২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্জন্মের পর অলক

ধর্মীয় কারণেই হয়তো পুনর্জন্মে বিশ্বাস করেন তিনি। কিন্তু শনিবার করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৯৬ বলে ১১৫ রানের অসাধারণ ইনিংসটি খেলার পর যা হল, সেটিও তো তার পুনর্জন্মই। হারিয়ে যেতে বসা ব্যাটসম্যান অলক কাপালির পুনর্জন্ম। এভাবে বলায় অবশ্য আপত্তি নেই মাঝের কয়েকটা বছরে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা এই প্রতিভাবান ব্যাটসম্যানেরও, "আমার প্রয়াত বাবা পুনর্জন্মে বিশ্বাস করতেন। আমিও তাই করি। তবে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বলতে পারি আবারো নতুনভাবেই শুরু করলাম আমি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 05:14 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, ২৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ধর্মীয় কারণেই হয়তো পুনর্জন্মে বিশ্বাস করেন তিনি। কিন্তু শনিবার করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৯৬ বলে ১১৫ রানের অসাধারণ ইনিংসটি খেলার পর যা হল, সেটিও তো তার পুনর্জন্মই। হারিয়ে যেতে বসা ব্যাটসম্যান অলক কাপালির পুনর্জন্ম। এভাবে বলায় অবশ্য আপত্তি নেই মাঝের কয়েকটা বছরে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা এই প্রতিভাবান ব্যাটসম্যানেরও, "আমার প্রয়াত বাবা পুনর্জন্মে বিশ্বাস করতেন। আমিও তাই করি। তবে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বলতে পারি আবারো নতুনভাবেই শুরু করলাম আমি।" নতুনভাবে শুরুর পর রাতারাতি তারকাই বনে গেছেন অলক কাপালি। করাচিতে বাংলাদেশ দলের ঠিকানা পার্ল কন্টিনেন্টাল হোটেলের স্টাফ থেকে শুরু করে নিরাপত্তারক্ষীদের মাঝেও তাকে নিয়ে কৌতুহলের শেষ নেই। লবিতে তো সর্বক্ষণ ভিড় লেগেই ছিল। অলককে একনজর দেখলেই অটোগ্রাফের জন্য ছুটে গেছেন ভক্ত ও শিশুরা। কতোজনের ছবি তোলার আবদারও যে মেটাতে হয়েছে তাকে! আর বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপট থেকে বেশ কিছুদিনের জন্য হারিয়ে যাওয়ার রহস্যের কুল-কিনারা করতে আসা বিদেশী সাংবাদিকদেরও সামলাতে হয়েছে অলককে। বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম করাচি থেকে টেলিফোনে অলককে নিয়ে মিডিয়ার আগ্রহটা বোঝাচ্ছিলেন এভাবে, "আজ সকাল থেকে আমার যতো ব্যস্ততা অলককে নিয়েই। একের পর এক সাক্ষাৎকার দিয়ে যেতে হচ্ছিল ওকে।" অথচ এই জায়গায় থাকারই কথা ছিল না অলকের। তার এখন বাংলাদেশ 'এ' দলের সঙ্গে আয়ারল্যান্ডে থাকার কথা ছিল। কিন্তু আফতাব আহমেদের ইনজুরিতে দলে সুযোগ পাওয়া অলকের পাকিস্তানে পৌছানোর আগেই মনে হচ্ছিল সেখানে কিছু একটা করবেনই, "২২ মাস আগে আমি বাংলাদেশের হয়ে শেষ ওয়ানডে খেলেছি। তাই আমার 'এ' দলে জায়গা পাওয়াটাই আমার পরিবারের সদস্য এবং বন্ধুদের জন্য খুশীর খবর হয়ে এসেছিল। তারা বলেছিল, সুযোগটা কাজে লাগাস। এরপরে তো আফতাব ইনজুরিতে পড়লো এবং আমিও ডাক পেলাম। এখানে আসার আগে মনে পড়ছিল, পাকিস্তান আমার লাকি গ্রাউন্ড। শেষবার (২০০৩ সালে) এখানে এসে কিছু রান করেছিলাম এবং টেস্টে হ্যাটট্টিকও (প্রথম এবং একমাত্র বাংলাদেশী বোলার হিসেবে) করেছি সেবার। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল নতুনভাবে শুরুর জন্য এটাই সঠিক জায়গা।" ২০০২ সালের আগস্টে অভিষেকের পর থেকে ২০০৩ সালের নভেম্বর পর্যন্ত তার পারফরম্যান্সের গ্রাফটা উর্ধ্বমুখীই ছিল। কিন্তু এরপর থেকেই আর রান পাচ্ছিলেন না। ব্যর্থতার সময়টা প্রলম্বিত হওয়ায় সাবেক কোচ ডেভ হোয়াটমোর তাকে দল থেকে বাদই দেন। অলক অবশ্য এসব ঘটনায় নিজের দায়ই দেখছেন, "আমি ডেভ কিংবা অন্য কাউকে দোষারোপ করতে পারি না। আমি রান করছিলাম না। এবং এজন্যই বাংলাদেশ দল থেকে বাদ পড়ার সত্যিটা আমাকে মানতেই হবে। আমার কোনো ক্ষোভও ছিল না। বাংলাদেশ দল যখনই খেলতো আমি শুভকামনাই জানাতাম।" রানে ফেরার জন্য অনেকের শরণাপন্ন হয়েছেন। কিন্তু সেটা হিতে বিপরীত হয়েছে বলেও জানিয়েছেন তিনি, "যখন ফর্মে ছিলাম না তখন অনেকের সঙ্গেই কথা বলেছি। কী করা উচিত- এ নিয়ে কোচ থেকে শুরু করে অনেক খেলোয়াড়ের সঙ্গেও কথা বলেছি। সম্ভবত সেসময় আমি খুব বেশি লোকের সঙ্গে কথা বলে ফেলেছিলাম এবং তাদের কথা শুনে অনেক কিছু করারও চেষ্টা করেছি। যেগুলোতে ফল তো পাই-ইনি বরং 'কনফিউসড' এক ক্রিকেটার হয়ে গিয়েছিলাম।" সেখান থেকে বেরিয়ে আসার রহস্যটাও খুলে বলেছেন, "এরপর আমি নিজেই নিজের ব্যাটিংয়ের খুঁতগুলো বের করলাম। টেকনিক্যাল কিছু পরিবর্তনও এনেছি ব্যাটিংয়ে। আগে আমি শুরুর দিকে খুব বেশি আড়াআড়ি খেলে ফেলতাম। একারণেই আমি রান পাচ্ছিলাম না। এরপর সোজা ব্যাটে খেলার প্র্যাকটিস শুরু করলাম। এরপর তো এই মৌসুমে জাতীয় লিগ ও ঢাকার প্রিমিয়ার লিগে রান করলাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২৩০৫ঘ.