ঢাকা, ২৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এই টুর্নামেন্টে খেলার জন্য অস্ট্রেলিয়া সফরসূচী থেকে একমাত্র চারদিনের ম্যাচই ছেঁটে ফেলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাড়ে তিন লাখ ডলারের সম্ভাব্য আয়ের কথা ভেবে এটা করা হলেও আপাতত কানাডা যাওয়া হচ্ছে না বাংলাদেশ দলের। কারণ আয়োজক পাকিস্তানভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা স্পোর্টস ইন্টারন্যাশনাল মার্কেটিং (সিম) অক্টোবর পর্যন্ত টুর্নামেন্টটি স্থগিত করেছে। সোমবার রাতে তারা এক ই-মেইল বার্তায় বিসিবিকে টুর্নামেন্ট স্থগিত করার কথা জানিয়েছে।
১৪-১৭ আগস্ট নির্ধারিত কানাডা কাপে খেলার জন্য ১১ আগস্ট টরেন্টোর উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল মোহাম্মদ আশরাফুলদের। এই টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায় এখন অস্ট্রেলিয়া সফরেই মনোনিবেশ করতে হবে তাদের। কেন স্থগিত করা হল- এবিষয়ে কিছু অবশ্য উল্লেখ করা হয়নি বিসিবি প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে বিসিবিরই একটি সূত্র থেকে জানা গেছে, ওয়েষ্ট ইন্ডিজের সঙ্গে আয়োজকদের বনিবনা না হওয়াতেই কানাডা কাপের ভাগ্য অনিশ্চিত হয়ে গেল। বাংলাদেশ, ওয়েষ্ট ইন্ডিজ ছাড়াও কানাডা কাপে পাকিস্তান এবং স্বাগতিক কানাডারও অংশ নেওয়ার কথা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/২২০০ঘ.
bdnews24