২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফে এতোদিন জানতই না স্পনসরমানি আয়করমুক্ত!

সিটিসেলের কাছ থেকে তিন বছরে সাড়ে ১৬ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্মরণকালের মধ্যে কখনোই এতো টাকার মুখ না দেখা বাফুফে কর্মকর্তারা একটু দুঃশ্চিন্তার মধ্যেও ছিলেন। এর মধ্যে বিশাল একটা অঙ্ক না আবার আয়কর খাতে দিয়ে দিতে হয়! আর দিতে হলে প্রক্রিয়াটাই বা কী? এ বিষয়ে জানতে দেশের সবচেয়ে ধনী ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শরণাপন্ন হয়ে একই সঙ্গে বিস্মিত এবং হাঁফ ছেড়েও বেঁচেছেন ফুটবল কর্তারা। বিসিবি থেকে তাদের জানানো হয়েছে, বাংলাদেশে ক্রীড়া ফেডারেশনগুলোর আয় করমুক্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 01:40 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, ২২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সিটিসেলের কাছ থেকে তিন বছরে সাড়ে ১৬ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্মরণকালের মধ্যে কখনোই এতো টাকার মুখ না দেখা বাফুফে কর্মকর্তারা একটু দুঃশ্চিন্তার মধ্যেও ছিলেন। এর মধ্যে বিশাল একটা অঙ্ক না আবার আয়কর খাতে দিয়ে দিতে হয়! আর দিতে হলে প্রক্রিয়াটাই বা কী? এ বিষয়ে জানতে দেশের সবচেয়ে ধনী ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শরণাপন্ন হয়ে একই সঙ্গে বিস্মিত এবং হাঁফ ছেড়েও বেঁচেছেন ফুটবল কর্তারা। বিসিবি থেকে তাদের জানানো হয়েছে, বাংলাদেশে ক্রীড়া ফেডারেশনগুলোর আয় করমুক্ত। বোঝা যাচ্ছে স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন এতো বড় অঙ্কের কোনো আর্থিক লেনদেন না হওয়াই বাফুফের এই অজ্ঞতার কারণ। বিসিবির মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববির কাছ থেকেও এর সত্যতা মিললো, "ফেডারেশনের আয় করের আওতায় না থাকার বিষয়টা তারা (বাফুফে) খুব সম্ভবত জানতেন না। তারা যোগাযোগ করার পর বিসিবির তরফ থেকে তাদের এই ব্যাপারে অবহিত করা হয়েছে।" আর ফেডারেশনের আয় করমুক্ত করার বিষয়ে বিসিবির অবদানও স্মরণ করিয়ে দিতে ভুললেন না ববি, "সাবের হোসেন চৌধুরী প্রেসিডেন্ট থাকাকালীন বোর্ডের আয় করমুক্ত করার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। ওই আবেদনের প্রেক্ষিতে ২০০০ সালে এসআরও (স্পেশাল রেগুলেশন অর্ডার) জারির মাধ্যমে শুধু বিসিবিই নয়, সব ফেডারেশনেরই আয়কর মাফ করে দেওয়া হয়।" জারি হওয়া সেই অধ্যাদেশটি এরকম, "এসআরও নং ২৯৮- আইন/২০০০, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ৪৪ এর উপধারা (৪) এর অনুচ্ছেদ (খ) তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জাতীয় ক্রীড়া ফেডারেশনসমূহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের আয়কে উক্ত অধ্যাদেশের অধীনে প্রদেয় আয়কর হইতে অব্যাহতি প্রদান করিল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৪০ঘ.