নেগেটিভ হওয়ার সুখবর। ইউনিস খান সহ চার জন সে সময় লাহোরের বাইরে থাকায় পরে তাদের ড্রাগ টেস্ট করানো হবে। ২৬ জনের প্রত্যেকের নেগেটিভ হওয়ার সুখবর পেয়ে স্বাভাবিকভাবেই পাকিস্তানের ক্রিকেট কর্মকর্তারা দারুণ আনন্দিত, নির্ভার। পিসিবির চিফ অপারেটিং অফিসার শাফকাত নাগমির কণ্ঠে সেই আনন্দই ফুটে উঠলো সবার আগে, "চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলের ৩০ জনের মধ্যে ২৬ জনের (ড্রাগ) টেস্ট করানো হয়েছিল। এবং আমি বলতে পারি প্রত্যেকটা টেস্ট নেগেটিভ হওয়া দারুণ স্বস্তিদায়ক ঘটনা।" গত ১৪ জুলাই প্রাথমিক দল ঘোষণার সময় পিসিবি জানিয়েছিল পজিটিভ হওয়া কোনো ক্রিকেটার চূড়ান্ত দলে সুযোগ পাবেন না। এই পরীক্ষায় পাশ করায় শোয়েবের জাতীয় দলে ফেরায় আর কোনো বাধা রইলো না। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪৪৫ঘ.