ঢাকা, ২৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তার বাম হাটুর ওপর দিয়ে একাধিকবার অস্ত্রোপচারের ধকল গেছে। সোমবার সেই হাঁটুতেই ব্যথা অনুভব করছেন বলে অভিযোগ জানানোর পর থেকেই মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে দুঃশ্চিন্তার শুরু। তবে পরীক্ষা-নিরীক্ষার পর সেই ব্যথা গুরুতর কিছু নয় বলেই নিশ্চিত হওয়া গেছে। পাঁচ-ছয়দিনের বিশ্রামেই সব ঠিক হয়ে যাবে বলেও আশা করা হচ্ছে। তাই দলের মূল এই স্ট্রাইক বোলারকে নিয়ে এখন স্বস্তির নিঃশ্বাসই ফেলতে পারছে বাংলাদেশ শিবির।
অভিযোগ জানানোর পর জরুরীভিত্তিতে মাশরাফিকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। সেখানে এমআরআই পরীক্ষার ফল হাতে পাওয়ার পর জাতীয় দলের অপারেশন্স ম্যানেজার শফিকুল হক হীরা নিশ্চিন্তেই জানাতে পারছেন, "এটা আমাদের জন্য দারুণ এক স্বস্তির খবর। মাশরাফির এই ব্যথাটা গুরুতর হলে অনেক বড় এক ধাক্কাই খেত দল।" সেই সঙ্গে তিনি আরো যোগ করে দিয়েছেন, "এখন আর দুঃশ্চিন্তার কিছু নেই। আশা করছি, পাঁচ-ছয়দিনের মধ্যেই ও আবার বোলিং শুরু করতে পারবে। হাটুর কিছু নির্দিষ্ট ব্যয়াম আছে। বোলিং শুরুর আগে ওকে জিমনেশিয়ামে গিয়ে ওই ব্যয়ামগুলো করতে হবে।"
হাটুর ব্যথার জন্য মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের ২৫ ওভারের ওয়ার্ম আপ ম্যাচটিতেও খেলেননি মাশরাফি। তবে কানাডায় চার জাতির টোয়েন্টি টোয়েন্টি স্থগিত হয়ে যাওয়ায় এখন অস্ট্রেলিয়ার সফরের জন্যই প্রস্তুত হচ্ছে মোহাম্মদ আশরাফুলের দল। একারণেই আগেভাগে অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার সম্ভাবনাও জেগেছে। ম্যানেজার সেরকমই আভাস দিয়েছেন, "আমরা হয়তো আরো আগেই অস্ট্রেলিয়ায় চলে যেতে পারি।" ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা আছে বাংলাদেশের। সবগুলো ম্যাচই হবে ডারউইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০৫ঘ.
bdnews24