লন্ডন, ২৬ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় টেস্টে হেরে যাওয়ায় ইংল্যান্ড এখন ভীষণ সঙ্কটের মধ্যে। সেই সঙ্কট থেকে মুক্তির আশায় ফাস্ট বোলার স্টিভ হার্মিসনকে তৃতীয় টেস্টের দলে নিয়েছে ইংলিশরা। আগামী বুধবার থেকে এজবাস্টনে শুরু হতে যাওয়া এই টেস্টে নেয়া হয়েছে রায়ান সাইডবটমকেও। পিঠের চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি এই বাঁহাতি পেসার।
হার্মিসন-সাইডবটম যোগ দেয়ায় ১৩ সদস্যের দল থেকে বাদ পড়েছেন দুই পেসার ড্যারেন প্যাটিনসন ও ক্রিস ট্রেমলেট। হেডিংলিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছিল প্যাটিনসনের। তবে তা নিয়ে বিতর্কও কম হয়নি। ইংল্যান্ড অধিনায়ক ও কোচকে সেজন্য কড়া সমালোচনাও সইতে হয়েছে বৃটিশ মিডিয়ার। হেডিংলিতে মাত্র দুই উইকেট পাওয়ায় প্যাটিনসনও নির্বাচকদের মন গলাতে পারেননি। তবে প্রথম টেস্টে অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে সুযোগ না পাওয়া পল কলিংউডকে ১৩ জনের দল থেকে বাদ দেননি নির্বাচকরা।
গত ফেব্র"য়ারি-মার্চে ইংল্যান্ডের নিউজিল্যান্ড সফরটা মোটেও ভালো কাটেনি হার্মিসনের। অবশ্য একটির বেশি টেস্ট খেলারও সুযোগ পাননি তিনি। হ্যামিল্টনে অনুষ্ঠিত সেই টেস্টে তার শিকার সংখ্যা ছিল মাত্র একটি। সেই ব্যর্থতার কারণে পরের দুই টেস্টে হার্মিসনকে দলেই রাখেনি ইংল্যান্ড। প্রথমটা হেরে গেলেও পরের দুই টেস্ট জিতে তিন বছর পর দেশের বাইরে টেস্ট সিরিজ জয়ের মধুর স্বাদ পাওয়া ইংলিশরা যেন ভুলেই গিয়েছিল তার কথা। দক্ষিণ আফ্রিকার সঙ্গে চলমান চার টেস্টের সিরিজের প্রথম দুটোতে হার্মিসনকে না রাখাতেই তা অনেকখানি প্রমাণিত।
কিন্তু এ মৌসুমে ইংলিশ কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নির্বাচকদের আবার তার কথা মনে করাতে যেন বাধ্যই করলেন ৫৭ টেস্টে ২১২ উইকেট নেয়া দীর্ঘদেহী এই ফাস্ট বোলার। কাউন্টির প্রথম বিভাগে ডারহ্যামের পক্ষে ২২.৮২ গড়ে তার উইকেট সংখ্যা ৪১টি, এ মুহূর্তে সর্বোচ্চ উইকেটও হার্মিসনেরই দখলে। এমন দারুণ পারফরম্যান্সের জন্যই ইংলিশ নির্বাচকরা তাকে আর উপেক্ষা করতে পারেননি। ইংল্যান্ডের প্রধান নির্বাচক জিওফ মিলারের কথায় তারই আভাস, "এ বছর ডারহ্যামের পক্ষে স্টিভ (হার্মিসন) খুব ভালো বল করেছে। (ইংল্যান্ড) দলে তার জায়গা পাওয়াটা প্রাপ্যই। দলে তার অন্তর্ভুক্তি এজবাস্টনে আমাদের বোলিং আক্রমণে আরেকটা বিকল্পের সন্ধান দেবে। আশা করি এটা স্টিভের কাছে পুনর্জন্মের মতোই মনে হবে। কারণ বল তো এখন তারই কোর্টে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯১০ঘ.
bdnews24