করাচি, ১৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটা পথই খোলা ছিল তার সামনে - নিজেকে নির্দোষ প্রমাণ করতে 'বি' বা দ্বিতীয় নমুনা পরীক্ষা করার অনুরোধ জানানো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) - এ ড্রাগ টেস্টে ধরা পড়ার খবর জানাজানির একদিন পর সে সিদ্ধান্তই নিয়েছেন মোহাম্মদ আসিফ। মঙ্গলবার পাকিস্তানের এই ফাস্টবোলার জানিয়েছেন প্রথম নমুনার ফলাফল চ্যালেঞ্জ জানানোর কাজে ইতিমধ্যে নেমেও পড়েছেন তার আইনজীবি, " আমার আইনজীবি এখন বিষয়টি দেখছেন। এ মুহুর্তে আমার কথা বলা মানা। তবে এটুকু বলতে পারি, নিজেকে নির্দোষ প্রমাণ করতে যা যা করার সবই করবো আমি। আমরা 'বি' নমুনা পরীক্ষা করতে বলবো।"
এদিকে কাজ শুরুর আগেই মোহাম্মদ আসিফকে নির্দোষ দাবি করতে শুরু করেছেন তার আইনজীবি শহীদ করিম, " আমার মক্কেল (অন্যায়ের) শিকার। উনি নির্দোষ। উনি কোনো ধরনের ড্রাগ বা নিষিদ্ধ বস্তু নেননি আর তাই কী করে তার (ড্রাগ) টেস্টটা পজিটিভ হলো সেটা উনি বুঝতেই পারছেন না।" এ কথা বলার পর আসিফ যে নিজেকে নির্দোষ প্রমাণ করে ক্রিকেটে ফেরার ব্যাপারে খুব আত্মবিশ্বাসী সে কথাও জানাতে ভোলেননি, " আমার মক্কেল গর্ব এবং সম্মানের সঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করেছেন। উনি আবার দেশের হয়ে খেলার জন্য উদগ্রীব। (অভিযোগ থেকে) মুক্তি পাওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।"
ডোপিংয়ের অভিযোগ অবশ্য তার জীবনে নতুন কিছু নয়। ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে পিসিবি'র উদ্যোগে করা এক ড্রাগ টেস্টে পজিটিভ হয়েছিলেন মোহাম্মদ আসিফ। সেবার পিসিবি তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করলেও পরে আপিল করে সেই শাস্তি থেকে অব্যাহতি পেয়ে যান। এবার বির্তকিত এই ফাস্ট বোলারকে কোনো ধরনের ছাড় না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে নিজেকে কলঙ্কমুক্ত করার লড়াইটা একাই লড়তে হবে আসিফকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৮১১ ঘ.
bdnews24