২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবছরই বাংলাদেশকে কানাডা কাপে নিতে চায় আয়োজকরা

একসময় কানাডার মাটিতে নিয়মিতই ভারত-পাকিস্তানের জমজমাট ক্রিকেট আসর বসত। টানা কয়েক বছর হলেও সাহারা কাপ নামের ওই আসরটি এখন আর হয় না। সুবাদে দীর্ঘদিন না হওয়া আন্তর্জাতিক ক্রিকেট আবারো কানাডায় ফিরছে আগস্টে নির্ধারিত 'কানাডা কাপ টোয়েন্টি টোয়েন্টি' টুর্নামেন্ট দিয়েই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 04:28 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, ২৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- একসময় কানাডার মাটিতে নিয়মিতই ভারত-পাকিস্তানের জমজমাট ক্রিকেট আসর বসত। টানা কয়েক বছর হলেও সাহারা কাপ নামের ওই আসরটি এখন আর হয় না। সুবাদে দীর্ঘদিন না হওয়া আন্তর্জাতিক ক্রিকেট আবারো কানাডায় ফিরছে আগস্টে নির্ধারিত 'কানাডা কাপ টোয়েন্টি টোয়েন্টি' টুর্নামেন্ট দিয়েই। যেটি সাহারা কাপের মতো প্রতিবছরই আয়োজনের পরিকল্পনা আছে আয়োজক স্পোর্ট ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের (সিম)। এজন্য তারা বাংলাদেশকে প্রতিবছরই টরেন্টোতে খেলতে যাওয়ার আগাম প্রস্তাবও দিয়ে রেখেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। প্রথম কানাডা কাপ টোয়েন্টি টোয়েন্টি ১৪ আগস্ট শুরু হয়ে শেষ হবে ১৭ আগস্ট। স্বাগতিক কানাডা ও বাংলাদেশ ছাড়াও এই আসরের অন্য দুই দল পাকিস্তান এবং ওয়েষ্ট ইন্ডিজ। চার জাতির এই আসরের আয়োজক পাকিস্তানভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সিম-এর সঙ্গে আলোচনার সূত্র ধরে নিজামউদ্দিন বললেন, "ওরা প্রতিবছরই এই টুর্নামেন্টটা করতে চায় বলে আমাদের জানিয়েছে। শুধু তাই নয়, সেক্ষেত্রে বাংলাদেশও প্রতিবারই টরেন্টোতে খেলার আমন্ত্রণ পাবে বলেও জানিয়ে দিয়েছে।" বলা বাহুল্য, আমন্ত্রণ পেলে তাতে সাড়া না দেওয়ার কোনো কারণই নেই বিসিবির। একেই এটা জাতীয় দলের জন্য নুতন ধরনের এই ক্রিকেটে হাত পাকানোর বড় এক সুযোগ। তাছাড়া অর্থনৈতিক দিক থেকেও এই আসরে অংশ নেওয়া বেশ লাভজনক। কেননা এবার কানাডা কাপে অংশ নেওয়ার বিনিময়ে সাড়ে তিন লাখ ইউএস ডলার (বাংলাদেশী মূদ্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা, এক ইউএস ডলার ৭০ টাকা হিসাবে) পাচ্ছে বিসিবি। চারদিনের টুর্নামেন্ট খেলে আড়াই কোটি টাকা আয়ের সুযোগ তো আর হেলায় হারাবে না বিসিবি! নিজামউদ্দিন অবশ্য এই টুর্নামেন্টের নিয়মিত হওয়ার আগে একটা শর্তপূরণের কথাও জেনেছেন আয়োজকদের কাছ থেকে, "প্রতিবছর কানাডা কাপ করার সিদ্ধান্ত ওরা (সিম) এখনও নেয়নি। আগে দেখতে চায় এবারকার আসর কতোটা সফল হচ্ছে। বলতে প্রতিবছর আমাদের টরেন্টোতে খেলতে যাওয়া অনেকখানি নির্ভর করছে এই আসরের সাফল্যের ওপর।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৫০ঘ.