ঢাকা, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানের কিটপ্লাই কাপ জেতার রহস্য বোর্ড সভাপতির ই-মেইল কিনা, এই প্রশ্নে শোয়েব মালিকের সংবাদ সম্মেলনে হাসির ফোয়ারা ছুটেছিল। পাকিস্তান অধিনায়ক নিজেও খুব হেসেছিলেন। কিন্তু কোনো উত্তর মেলেনি। না পাওয়া উত্তরটা মিললো রোববার দুপুরে, যখন হোটেল শেরাটনের লবিতে সংবাদমাধ্যম ছেঁকে ধরলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাসিম আশরাফকে। তার দাবি, পাকিস্তানের এই সাফল্যের নেপথ্যে তার ই-মেইলটার বিশাল ভূমিকা। কড়া ভাষায় লেখা ই-মেইলেই কাজ হয়েছে বলে মনে করেন তিনি।
এই কিটপ্লাই কাপেই গ্র"প ম্যাচে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে রানের ব্যবধানে সবচেয়ে বড় হারের (১৪০ রানে) মুখ দেখেছিল। এর পরই দলের পারফরম্যান্সের তীব্র সমালোচনা করে ম্যানেজার তালাত আলীকে লেখা বোর্ড সভাপতির চিঠি ফাইনালের আগে দলের ওপর চাপ আরো বাড়িয়েছিল বলেই সাধারণ্যে ধারণা। কিন্তু নাসিম আশরাফ বললেন এটা শোয়েব মালিকের দলের জন্য 'টনিক' হিসেবেই কাজ করেছে। তার ভাষায়, "ছেলেদের তাঁতানোর জন্যই আমি ওই ই-মেইলটা করেছিলাম। এর ইতিবাচক প্রভাব যে দলের পারফরম্যান্সে পড়েছে, তা তো আপনারা সবাই-ই দেখেছেন। ই-মেইল পাওয়ার পরপরই ছেলেরা নিজেদের পারফরম্যান্স বিশ্লেষণ করেছে। এবং বুঝেছে যে ওরা ভালো খেলেনি।"
কিটপ্লাই কাপের শিরোপা জয়ের সুদূরপ্রসারী ফলও দেখছেন তিনি, "সামনেই এশিয়া কাপ। এরপর আমাদের দেশেই বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। বলতে পারেন এই টুর্নামেন্ট (কিটপ্লাই কাপ) থেকেই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করলাম। এখানে চ্যাম্পিয়ন হওয়া দলকে দারুণ উজ্জীবিত রাখবে।" নাসিম আশরাফকে সামনে পেলে মোহাম্মদ আসিফ প্রসঙ্গ না উঠে পারেই না। এখানেও তার ব্যতিক্রম ঘটলো না। মাদক বহনের অপরাধে দুবাইতে আটক আসিফ প্রসঙ্গে 'পিসিবি বস' এর ভাষ্য, "দুবাই কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এখনো লিখিত কিছু পাইনি। সেখানে এটার তদন্ত চলছে। ওটা শেষ হোক। তারপরে দেখা যাবে।" তবে অপরাধী হয়ে থাকলেও পিসিবিকে আসিফ পাশেই পাচ্ছেন। সরাসরি না বললেও নাসিম আশরাফের কথায় সেটা পরিষ্কার। এই ফাস্ট বোলারের সামর্থ্যটাই পিসিবির কাছে বড়, "এটা মনে রাখতে হবে যে আসিফ আমাদের অন্যতম সেরা অস্ত্র।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯৩০ঘ.
bdnews24