করাচি, ৩০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গ্র"প পর্বের ম্যাচের চেয়ে কম রানে শ্রীলঙ্কাকে আটকে রাখা গিয়েছিল। তাছাড়া ভারতের বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া অনুপ্রেরণাও ছিল সঙ্গে। কিন্তু এসব কিছুতে কাজ হয়নি কোনো। বাংলাদেশ এই ম্যাচ হেরেছে আরও বড় ব্যবধানে। আগের ম্যাচে হেরেছিল ১৩১ রানে, সোমবার এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে হারটা ১৫৮ রানের। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার ৫০ ওভারে ৮ উইকেটে করা ৩৩২ রানের জবাবে বাংলাদেশ ৩৮.৩ ওভারে অলআউট হয়ে গেছে ১৭৪ রানে। আর এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলল ফাইনাল।
তামিম ইকবাল (৮) ও মোহাম্মদ আশরাফুল (১৪) এই ম্যাচে ব্যর্থ। শুরুতেই এই দুজনের বিদায়ের ধাক্কাটা সামাল দেয়ার চেষ্টা করেছেন নাজিমউদ্দিন এবং রকিবুল হাসান। এশিয়া কাপে আগের তিন ম্যাচে পুরোপুরি ব্যর্থ হওয়ার পরও এই ম্যাচে তাকে খেলানোটা ছিল একটা বিস্ময়কর সিদ্ধান্ত, কিন্তু এবার অন্তত তার পক্ষাবলম্বীদের মুখ রক্ষা করতে পেরেছেন নাজিমউদ্দিন। ৫৯ বলে ক্যারিয়ার সর্বোচ্চ ৪৭ রান করেছেন তিনি, কিন্তু তারপর আউট হয়েছেন হাস্যকরভাবে। একেবারে রান হওয়ার প্রশ্ন নেই এমন একটা জায়গা থেকে রান বের করতে গিয়ে হয়েছেন রান আউট।
টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান রকিবুল হাসান এশিয়া কাপে তার দ্বিতীয় ফিফটি করেছেন, কিন্তু ফিফটি করার পরই আউট। ৬৩ বলে ৭টি বাউন্ডারিসহ ৫২ রান করেছেন তিনি। তার আগেই ফিরে গেছেন মুশফিকুর এবং অলক। মুশফিকুর ব্যর্থ হচ্ছেন নিয়মিতই, কিন্তু গত ম্যাচেই অসাধারণ সেঞ্চুরি করে প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে চলে আসা অলকও মাত্র ৯ রানে আউট। ৩৩২ রান চেজ করতে গিয়ে দলের স্পেশালিস্ট ব্যাটসম্যানদের এই যখন হাল তখন আর খুব আশার কিছু নেই। ১৫৮ রানে রকিবুল ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার পর আসলে অপেক্ষা শুরু হয়েছিল ইনিংসটা কখন শেষ হয়। সেটা শেষ হতেও বেশি সময় লাগেনি। ৩৮.৩ ওভারে ১৭৪ রানেই শেষ। মুরালিধরন ৩১ রানে ৫ উইকেট নিয়ে আকরামের সঙ্গে তার ব্যবধান কমিয়েছেন আরও। এই ৫ উইকেটে তার ওয়ানডে উইকেটসংখ্যা দাঁড়াল ৪৭২, একদিনের ক্রিকেটে একমাত্র ৫০০ উইকেটের মালিক আকরামের উইকেট ৫০২।
এর আগে দারুণভাবে ৩৯তম জন্মদিনটা উদযাপন করেছেন সনাৎ জয়াসুরিয়া। সোমবার পেয়েছেন তার ক্যারিয়ারের ২৬তম ওয়ানডে সেঞ্চুরি। যেটি আবার করেছেন মাত্র ৫৫ বলে, দ্রুততম সেঞ্চুরির তালিকায় যা ছয় নম্বরে। আর এই 'বার্থ ডে বয়' এর ব্যাটিং তোপ নীরবে দেখা কুমার সাঙ্গাকারাও করেছেন তার ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। এর তিনটিই চলতি এশিয়া কাপে, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়! দুই ওপেনারের সেঞ্চুরিতেই গ্র"প পর্বের ম্যাচের (৩৫৭) মতো বড় সংগ্রহ (নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩২ রান) গড়েছে শ্রীলঙ্কা। কারণ তাদের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান মাত্র ২০!
