দুবাই, ৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। কারণ টুর্নামেন্টের আয়োজক ইংল্যান্ডের সঙ্গে তাদের বিরূপ সম্পর্ক। রবার্ট মুগাবের স্বৈর শাসনের প্রতিবাদে জিম্বাবুয়েকে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের বাইরে রাখার দাবী জানানো ইংল্যান্ডেরই জয় হলো এই সিদ্ধান্তে।
মুগাবের ওপরে বৃটিশ সরকারের ক্ষোভের কথা কারোই অজানা নয়। গত সপ্তাহে জিম্বাবুয়ের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর ক্ষোভটা বহু গুণ বেড়ে গেছে বৃটিশদের। তারা নির্বাচনে কারচুপির পাশাপাশি সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে নিস্তব্ধ করার অভিযোগ এনেছে মুগাবের বিরুদ্ধে। মুগাবের জন্যই বেশ কিছু দিন ধরে জিম্বাবুয়ের সঙ্গে কোনো ম্যাচও খেলছে না ইংল্যান্ড।
আইসিসি'র এবারের বার্ষিক সভায় সবচেয়ে বেশি আলোচনা হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট নিয়ে চলা অচলাবস্থার সমাধান নিয়ে। তবে তাতে তেমন লাভ হয়নি। উল্টো শুক্রবার সভা শেষ হওয়ার পর এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, "জিম্বাবুয়ে বুঝতে পেরেছে যে ২০০৯ আইসিসি টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের ক্রিকেট দলকে অংশ নেয়া থেকে বিরত রাখার জন্য ভিসা দিতে অস্বীকৃতি জানাতে পারে বৃটিশ সরকার। তাই জিম্বাবুয়ের প্রতিনিধি দল দেশের ক্রিকেট বোর্ডকে এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছে।"
তবে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলেও জিম্বাবুয়ে আইসিসি'র পূর্ণ সদস্য পদ প্রত্যাহার করে নিচ্ছে না। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সেটাও স্পষ্ট জানিয়েছে বিবৃতিতে।
সদর দপ্তর দুবাইতে অনুষ্ঠিত বার্ষিক সভায় ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসাবে ওয়েস্ট ইন্ডিজের সফলতম অধিনায়ক ক্লাইভ লয়েডকে নিযুক্ত করেছে আইসিসি। মে মাসে এই পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন আরেক সাবেক 'গ্রেট' সুনীল গাভাস্কার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৩৫ঘ.
bdnews24