লন্ডন, ১৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গোড়ালির চোট এক সময় তার ক্যারিয়ারকেই ফেলে দিয়েছিল শঙ্কার মধ্যে। এক বার - দু বার নয়, সুস্থ হওয়ার জন্য চার-চার বার গোড়ালিতে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে, টেস্ট ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে দীর্ঘ ১৮ মাস। সে সব দুঃস্বপ্নে ভরা দিনগুলো অ্যান্ড্রু ফ্লিনটফের জীবনে এখন শুধুই অতীত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল থেকে হেডিংলিতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট দিয়ে ক্যারিয়ারকে পুনরুজ্জীবিত করতে তিনি উন্মুখ। সেই সঙ্গে ফ্লিনটফের দৃঢ় বিশ্বাস তার জীবনের সেরা সময়টা এখনো আসেনি। সেই সময়ের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষায়।
গত বছরের জানুয়ারিতে সিডনিতে ক্যারিয়ারের সর্বশেষ টেস্টটার কথা বোধহয় কোনো দিন মনে করতে চাইবেন না ফ্লিনটফ। আবার ভুলতেও পারবেন না। ২০০৫ সালে তার দুর্দান্ত পারফরম্যান্স ১৮ বছর পর অ্যাশেজ জয়ের আনন্দে ভাসিয়েছিল ইংল্যান্ডকে। কিন্তু ঘরের মাঠে অনুষ্ঠিত পরেরর অ্যাশেজে নির্মম প্রতিশোধ নিতে ভুল হয়নি অস্ট্রেলিয়ার। মাইকেল ভনের চোটের কারণে সেবার ইংল্যান্ডের নেতৃত্বের ভার পড়েছিল ফ্লিনটফের কাঁধে। আর তার অধিনায়কত্বেই হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় পড়তে হয়েছিল ইংলিশদের। সিডনিতে অনুষ্ঠিত শেষ টেস্টে ১০ উইকেটে জিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের সেই লজ্জা উপহার (!) দিয়েছিল রিকি পন্টিংয়ের দল।
এর পর থেকেই ফ্লিনটফের গোড়ালির চোটের সঙ্গে লড়াইয়ের শুরু। সেই লড়াই সাফল্যের সঙ্গে মোকাবিলা করে এখন তিনি সম্পূর্ণ সুস্থ। গত অক্টোবরে গোড়ালিতে চতুর্থ অস্ত্রোপচার করাতে হলেও এ মৌসুমে ইংলিশ কাউন্টি ক্রিকেটে দীর্ঘ দিনের দল ল্যাঙ্কাশায়ারের হয়ে দুটো ম্যাচে সুস্থতার প্রমাণও দিয়েছেন ভালো মতোই। দেড় বছর পর আবার টেস্ট খেলতে যাচ্ছেন বলেই বোধহয় অভিষেক হওয়ার মতোই তিনি উচ্ছ্বসিত, "আমার কাছে এটা প্রায় নতুন করে শুরু করার মতো। কয়েক বছর আগেও বেশ কিছু দিনের জন্য আমাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল। কিন্তু এর পরে সাফল্যের সঙ্গেই ফিরে এসেছিলাম। আশা করি আবারো তা করতে পারবো। আবার ইংল্যান্ড দলে ডাক পেয়ে আমি খুবই তৃপ্ত, উচ্ছ্বসিত।"
