ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- কিছুদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম এ লতিফ। এবার সাবেক জাতীয় ক্রিকেটার ইশতিয়াক আহমেদও তার পদাঙ্ক অনুসরণ করেছেন। পেশাগত ব্যস্ততার কারণে ক্রিকেটকে পর্যাপ্ত সময় দিতে না পারাই বিসিবির অ্যাডহক কার্যনির্বাহী কমিটি থেকে তার আকস্মিক পদত্যাগের কারণ বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- কে জানিয়েছেন ইশতিয়াক আহমেদ। মঙ্গলবার বিসিবি সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালী এবং জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।
ইশতিয়াক পেশায় একজন ব্যাংকার। এনসিসি (ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক) ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এই সাবেক ক্রিকেটার ব্যাংকটির বনানী শাখার দায়িত্বেও আছেন। বুধবার সকাল থেকে বারবার চেষ্টা করেও মোবাইলে ধরতে ব্যর্থ হওয়ার পর তাকে পাওয়া যায় এনসিসি ব্যাংকের বনানী শাখার ফোনে, "বিসিবিতে যতোটা সময় দেওয়া প্রয়োজন, গত বেশ কিছুদিন ধরেই আমি তা দিতে পারছিলাম না। আমার পেশাগত ব্যস্ততার জন্য বোর্ডের কাজও ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে মনে হয়েছে আমার। কখনো কখনো এমনও মনে হয়েছে যে আমি বোর্ডের প্রতি বোধহয় অবিচারই করছি। এ কারণেই সরে দাঁড়ালাম।"
বিসিবির অ্যাডহক কার্যনির্বাহী কমিটির বেশ কিছু স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন ইশতিয়াক। গেম ডেভলপমেন্ট এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির ভাইস চেয়ারম্যান ইশতিয়াকের কাঁধে গত ১৬ জুলাইয়ের বোর্ড সভায় নতুন কিছু দায়িত্বও দেওয়া হয়েছিল। লতিফের পদত্যাগের প্রেক্ষিতে শূন্য হয়ে পড়া ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যানের পদটা দেওয়া হয়েছিল তাকেই।
অবশ্য বিসিবি থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে তার বেশ কষ্ট হয়েছে বলেও জানালেন ইশতিয়াক, "আমি বরাবরই বলে এসেছি এখনকার বিসিবিতে দারুণ একটা টিম কাজ করছে। সেই টিমে থাকা আমার জন্যও অনেক বড় সন্মানের বিষয় ছিল। পদত্যাগ করার পর তাই এখনও দুঃখ হচ্ছে। কিন্তু বিসিবির কাজ একইসঙ্গে মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। আমার পেশাগত ব্যস্ততার জন্য সেসব কাজে পুরো মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছিল না।"
যদিও আরো আগেই ইশতিয়াকের পদত্যাগের গুঞ্জন শোনা গিয়েছিল ক্রিকেটাঙ্গনে। নির্দিষ্ট করে বললে লতিফ পদত্যাগ করার পরপরই। গঠনতন্ত্র পর্যালোচনার জন্য বিসিবি যে তিন সদস্যের কমিটি গড়েছিল তাতে ইশতিয়াকও ছিলেন। নাইকো দুর্নীতি মামলায় জেলে যাওয়ায় গঠনতন্ত্র নিয়ে কাজ করা সম্ভব ছিল না সেলিম ভূইয়ার পক্ষে। আর বিতর্ক এড়াতে ওই কমিটি থেকে আহমেদ সাজ্জাদুল আলম ববিও সরে যাওয়ায় একাই হয়ে পড়েছিলেন ইশতিয়াক। তবু গঠনতন্ত্র নিয়ে কাজকর্ম এগোতে না পারায় মাসকয়েক আগের বোর্ডসভায় ইশতিয়াক সমালোচনার মুখে পড়েছিলেন বলেও নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। পদত্যাগের গুঞ্জনও ভেসে এসেছিল সেজন্যই। তখন না করে এখন পদত্যাগ করার পেছনে এমন কোনো কারণ আছে কিনা জানতে চাইলে ইশতিয়াক বলেন, "যে কারণটার কথা বলেছি, শুধু সেজন্যই পদত্যাগ করেছি। এর পেছনে অন্য কোনো কারণ নেই।"
সেলিম ভূইয়া ও লতিফের শূন্যস্থান কিছুদিন আগে মাত্র পূরণ করা হল সাবেক জাতীয় ক্রিকেটার শাকিল কাশেম এবং প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরকে দিয়ে। কিন্তু এখন ইশতিয়াকের পদত্যাগে আবারো একটি পদ খালী হয়ে গেল বিসিবির অ্যাডহক কার্যনির্বাহী কমিটির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮০০ঘ.
bdnews24