সেন্ট কিটস, ওয়েস্ট ইন্ডিজ, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেষ ওভারে দরকার ৮ রান। হাতে চার উইকেট। আপাত দৃষ্টিতে সহজ এই সমীকরণ মিলিয়ে জয় আদায় করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে মাত্র ১ রানে হেরে গেছে তারা।
আগের তিন ম্যাচ হেরে সিরিজও হেরে বসায় ওয়েস্টইন্ডিজের জন্য এ ম্যাচ হয়ে পড়েছিল স্্েরফ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। তা সে লড়াইটা তারা জমিয়েও তুলেছিল টস জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাট করতে পাঠিয়ে। অ্যান্ড্রু সাইমন্ডসের ৭৮ বলে ৮৭ এবং এ ম্যাচেই ওয়ানডে অভিষিক্ত ডেভিড হাসির ফিফটির (৫১ বলে ৫০) সুবাদে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান করে রিকি পন্টিংয়ের দল। ফিদেল এডওয়ার্ডস আর ড্যারেন পাওয়েল দুটি করে উইকেট নিয়ে শুধু অস্ট্রেলিয়াকে তিনশ'র আগে আটকানোর সান্ত্বণাটুকুই পেয়েছেন।
ক্রিস গেইলের দলে ছিল দুটি নতুন মুখ। এ ম্যাচে ওয়ানডে অভিষেক হয়েছে ব্যাটসম্যান শন ফিন্ডলে আর বাঁ হাতি অর্থোডক্স বোলার নিকিতা মিলারের। ৫৬ রানে মাইকেল ক্লার্কের (৩৬) উইকেটটা নিয়ে দেশের হয়ে প্রথম ম্যাচটাকে একেবারে বিস্মরণযোগ্য হতে দেননি মিলার।
সেদিক থেকে ফিন্ডলেও যে একেবারে ব্যর্থ তা বলা যাবে না। তবে ১৪ বলে ১ ছক্কায় ৯ রানের চেয়ে তার কাছে দলের প্রত্যাশা যে অনেক বেশি ছিল সে কথা ভাবলে ডান হাতি এই ব্যাটসম্যানের নিশ্চয়ই মন খারাপ হবে। যখন রান-ঝড় তোলার সময় তখনও তার ব্যাটে-বলে না হওয়াটাও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের তরী তীরে এসে ডুবে যাওয়ার একটা কারণ। অবশ্য তার মতো নবাগত একজনের দিকে অভিযোগের আঙ্গুল তুললে চন্দরপলকে কী বলবেন! শেষ দিকে তার ৭১ বলে ৫৩ রান করে আউট হয়ে যাওয়াটাও কি খুব একটা বাহবা পাওয়ার উপযুক্ত?
পুুরো সিরিজ জুড়ে 'চন্দরপলের দল' হয়ে ওঠা ওয়েস্ট ইন্ডিজ এ ম্যাচে কিন্তু 'ওয়ান ম্যান শো'-র বদনাম থেকে বেরোনোর ইঙ্গিত রেখেছিল। ২৮৩ রানের জয়ের লক্ষ্যের দিকে যাত্রার সূচণাটা হয়েছিল জঘণ্য। ইনিংসের তৃতীয় বলেই জেভিয়ার মার্শালকে বোল্ড করে দেন ব্রেট লি, স্কোর বোর্ডে তখন মাত্র ১ রান। পরের দু'বলে দুটো চার মেরে পাল্টা আঘাত হানেন রামনরেশ সারোয়ান। উইকেটের জন্য হাহাকার শুরু হয় অস্ট্রেলিয়ান বোলারদের। গেইলের সঙ্গে ১৩৭ রানের জুটি গড়ার পর ৭৯ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৬৩ রান করা সারোয়ান লি'র বলে রোনচিকে ক্যাচ দিলে আবার হাসি ফেরে পন্টিংদের মুখে। সে হাসি প্রায় মুছে দিয়েছিলেন গেইল। উইন্ডিজ অধিনায়ক তার ষোড়ষ ওয়ানডে সেঞ্চুরি পেয়ে গেলে ফলাফল অন্যরকম হতেই পারতো। কিন্তু ৯২ বলে ৬টি চার আর ৪টি ছক্কায় ঠিক ৯২ রান করার পর ওয়াটসনের বলে হোপসকে ক্যাচ দিয়ে উইন্ডিজ অধিনায়ক ফিরে আসায় তা আর হয়নি। অথচ স্কোর তখন ৩৩.৪ ওভার শেষে ৩ উইকেটে ১৮৮। বাকি ১৬.২ ওভারে ৯৫ রানের প্রয়োজন মেটাতে হাতে তখনো ৭ উইকেট্র! ব্রাভো (৩২ বলে ৩১), ফিন্ডলেদর হারিয়ে শেষ দিকে ওয়েস্টইন্ডিজ তাকিয়েছিল নির্ভরতার প্রতীক চন্দরপলের দিকে। কিন্তু এবার আর দলের ভার কাঁধে নিতে পারেননি চন্দরপল। ৪৯তম ওভারের শেষ বলে বোল্ড হয়ে যান ব্র্যাকেনের বলে। শেন ওয়াটসনের শেষ ওভার থেকে ৮ রান করতে হতো। রামদিন (৯ বলে ৫*) আর ড্যারেন স্যামি (৩ বলে ৩*) তা-ও পারেননি। ৬ বলে ঠিক ১ রান করে মাত্র ৬ রান দেন শেন ওয়াটসন! অস্ট্রেলিয়া দল ভাসে উৎসবের আনন্দে । ৬৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সফলতম বোলার ব্রেট লি। তবে ম্যাচ সেরার পুরস্কারটা ওয়াটসন বা লি নন, সেটা পেয়েছেন অ্যান্ড্রু সাইমন্ডস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৪০১ ঘ.
bdnews24