তবে শুধু তৃপ্তি আর উচ্ছ্বাসের মধ্যেই সীমাবদ্ধ নেই ইংলিশদের প্রিয় 'ফ্রেডি'র অনুভূতি। মাঠের বাইরের হতাশা ভরা দিনগুলোকে পেছনে ফেলার প্রতিজ্ঞার পাশাপাশি ফ্লিনটফের বিশ্বাস, তার ক্যারিয়ারের আগামী দিনগুলো সাফল্যে রঙিন হয়ে উঠবেই, "আমি এখনো মনে করি আমার সেরা বছরগুলো সামনে পড়ে আছে। খুব সম্ভবত ২৪ বা ২৫ বছরের আগে আমি ঠিকমতো বোলিং শুরু করিনি। সুতরাং সেই হিসাবে নিজেকে এখনো নতুনই মনে হয় আমার। এবং আমি মনে করি আরো ভালো করার সময় ফুরিয়ে যায়নি। ৩০ বছরের শুরুতে ব্যাটসম্যানরা তাদের সেরা সময়টা উপভোগ করে। আশা করি আমার ক্ষেত্রেও তেমনই হবে।"
৬৭ টেস্টে ৩৩৮১ রান ও ১৯৭ উইকেটের মালিক ফ্লিনটফকে ফিরে পেয়ে ইংল্যান্ড দলও দারুণ উজ্জীবিত। তাকে জায়গা দিতে খুব সম্ভবত সরে দাঁড়াতে হবে বাজে ফর্মে থাকা পল কলিংউডকে।
লর্ডস টেস্টে ফলো অন করেও গ্রায়েম স্মিথ, নিল ম্যাকেঞ্জি ও হাশিম আমলার তিন সেঞ্চুরিতে ম্যাচ অমীমাংসিত রাখা দক্ষিণ আফ্রিকা এখন বোলারদের নিয়ে বেশ অস্বস্তিতে। সিরিজ শুরু হওয়ার আগে তাদের পেস আক্রমণ নিয়ে অনেক হৈ-চৈ হলেও লর্ডসে স্টেইন-এনটিনি-মরকেলরা একটুও সমস্যায় ফেলতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানদের। প্রোটিয়াদের কোচ মিকি আর্থার অবশ্য হেডিংলিতে তিন ফাস্ট বোলারের ভালো পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী, "আমরা বোলারদের সঙ্গে কথা বলেছি। আর তারাও ঠান্ডা মাথায় বসে তাদের পারফরম্যান্স বিশ্লেষণ করেছে। আমি আশাবাদী। সম্পূর্ণ ভিন্ন একটা বোলিং ইউনিটকে দেখার ব্যাপারেও আমি দারুণ আত্মবিশ্বাসী।"
লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯ ঘন্টারও বেশি সময় ব্যাট করে ১৩৮ রান করা ম্যাকেঞ্জির কুঁচকির চোটও অস্বস্তিতে রেখেছে দক্ষিণ আফ্রিকানদের। তবে মিকি আর্থারের দৃঢ় বিশ্বাস প্রথম টেস্টে ইংলিশ বোলারদের রুখে দেয়া ম্যাকেঞ্জি সব সংশয় উড়িয়ে দিয়ে হেডিংলি টেস্টের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন, "তাকে নিয়ে আমি আশাবাদী। আমি মনে করি সে খেলবে। আগামীকাল (বৃহস্পতিবার) সে ব্যাট করবে এবং বিকেলে আবারো প্র্যাকটিস করবে। শুক্রবার সকালে তার ফিটনেস টেস্টও নেবো আমরা।"
দু দলের সম্ভাব্য একাদশ :
ইংল্যান্ড : মাইকেল ভন (অধিনায়ক), অ্যান্ড্রু স্ট্রাউস, অ্যালিস্টার কুক, কেভিন পিটারসেন, ইয়ান বেল, অ্যান্ড্রু ফ্লিনটফ, টিম অ্যামব্রোস, স্টুয়ার্ট ব্রড, রায়ান সাইডবটম, মন্টি পানেসার ও জেমস অ্যান্ডারসন।
দক্ষিণ আফ্রিকা : গ্রায়েম স্মিথ (অধিনায়ক), নিল ম্যাকেঞ্জি, হাশিম আমলা, জ্যাক ক্যালিস, অ্যাশওয়েল প্রিন্স, এবি ডি ভিলিয়ার্স, মার্ক বাউচার, পল হ্যারিস, মর্নে মরকেল, ডেল স্টেইন ও মাখায়া এনটিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫২২ঘ.
bdnews24