ভারতের বিপক্ষে আগের ম্যাচে বড় রান করেও ৪০ বল বাকি থাকতেই হেরেছিল বাংলাদেশ। কারণ ফিল্ডাররা ক্যাচ ফেলেছিলেন। এই ম্যাচেও ঘটেছে ক্যাচ ফেলার ঘটনা। জয়াসুরিয়াই যেমন সেঞ্চুরি করার পরের বলেই সুযোগ দিয়েছিলেন। আব্দুর রাজ্জাকের বলে কাভার ড্রাইভ করতে গিয়েছিলেন। কিন্তু বল তার ব্যাটের কানা নিয়ে গেলেও গ্লাভসে নিতে পারেননি উইকেটকিপার মুশফিকুর রহিম। যেভাবে ব্যাটিং করছিলেন তাতে ওয়ানডেতে সাঈদ আনোয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড হুমকিতে পড়লেও অবাক হওয়ার কিছু ছিল না। সেঞ্চুরির পর অলক কাপালিকে সুইপ করে মেরেছেন তার ষষ্ঠ ছক্কাটি। শেষপর্যন্ত তাকে ১৩০ রানে থামিয়েছেন অলকই। এরপর শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকেও (২০) থামানো অলকের বলে ডিপ কাভারে জয়াসুরিয়ার ক্যাচ নিয়েছেন তামিম ইকবাল। আউট হওয়ার আগেই শ্রীলঙ্কাকে মাত্র ২৭.৫ ওভারে দুইশো পার করিয়ে নিয়ে যায় 'মাতারা হারিকেন' এর ৮৮ বলে ছয় ছক্কা ও ১৬ বাউন্ডারির ইনিংস।
জয়াসুরিয়ার ইনিংসটা যদি 'টর্নেডো' হয়ে থাকে তাহলে সাঙ্গাকারারটা একেবারেই মৃদুমন্দ হাওয়া। অন্যপ্রান্তে দাঁড়িয়ে জয়াসুরিয়ার মারমুখী ব্যাটিংকে উৎসাহিত করে যাওয়া সাঙ্গাকারার ব্যাটিং বোঝাতে পরিসংখ্যানই যথেষ্ট। ১১৭ বলে সেঞ্চুরিতে পৌছানো এই বাঁ হাতি ব্যাটসম্যান রাজ্জাকের বলে বোল্ড হওয়ার আগে করেছেন ১২১ রান। যাতে ১৬টি বাউন্ডারির সঙ্গে আছে একটি ছক্কার মারও। অবিশ্বাস্য ফর্মে থাকা সাঙ্গাকারা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। মাঝে এই ম্যাচটি না থাকলে সেঞ্চুরির বিরল হ্যাটট্রিকই হয়ে যেতো তার। অন্য তিন ম্যাচে তার স্কোরগুলো দেখুন --- গ্র"প পর্বে বাংলাদেশের বিপক্ষে ১০১, সুপার ফোরে পাকিস্তানের সঙ্গে ১১২ এবং সোমবার ১২১!
গ্র"প পর্বে শ্রীলঙ্কা ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়ে মহা ভুল করেছিলেন মোহাম্মদ আশরাফুল। এদিন সেরকম ভুল করার কোনো অবকাশই থাকেনি। টানা তিন ম্যাচে টস জেতার পর এদিন হেরেছেন। সুবাদে সেদিনের মতো ফিল্ডিং করতে নেমে বোলাররা পড়েছেন তোপের মুখে। দুটো করে উইকেট নিয়েছেন ফরহাদ রেজা এবং অলক কাপালি। আর একটি করে পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত হোসেন এবং রাজ্জাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/এমএম/২৩২৪ঘ.
bdnews24