কলম্বো, ২২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টেস্টে ব্রায়ান লারার সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙ্গার হাতছানি তার সামনে। আর মাত্র ১৭২ রান করলেই প্রিয় বন্ধুকে পেছনে ফেলে রেকর্ডটা নিজের করে নেবেন শচীন টেন্ডুলকার। বুধবার থেকে শুরু হতে যাওয়া ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে তাই তাকে ঘিরেই পাদপ্রদীপের আলো থাকার কথা ছিল। কিন্তু 'ব্যাটিং জিনিয়াস'-এর চাইতেও তিন টেস্টের সিরিজে সবার বেশি আগ্রহ অজন্তা মেন্ডিসকে নিয়ে। ক্যারিয়ারের শুরুতে 'রহস্যময়' বোলার হিসাবে পরিচিতি পেয়ে যাওয়া মেন্ডিসের সঙ্গে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের লড়াইকে ঘিরেই যেন সিরিজের সব আকর্ষণ কেন্দ্রীভূত!
রহস্যময়ই বটে। এ মাসের শুরুতে এশিয়া কাপের ফাইনালে মেন্ডিসের ঘুর্ণিজাদুতে বিভ্রান্ত হয়েই হেরে গিয়েছিল ভারত। সেদিন ১৩ রানে ৬ উইকেট নেয়া মেন্ডিসের বল বুঝতেই পারেননি ভারতের ব্যাটসম্যানরা। ম্যাচশেষে সে কথা স্বীকারও করেছিলেন তাদের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার পর থেকেই এশিয়া কাপের সেরা খেলোয়াড়কে নিয়ে আলোচনার ঝড়। কী নেই তার অস্ত্রভান্ডারে! অফব্রেক, লেগব্রেক, গুগলি, টপ স্পিনার --- মোট কথা এক জন স্পিনার যত ধরনের বল করতে পারেন তার সব ক'টাই মেন্ডিসের হাতে মজুদ। দিন কয়েক আগে নতুন ধরনের এক ডেলিভারি নিয়ে কাজ করার কথাও জানিয়েছেন তিনি।
আর তাই এই সিরিজ শুরু হওয়ার আগেই ২৩ বছর বয়সী মেন্ডিসকে নিয়ে এত হৈ-চৈ, এত আলোচনা। যে আলোচনায় টেস্টের সর্বোচ্চ উইকেটের মালিক, সর্বকালের সেরা অফস্পিনার হিসাবে স্বীকৃত মুত্তিয়া মুরালিধরনও অনেকখানি ম্লান। তবে মেন্ডিসকে নিয়ে যত মাতামাতিই হোক না কেন, রাহুল দ্রাবিড় শুধু তাকে নিয়ে চিন্তিত নন। শ্রীলঙ্কার দুই 'ম্যাচ উইনার' সম্পর্কে সতীর্থদের সতর্ক করে দিয়ে ভারতের সাবেক অধিনায়ক ও অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যানের হুঁশিয়ারি, "শুধু মেন্ডিসের ওপরে লক্ষ্য রাখলে তা হবে এক বিরাট ভুল। তাদের রয়েছে (মুরালিধরন ও চামিন্ডা ভাসের মতো) আরো দু জন বোলার। এই দু জনের উইকেট সংখ্যা এক হাজারেরও বেশি।" তবে দেশের মাটিতে শ্রীলঙ্কানদের শক্তিশালী দল হিসাবে মনে করলেও নিজেদের নিয়ে দারুণ আত্মবিশ্বাসী দ্রাবিড়, "এই কন্ডিশনে ওরা খুবই ভারসাম্যপূর্ণ দল। দেশের মাটিতে (প্রতিপক্ষের জন্য) ওরা সব সময় ভীষণ হুমকিস্বরূপও। কিন্তু এখানে আমরাও ভালো একটা দল নিয়ে এসেছি। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমি মনে করি এটা হবে দুর্দান্ত একটা টেস্ট সিরিজ।"
দ্রাবিড়ের কথাটা ভুল নয়। ঘরের মাঠে শ্রীলঙ্কার রেকর্ড আসলেই দারুণ। গত চার বছরে দেশের মাটিতে খেলা ১৬টি টেস্টের মাত্র একটিতে হার মেনেছে তারা। জিতেছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে। ভারতও শ্রীলঙ্কা সফরে অনেক দিন ধরে সাফল্যহীন। শ্রীলঙ্কায় এর আগের চারটি সফরে মাত্র এক বারই টেস্ট সিরিজে জিতেছিল তারা। সেটাও ১৫ বছর আগে। ২০০১এ সর্বশেষ সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কানরাই।
এত সব সুখদায়ক পরিসংখ্যান জেনেও কিন্তু মাহেলা জয়াবর্ধনে বিস্ময়করভাবে নিরুত্তাপ! শ্রীলঙ্কার অধিনায়ক পরিসংখ্যান নিয়ে মাথা না ঘামিয়ে বরং নিজেদের পরিকল্পনা বাস্তবায়নেই বেশি আগ্রহী, "ভারতের বেশ কয়েক জন ভালো খেলোয়াড় আছে। ওরা সব সময়ই শক্ত প্রতিপক্ষ। তবে আমরা এখন শুধু নিজেদের খেলার দিকেই মনযোগী। আর চ্যালেঞ্জটার দিকেই তাকিয়ে। পরিকল্পনা বাস্তবায়নে শৃঙ্খলাবদ্ধ আর সেরা খেলাটা খেলতে পারলে আমাদের হারানো খুব কঠিন।"
বিশ্রাম নেয়ার জন্য এই সিরিজ থেকে ধোনি নিজেকে সরিয়ে নেয়ায় ভারতের উইকেট কিপারের দায়িত্ব পালন করবেন দীনেশ কার্তিক। ওপেনিংয়ে বীরেন্দর শেবাগের সঙ্গে তার দিল্লীর সতীর্থ গৌতম গম্ভীরের জুটি বাঁধার সম্ভাবনাই বেশি। বোলিং আক্রমণ নিয়ে অবশ্য মঙ্গলবার পর্যন্ত 'টিম ইন্ডিয়া' বেশ দ্বিধায়। দু জন স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিলে অধিনায়ক অনিল কুম্বলের সঙ্গে হরভজন সিংকে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা। আর তিন জন পেসারকে প্রথম একাদশে রাখলে ইশান্ত শর্মা, মুনাফ প্যাটেলের পাশাপাশি অনেক দিন পর দলে ফেরা জহির খানকে দিয়ে পেস আক্রমণ সাজাতে পারে ভারত।
এই দিক দিয়ে স্বাগতিকরা বেশ পিছিয়ে। দিলহারা ফার্নান্দো, লাসিথ মালিঙ্গা ও ফারভিজ মাহারুফ চোটের কারণে দলের বাইরে। তাই দীর্ঘ দিনের অভিজ্ঞ 'যোদ্ধা' ভাসের সঙ্গে পেস আক্রমণের ভার পড়বে নুয়ান কুলাসেকেরা কিংবা থিলান তুশারার ওপরে। তবে সবার চোখ আসলে এক জনের দিকে। অজন্তা মেন্ডিস! টেস্ট অভিষেকের সময় এক জন ব্যাটসম্যানকে নিয়ে মাতামাতি হওয়া নতুন কিছু নয়। কিন্তু এক জন বোলারের ক্ষেত্রে ব্যাপারটা বেশ অস্বাভাবিক। সেই অস্বাভাবিক ঘটনার জন্ম দিয়ে 'রহস্যময়' বোলার মেন্ডিস সিরিজে আলো ছড়াতে পারেন কি না তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৩৬ঘ.
bdnews24