২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুল মনে করেন সব দোষ বোলারদের

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ফ্ল্যাট উইকেটে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠালেন কেন? বুধবার ১৩১ রানের হারের পর মোহাম্মদ আশরাফুলের এমন প্রশ্নে জর্জরিত না হওয়ার কোনো কারণ ছিল না। বিশেষ করে আগেরদিন একই মাঠে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগে ব্যাট করে ৩০০ রান করার উদাহরণ যখন আছে। বাংলাদেশ অধিনায়ক অবশ্য শ্রীলঙ্কার ৩৫৭ রানের পাহাড়কে নিজ সিদ্ধান্তের 'ভুল' বলে মানতে একদমই নারাজ। এর দায় তিনি চাপিয়ে দিয়েছেন বোলারদের কাঁধে। সনাৎ জয়াসুরিয়া-কুমার সাঙ্গাকারার ব্যাটিং তাণ্ডবের পেছনেও বোলারদের হাত দেখেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, ২৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ফ্ল্যাট উইকেটে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠালেন কেন? বুধবার ১৩১ রানের হারের পর মোহাম্মদ আশরাফুলের এমন প্রশ্নে জর্জরিত না হওয়ার কোনো কারণ ছিল না। বিশেষ করে আগেরদিন একই মাঠে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগে ব্যাট করে ৩০০ রান করার উদাহরণ যখন আছে। বাংলাদেশ অধিনায়ক অবশ্য শ্রীলঙ্কার ৩৫৭ রানের পাহাড়কে নিজ সিদ্ধান্তের 'ভুল' বলে মানতে একদমই নারাজ। এর দায় তিনি চাপিয়ে দিয়েছেন বোলারদের কাঁধে। সনাৎ জয়াসুরিয়া-কুমার সাঙ্গাকারার ব্যাটিং তাণ্ডবের পেছনেও বোলারদের হাত দেখেছেন তিনি। টস জিতেও প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে তার ভাষ্য, "আমারই সিদ্ধান্ত ছিল এটা। ভেবেছিলাম দ্রুতই দুটো কি তিনটা উইকেট তুলে নিতে পারলে ওদেরকে (শ্রীলঙ্কা) চাপে ফেলা যাবে। ওদের ছয়জন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিযে নামাটা একটা কারণ ছিল। তাছাড়া আমিরাতের বিপক্ষে ব্যাটিংয়ের সময় প্রথম ১৫ ওভারে বল সুইংও করছিল। উইকেটে যথেষ্ট মুভমেন্টও ছিল। কিন্তু আমাদের বোলাররা হতাশ করেছে। যে লাইনে বল করা দরকার ছিল, তা ওরা করতে পারেনি।" জয়াসুরিয়া-সাঙ্গাকারার সাফল্যের মাঝে তার দলের বোলারদের ব্যর্থতাকে ঢুকিয়ে দিতেও দ্বিধা করেননি তিনি। দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যানের চড়ে বসার নেপথ্যে বোলারদের অবদানকে আশরাফুল টেনে এনেছেন এভাবে, "মানছি জয়াসুরিয়া ও সাঙ্গাকারা দুর্দান্ত ব্যাটিং করেছেন। কিন্তু আমরাও ওদের বিপক্ষে খুবই বাজে বোলিং করেছি। যার ফলে ওরা আমাদের কাছ থেকে ম্যাচ বের করে নিয়ে গেছে।" আশরাফুলের শেষ বাক্যটা আরেকটি প্রশ্ন না জাগিয়ে পারছে না। তাহলে কী তিনি মনে করছেন এই ম্যাচেও জেতা সম্ভব ছিল? বাংলাদেশ অধিনায়কের জবাবটা শুনুন, "এই উইকেটে ২৭০ রান চেজ করা খুব কঠিন কিছু ছিল না। উইকেটটাও চমৎকার ছিল। আমি তো বলবো আমরা একটা সুযোগই হারিয়েছি।" যদিও শ্রীলঙ্কার কাছে হারে তেমন কিছু এসে যায়নি বাংলাদেশের। আমিরাতকে হারিয়ে রাখায় দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেছে আগেই। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে বৃহষ্পতিবার সন্ধ্যা ছয়টার ফ্লাইটে লাহোর থেকে করাচী গেছে বাংলাদেশ দল। করাচিতে গিয়ে কিছুটা স্বস্তিও পাওয়ার কথা। কারণ লাহোরে যে গরমে পুড়তে হচ্ছিল ! ইদানীং সেখানে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসেও পৌছাচ্ছে। এমন গরমে পরপর দুদিন ম্যাচ আশরাফুলদের শারীরিক ফিটনেসের চূড়ান্ত পরীক্ষাই নিয়েছে। এ প্রসঙ্গ তোলা হলে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, "এতো গরম আপনার শরীর থেকে অনেক কিছু শুষে নেবেই। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের সবকিছুর জন্যই প্রস্তুত থাকতে হয়। আমিরাতকে হারানো এবং দ্বিতীয় রাউন্ডে যাওয়া, এখানে আসার আগে এটাই ছিল আমাদের প্রথম লক্ষ্য। সেটি অর্জিত হয়েছে। এখন পরের রাউন্ডে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সেরা খেলাটা খেলার দিকেই মনোযোগ থাকবে আমাদের। আশা করছি করাচিতে এতো গরম পড়বে না।" শনিবার করাচিতে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ বাংলাদেশের। প্রতিপক্ষ বৃহষ্পতিবার ভারত-পাকিস্তান ম্যাচে যারা হারবে তারা। সোমবার আবার মুখোমুুখি হবে শ্রীলঙ্কার। আর দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের শেষ ম্যাচ ৪ জুলাই। প্রথম রাউন্ডের দুই ম্যাচ থেকে আশরাফুল ইতিবাচক যে বিষয়গুলো দেখেছেন সেগুলো একরম, "ব্যাটিংটা ভালোই হচ্ছে। বোলিংয়ে এখন পর্যন্ত রাজ্জাক দুর্দান্ত। মাশরাফিও খারাপ করেনি। আশা করি তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকবে। কিন্তু অন্য বোলারদেরও তো ভালো কার প্রয়োজন।" যাদের কারণে নিজ সিদ্ধান্তের 'ভুল'টা কিছুটা হলেও আড়াল করতে পারছেন আশরাফুল! টাইগারক্রিকেট ডটকম- এর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২০ঘ.