ঢাকা, ১৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করেছেন লে. কর্নেল (অব.) এমএ লতিফ। বুধবার (১৮ জুন) বিসিবি সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালী বরাবর লেখা পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণে সরে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
বৃহষ্পতিবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোরকেও বিসিবি ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান এম এ লতিফ বলেন, "আমি একান্ত ব্যক্তিগত কারণে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে আর অন্য কোনো কারণ নেই।" তার এই আকস্মিক পদত্যাগে বিসিবির ১১ জনের অ্যাডহক কমিটির সদস্যসংখ্যা আরেকজন কমে গেল। নাইকো দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে বর্তমানে কারাগারে থাকায় সেলিম ভূইয়া বেশ কিছুদিন ধরেই হিসাবের বাইরে। তবে পদত্যাগ করার ঘটনা এটিই প্রথম।
বাংলাদেশ দলের সাবেক ম্যানেজার লতিফ বিসিবির বেশ কিছু গুরুত্বপূর্ণ কমিটির পুরোভাগে ছিলেন। ডেভলপমেন্ট কমিটি ছাড়াও একাধারে তিনি চেয়ারম্যান ছিলেন টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি এবং ডিসিপ্লিনারি কমিটির। পাশাপাশি ওয়ার্কিং কমিটিরও ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি।
পদত্যাগপত্র জমা দিয়েছেন ঠিকই তবে তা গৃহীত হয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানেন না লতিফ। সিদ্ধান্ত পাল্টানোর অনুরোধ এলে রাজী হবেন কিনা জানতে চাইলে সেই সম্ভাবনাকে একেবারে নাকচ করে দিয়েছেন লতিফ, "যে সিদ্ধান্ত নিয়েছি তা ভেবেচিন্তেই নিয়েছি। তাই এটা পুনর্বিবেচনা করার কোনো সুযোগই নেই।"
এদিকে তার হুট করে পদত্যাগের ঘটনায় খোদ বিসিবি কর্মকর্তারাও অবাক। তাদের একজন বললেন, "১৬ জুনের বোর্ড সভাতেও তো তিনি ছিলেন। গুরুত্বপূর্ণ সব আলোচনায় অংশও নিয়েছেন। পদত্যাগ করবেন, এমন আভাস সেদিন অন্তত পাইনি। তার এই সিদ্ধান্তে তাই আমরা যারপরনাই বিস্মিত।"
অবশ্য লতিফের পদত্যাগ নিয়ে ক্রিকেটাঙ্গনে নানা গুঞ্জন আছে। বোর্ড সভায় তার ডেভলপমেন্ট কমিটির কর্মকান্ড সমালোচিত হওয়াতেই নাকি ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেছেন তিনি। অবশ্য বিসিবির মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম বলছেন অন্যরকম, "এগুলো স্রেফ গুজব। সেদিনের সভার বেশিরভাগ সময় জুড়েই ছিল নিম্বাস ইস্যু। আরো কিছু বিষয় আলোচিত হলেও ডেভলপমেন্ট নিয়ে তো কোনো কথাই হয়নি, তাহলে সমালোচিত হওয়ার বিষয়টা আসছে কিভাবে?"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/১৮১৮ ঘ.
bdnews24