২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের স্বপ্নযাত্রা থামিয়ে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া

নতুন বিশ্বরেকর্ড গড়ে জেতা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। বরং তাদের স্বপ্নযাত্রাকে ৩৮৭ রানে থামিয়ে দিয়ে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউন টেস্ট জিতে নিয়েছে ৮৭ রানে। সুবাদে তারা সিরিজটাও জিতে নিয়েছে ২-০ ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 06:42 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ব্রিজটাউন, ১৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নতুন বিশ্বরেকর্ড গড়ে জেতা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। বরং তাদের স্বপ্নযাত্রাকে ৩৮৭ রানে থামিয়ে দিয়ে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউন টেস্ট জিতে নিয়েছে ৮৭ রানে। সুবাদে তারা সিরিজটাও জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। জিততে হলে শেষ ইনিংসে করতে হবে ৪৭৫ এবং সেজন্য গড়তে হবে নতুন বিশ্বরেকর্ড। এই সমীকরণ সামনে নিয়ে আগের দিন নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩ উইকেট হারিয়ে ২৩৫ রান নিয়ে চতুর্থ দিন শেষ করাতে শেষ দিনে দরকার ছিল ২৪০ রান, ৭ উইকেট হাতে। কঠিন টার্গেট, কিন্তু অসম্ভব নয় কোনোমতেই। সোমবার শেষ দিনে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান চন্দরপল-ব্রাভো জুটি রানটা ৩০৩-এ নিয়ে যাওয়াতে তাদের স্বপ্ন পাখা মেলেছিল বেশ। কিন্তু এরপর অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর শুরু। ফল চা-বিরতির আগেই ৩৮৭ রানে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ, যার অর্থ শেষ ৭ টি উইকেট হারিয়েছে তারা ৮৪ রানে। স্টুয়ার্ট ক্লার্ক এবং অভিষিক্ত ক্যাসন নিয়েছেন ৩ টি করে উইকেট। ব্রেট লি পেয়েছেন দুটো উইকেট। চতুর্থ উইকেটে ১২২ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজকে স্বপ্ন দেখানো দুই ব্যাটসম্যান ব্রাভো এবং চন্দরপল করেছেন যথাক্রমে ৬৯ ও ৫০। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সর্বোচ্চ রান আগের দিন আউট হওয়া মার্শালের, ৮৫। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৮০০ঘ.