২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক সময় হয়তো ইংল্যান্ডের হয়ে খেলার কথাই ভাববো : কানেরিয়া

দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০০৭ বিশ্বকাপে। আর পাকিস্তান টেস্ট দলে তার সর্বশেষ জায়গা হয়েছিল গত বছরের ডিসেম্বরে, ভারতের বিপক্ষের সিরিজে। এতদিন ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র নির্বাচকরা তাকে অগ্রাহ্য করায় দানিশ কানেরিয়া হতাশ। বৃহস্পতিবার ইংল্যান্ডের কোলচেস্টার গ্যাজেটকে তিনি সরাসরিই বলেছেন এমন চলতে থাকলে ভবিষ্যতে ইংল্যান্ডের হয়েও খেলার সম্ভাবনাও উড়িয়ে দেবেন না, " পাকিস্তান দলে আমাকে না নিলে এক পর্যায়ে আমি হয়তো ইংল্যান্ডের হয়ে খেলার কথাও বিবেচনা করে দেখবো।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 11:49 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

লন্ডন, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০০৭ বিশ্বকাপে। আর পাকিস্তান টেস্ট দলে তার সর্বশেষ জায়গা হয়েছিল গত বছরের ডিসেম্বরে, ভারতের বিপক্ষের সিরিজে। এতদিন ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র নির্বাচকরা তাকে অগ্রাহ্য করায় দানিশ কানেরিয়া হতাশ। বৃহস্পতিবার ইংল্যান্ডের কোলচেস্টার গ্যাজেটকে তিনি সরাসরিই বলেছেন এমন চলতে থাকলে ভবিষ্যতে ইংল্যান্ডের হয়েও খেলার সম্ভাবনাও উড়িয়ে দেবেন না, " পাকিস্তান দলে আমাকে না নিলে এক পর্যায়ে আমি হয়তো ইংল্যান্ডের হয়ে খেলার কথাও বিবেচনা করে দেখবো।" বেশ কিছুদিন ধরে এসেক্সের হয়ে ইংলিশ কাউন্টিতে খেলছেন দানিশ কানেরিয়া। লেগস্পিনার হিসেবে ভালোই করছেন সেখানে। সে কারণে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৩০ জনের পাকিস্তান দলে সুযোগ না পাওয়ার পরপরই ক্ষোভ ঝরলো তার কন্ঠে, "পাকিস্তান থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। আমি এখানে ভালোই করছি, নিয়মিত উইকেটও নিচ্ছি। তাই আবার পাকিস্তানের হয়ে ওয়ানডেতে খেলতে চাই।" এদিকে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-র নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ইংল্যান্ডের হয়ে খেলতে হলে ইসিবির দুটো শর্ত পূরণ করতে হবে কানেরিয়াকে। এক, তাকে বৃটেনের নাগরিক হতে হবে আর তা হতে গেলে টানা চার বছরের প্রতি বছরে অন্তত সাত মাস করে ইংল্যান্ডে থাকতে হবে। দুই, ওই সময়ে তার পাকিস্তানের হয়ে বা পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলা চলবে না। ওই শর্ত পূরণের জন্য সময়ের কিন্তু অভাব নেই। তাছাড়া বয়সও যে তার প্রতিকুলে নয় সেটা জানিয়েছেন কানেরিয়া নিজেই, " আমার বয়স এখন ২৭ বছর। স্পিনারের ক্যারিয়ারের সেরা সময় আসে সাধারণত ৩২ বছরের দিকে। শেন ওয়ার্ন ৩০ পেরেনোর পরই মূলত নিজেকে পুরোপুরি মেলে ধরতে পেরেছিলেন, সব প্রতিপক্ষ তখনই বেশি নাকাল হয়েছে তার বোলিংয়ে। সেদিক থেকে দেখলে আমার হাতে এখনো অনেক সময়।" এ কথা বলে পিসিবিকে হুমকি দিলেন, নাকি তার ওপর আস্থা না হারানোর পক্ষে যুক্তি দেখালেন কে জানে। তবে কানেরিয়া এখনো যে তার ভবিষ্যত পরিকল্পনা চূড়ান্ত করতে পারেননি সেটা বোঝা গেছে এই কথায়, "জানিনা ভবিষ্যতে কী হবে। পাকিস্তান আমার সঙ্গে কী আচরণ করে সেটা দেখতে হবে। ইংল্যান্ড যদি চায় আমি তাদের হয়ে খেলি, তাদের জন্য কিছু করি, আমি তা ভেবে দেখবো।" পিসিবি'র নির্বাচকরা তার ব্যাপারে হঠাৎ খুব মনযোগী হবে এমনটি ধরে নেয়ার কি কোনো কারণ আছে? হয়তো নেই। নেই বলেই হয়তো পাকিস্তান দলে ফেরার ব্যাপারে প্রকারান্তরে মিডিয়ার সহায়তা চেয়েছেন তিনি, " আমি এখনো হাল ছেড়ে দিইনি। এখনো (পাকিস্তান) দলে আমার জায়গাটা ফিরে পেতে চাই। দ্ ুধরনের ক্রিকেটেই আমি ভালো খেলি। তারপরও পাকিস্তান দলে যদি আমাকে না নেয়া হয় তাহলে কেন নেয়া হচ্ছে না সেটা জানার দায়িত্ব তো মিডিয়ার।" ক্রিকইনফো'র সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৮৪২ ঘ.