ব্রিসবেন, ৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এমনিতেই পাকিস্তানে যাওয়া নিয়ে তারা ভীত, সন্ত্রস্ত। তার ওপরে গত রোববার ইসলামাবাদে বোমা বিস্ফোরণে ১৯ জনের মৃত্যুতে অস্ট্রেলিয়া এখন ভীষণ দুশ্চিন্তায়। দুশ্চিন্তাটা আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) একজন কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে অংশ নেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরো দুই সপ্তাহ অপেক্ষা করবেন তারা।
ইসলামাবাদের ঐ বোমা বিস্ফোরণের পর আইসিসি জানিয়ে দিয়েছে বড় ধরণের আর কোনো সহিংস ঘটনা ঘটলে পাকিস্তান থেকে সরিয়ে অন্য কোনো দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ভার দেয়া হতে পারে। তবে সিএ এখনই কোনো সিদ্ধান্ত নেয়নি। তারা অপেক্ষা করছে নিরাপত্তা বিশেষজ্ঞদের ও 'ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন্স'-এর রিপোর্টের জন্য। সিএ'র প্রধান নির্বাহী পল মার্শ সে কথাই জানিয়েছেন, "তারা রিপোর্ট সংগ্রহ করছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট আমাদের পেয়ে যাওয়া উচিৎ। সমস্ত তথ্য হাতে না পাওয়া পর্যন্ত আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছি না। তবে বোমা হামলার কারণে দুশ্চিন্তা তো বেড়ে গেছেই।"
নিরাপত্তাহীনতার আশঙ্কায় ১৯৯৮এর পর অস্ট্রেলিয়া কখনো পাকিস্তান সফরে যায়নি। এ বছরই তাদের পাকিস্তানে যাওয়ার কথা ছিল। কিন্তু অ্যান্ড্রু সাইমন্ডস সহ বেশ কয়েকজন সেখানে যেতে আপত্তি করায় বাতিল হয়ে যায় অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে। সেই ক্ষতি পুষিয়ে নিতে গত এপ্রিলে বাংলাদেশকে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছিল পিসিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৪০ঘ.
bdnews24