নয়াদিল্লী, ১৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুবাই বিমানবন্দরে মোহাম্মদ আসিফের ড্রাগ নিয়ে ধরা পড়ার ঘটনায় তাহলে কোনো ফাঁক নেই! প্রসঙ্গটা ওঠার কারণ, ভারতীয় ক্রিকেট লিগ বা আইপিএল জানিয়েছে ড্রাগ টেস্টে ধরা পড়েছেন পাকিস্তানের গতি-তারকা। ডোপ টেস্টে আসিফের নমুনা পজিটিভ হওয়ার প্রমাণ পেয়েছে তারা। এর আগে আইপিএল-এর কমিশনার ললিত মোদি একজন ক্রিকেটারের ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ার কথা জানালেও তার নাম জানাননি।
এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, "ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা) অনুমোদিত সুইজারল্যান্ডের একটি গবেষণাগারের ফলাফল ভারতীয় ক্রিকেট লিগ বিবেচনা করে দেখেছে। ঐ গবেষণাগার সুইডেনভিত্তিক একটি স্বতন্ত্র এজেন্সি আইডিটিএম-এর কাছ থেকে নমুনা সংগ্রহ করেছিল। ওয়াডার মানদন্ড অনুযায়ী অ্যান্টি-ডোপিং পরীক্ষা করা এই এজেন্সি নিশ্চিত করেছে নিয়ম ভঙ্গকারী খেলোয়াড়টি হলেন মোহাম্মদ আসিফ।"
বিবৃতিতে আইপিএল থেরাপিউটিক ইউস এক্সেম্পশন (টিইউআই) বা অসুস্থতার জন্য আসিফ কোনো ঔষধ ব্যবহারের অনুমতি চেয়েছিলেন কি না তা খতিয়ে দেখার কথাও জানিয়েছে, "থেরাপিউটিক ইউস এক্সেম্পশনের (টিইউআই) জন্য আসিফ আবেদন করে অনুমতি পেয়েছিলেন কি না তা পরীক্ষা করে দেখা হয়েছে। আসিফ যে টিইউআই-এর জন্য আবেদন করেননি সেই প্রমাণ আমরা পেয়েছি। সব কিছুর লিখিত বিবরণ খেলোয়াড়, তার দেশের বোর্ড এবং দলের (দিল্লী ডেয়ারডেভিলস) কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।"
অবশ্য এখনো নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ আছে আসিফের সামনে। তিনি চাইলে 'বি' বা দ্বিতীয় নমুনা পরীক্ষা করার অনুরোধ জানাতে পারেন। 'বি' নমুনাও পজিটিভ হলে ব্যাপারটা চলে যাবে আইপিএল-এর ড্রাগ ট্রাইবুনালের কাছে। এই ট্রাইবুনালের তিন সদস্য হলেন ভারতের সাবেক 'গ্রেট' সুনীল গাভাস্কার, মহারাষ্ট্র স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. রবি বাপাত ও আইনজীবি শিরিশ গুপ্তে। ইস্যুটা ভালো ভাবে পর্যালোচনা করে আইপিএল-এর নিয়মানুযায়ী এর পর সিদ্ধান্ত নেবে এই ট্রাইবুনাল।
গত মাসে আইপিএল শেষে ভারত থেকে দুবাই হয়ে দেশে ফেরার সময় দুবাই বিমানবন্দরে আটক করা হয়েছিল আসিফকে। সে সময় তার বিরুদ্ধে অবৈধ ড্রাগ রাখার অভিযোগ করেছিল দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ। দীর্ঘ ১৯ দিন সেজন্য দুবাইয়ে আটকও ছিলেন তিনি। পরে অবশ্য অভিযোগটা প্রত্যাহার করে নেয়ায় দেশে ফিরতে পারেন আসিফ। তবে পিসিবি এই ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করে। ঐ কমিটি তাদের রিপোর্ট দেয়ার আগেই ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ার কলঙ্ক আরো একবার লজ্জায় ফেললো তাকে। দু বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার ঠিক আগে পিসিবি পরিচালিত এক ড্রাগ টেস্টে শোয়েব আখতারের সঙ্গে আসিফও পজিটিভ হয়েছিলেন। তখন পিসিবি তাকে এক বছরের জন্য সাসপেন্ড করলেও আপিল করে সেই শাস্তি থেকে রেহাই পেয়েছিলেন তিনি। এবার আসিফকে নিয়ে পিসিবি কি করে সেটাই দেখার!
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯১৫ঘ.
bdnews24