করাচি, ২৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সর্বশেষ আশঙ্কাটাকে তেমন একটা পাত্তা দেননি নাসিম আশরাফ। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে না-ও আসতে পারেন, এমন এক খবরে পিসিবি চেয়ারম্যানের দুশ্চিন্তাহীন প্রতিক্রিয়া, "কয়েকজন খেলোয়াড় যদি না আসে তাহলে (চ্যাম্পিয়ন্স ট্রফির) খুব একটা ক্ষতি হবে না। এমন বড় একটা আসর মিস করলে তো তাদেরই ক্ষতি।" নিজের এ মতকে প্রতিষ্ঠিত করতে রোববার টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে করিয়ে দেন নাসিম আশরাফ, " এ ক্ষেত্রে আমরা গত বছর দক্ষিণ আফ্রিকায় হয়ে যাওয়া টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের কথা স্মরণ করতে পারি। সেখানে খুব বড় বড় কিছু তারকা অংশ নেননি, টুর্নামেন্ট কিন্তু তারপরও খুব সফলভাবেই শেষ হয়েছিল।"
সত্যিই তাই। বিশেষ করে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়দের ছাড়া ভারতীয় দল যে চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরেছিল সে কথা কি এত তাড়াতাড়ি কেউ ভুলতে পারবেন? সেই দৃষ্টান্ত দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডকে শেষ পর্যন্ত দ্বিতীয় সারির দল পাঠানোয় উদ্বুদ্ধ করতেই পারে।
এ আশঙ্কা দেখা দিয়েছে শুক্রবার অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন তাদের ক্রিকেটারদের সেপ্টেম্বরে পাকিস্তান না যাবার পরামর্শ দেয়ার পর। সেদিন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়ে দেয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার ব্যাপারটি ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করবে তারা।
এর ঠিক একদিন আগে, বৃহস্পতিবার আইসিসি এক টেলিকনফারেন্সের মাধ্যমে টুর্নামেন্টের সম্ভাব্য অংশগ্রহনকারী ৮টি দলের প্রতিনিধিদের মতামত জেনে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে পাকিস্তানের নামই চূড়ান্তভাবে ঘোষণা করে। মনে হচ্ছিল আইসিসির এ ঘোষণার পর টুর্নামেন্ট নিয়ে সমস্ত শঙ্কার অবসান হবে। কিন্তু অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এবং ইসিবি'র পদক্ষেপে ফল হয় উল্টো। ওই তিন দেশের কয়েকজন ক্রিকেটার পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে দুশ্চিন্তা প্রকাশ করেন। সে অবস্থায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর নিউজিল্যান্ড অংশ নিলেও শেষ পর্যন্ত দ্বিতীয় সারির দল পাঠিয়ে স্রেফ নিয়ম রক্ষা করবে -- এমন আশঙ্কা সত্যি হওয়াটা প্রায় অনিবার্য হয়ে ওঠে। কেননা শুক্রবার এক বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী হারুন লোরগাত জানিয়ে দেন কাউকে টুর্নামেন্টে অংশ নিতে বাধ্য করার ক্ষমতা তাদের নেই, " আমরা বড়জোর নিরাপত্তা নিশ্চিত করতে যেসব ব্যাবস্থা নেয়া হচ্ছে সেগুলো সম্পর্কে তাদের (ক্রিকেটার) আস্থাশীল করার চেষ্টা করতে পারি এবং তার ভিত্তিতে আশা করতে পারি যে শেষ পর্যন্ত তারা অংশ নেবেন।" ওভাবে আইসিসি নিজেদের অসহায়ত্ব প্রকাশ করলেও পিসিবি কয়েকজন বড় তারকার অংশ নেয়া-না নেয়াকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। নাসিম আশরাফের কথায় অন্তত সেরকমই আভাষ।
ক্রিকইনফো'র সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৫৪৫ ঘ.
bdnews24