ঢাকা, ২২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ব্যাটিং স্বর্গ হিসেবে খ্যাতি আছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের। ১৯৭৮ সাল থেকে এখানে ওয়ানডেতে গড়ে ওভারপ্রতি ৫.৭ রান করে হয়ে আসছে। এসব পরিসংখ্যানে জেমি সিডন্সের চমকিত হওয়ার কারণও একেবারে ফেলনা নয়। এই কিছুদিন আগেই যে সেখানে স্বাগতিকদের বিপক্ষে ২৮৫ রানের ইনিংস আছে তার দলের! মঙ্গলবার এই ভেন্যুতেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু হচ্ছে বাংলাদেশের। পরদিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা। রোববার বিকেলে গাদ্দাফি স্টেডিয়ামে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ব্যাটসম্যানদের ওপর আস্থাই ঝরলো বাংলাদেশ দলের কোচের মুখে।
এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটসম্যানরা রান করেছেন। এই প্রসঙ্গ তুলে সিডন্স বললেন, "শেষবার যখন আমরা এখানে খেললাম, তখন ২৮৫ রান করেছিলাম। এছাড়া অন্য দুই ম্যাচে দুইশো পার করেছি। দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজেও ব্যাটিংয়ে উন্নতি হয়েছে। আমরা হেরেছি ঠিকই কিন্তু এটাও তো মানতে হবে যে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো খুবই শক্তিশালী। টিম রুল মেনে রকিবুল ও আশরাফুরা ভালো খেলছে। আমরা ঠিক পথে আছি বলেই আমার বিশ্বাস। অবশ্য আমাদের বোলিংটা হয়তো সেরকম ভালো হচ্ছে না।"
এশিয়া কাপে বোলিংয়েও উন্নতি দেখতে চাইবেন বাংলাদেশ দলের হেড কোচ। তার আগে দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করাটাও আছে তার চিন্তাজুড়ে। সংযুক্ত আরব আমিরাতকে হারালেই পরের রাউন্ডে চলে যাওয়া নিশ্চিত। এটাকে অনিশ্চিত বলে মনে হচ্ছে না সিডন্সেরও, তবে শিষ্যদের প্রতি সাবধানে থাকার দাবিও রাখছেন তিনি, "আমাদের সামর্থ্য অনুযায়ী খেললে সংযুক্ত আরব আমিরাতকে না হারানোর কোনো কারণ তো দেখি না। তবে আমাদের এটাও মনে রাখতে হবে যে ওরাও জেতার জন্য নামবে। আমরা আগে আমিরাতকে হারাতে চাই। পরের প্রতিপক্ষ নিয়ে চিন্তা এরপরে।"
অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের কন্ঠেও শোনা গেল একই সুর, "আপাতত আমরা কেবল এই ম্যাচ নিয়েই ভাবছি। অবশ্যই আমরা ওদের চেয়ে শক্তিশালী দল। এটা জানি মঙ্গলবার জিতলেই আমরা পরের রাউন্ডে চলে যাব। আমি তো ভীষণ আত্মবিশ্বাসী।" যদিও আমিরাত সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা নেই বাংলাদেশ দলের। থাকার কারণও নেই। আমিরাতের সর্বশেষ ওয়ানডে খেলার ঘটনা এক যুগ আগের, ১৯৯৬ সালের বিশ্বকাপে এই গাদ্দাফি স্টেডিয়ামেই নিজেদের শেষ ওয়ানডে খেলেছিল তারা। রোববার এই ভেন্যুতে কৃত্রিম আলোয় তিন ঘন্টা অনুশীলন করেছে বাংলাদেশ। মাঠের অন্যপাশে ছিল আমিরাত দলও। মূলত সেখানে বসবাসরত পাকিস্তানি ও ভারতীয়দের নিয়েই গঠিত আমিরাতের দলটি।
তথ্যসূত্র : টাইগারক্রিকেট ডটকম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২২০ঘ.
bdnews24