২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিটপ্লাই কাপের শিরোপা পাকিস্তানের

খাদের কিনারায় চলে যাওয়া পাকিস্তান সত্যিই ভয়ঙ্কর দল! লিগ পর্বে ভারতের কাছে পাত্তাই পায়নি তারা, হেরেছিল ১৪০ রানের বিশাল ব্যবধানে। অথচ শনিবার ত্রিদেশীয় কিটপ্লাই কাপের ফাইনালে সেই পাকিস্তানই ২৫ রানে হারিয়ে দিয়েছে ভারতকে। সালমান বাট ও ইউনিস খানের দুটো দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ৫০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩১৫ রানের বিশাল সংগ্রহ গড়েছিল পাকিস্তান। জবাবে ৪৮.২ ওভারে ২৯০ রানে অলআউট হয়ে যায় ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 09:09 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, ১৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদের কিনারায় চলে যাওয়া পাকিস্তান সত্যিই ভয়ঙ্কর দল! লিগ পর্বে ভারতের কাছে পাত্তাই পায়নি তারা, হেরেছিল ১৪০ রানের বিশাল ব্যবধানে। অথচ শনিবার ত্রিদেশীয় কিটপ্লাই কাপের ফাইনালে সেই পাকিস্তানই ২৫ রানে হারিয়ে দিয়েছে ভারতকে। সালমান বাট ও ইউনিস খানের দুটো দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ৫০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩১৫ রানের বিশাল সংগ্রহ গড়েছিল পাকিস্তান। জবাবে ৪৮.২ ওভারে ২৯০ রানে অলআউট হয়ে যায় ভারত। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৩১৬ রানের কঠিন লক্ষ্যে ব্যাট করতে নামা ভারতের শুরুটা একদমই ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় এবং সোহেল তানভিরের প্রথম ওভারেই তুলে মারতে গিয়ে মিড অফে শোয়েব মালিককে ক্যাচ দিয়েছেন বীরেন্দর শেবাগ (২)। ৮ রানে শেবাগকে হারালেও ভালোই খেলছিলেন গৌতম গম্ভীর ও রোহিত শর্মা। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে ৫৯ রান ওঠার পর আবার ছন্দপতন। উমর গুলের খাটো লেন্থের একটা বল পুল করে মাঠের বাইরে পাঠাতে চেয়েছিলেন রোহিত। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় বল চলে যায় ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে দাঁড়ানো বদলি ফিল্ডার নাসির জামশেদের হাতে। রোহিতের ২৭ বলে ২৪ রানের ইনিংসে বাউন্ডারি ছিল ৫টি। পরের উইকেটটাও গুলের। বাংলাদেশের সঙ্গে আগের ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করা গৌতম গম্ভীর ৪০ রান করেই আউট। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে বাউন্ডারি লাইনের ঠিক সামনে এই ক্যাচও ধরেছেন জামশেদ। গম্ভীরের ৩৩ বলের ইনিংসে ৪টি বাউন্ডারি ছাড়াও ছিল গুলকে মারা একটি বিশাল ছক্কা। আইপিএল-এ দুর্দান্ত খেলা ইউসুফ পাঠান শুরু করেছিলেন দারুণভাবে। ২৪ বলে ৪টি বাউন্ডারিসহ ২৫ রান করে ভারতীয় শিবিরে আশাও জাগিয়ে তুলেছিলেন। কিন্তু ২৫তম বলটাতেই করলেন ভুল! ইফতিখার আঞ্জুমের বলে ইউনিস খানের হাতে ধরা পড়েন তিনি। ১০৬ রানে চতুর্থ উইকেট পতনের পর জুটি বাধেন যুবরাজ ও সুরেশ রায়না। দু জনের ৭৩ রানের জুটিতে আবার স্বপ্ন দেখছিল ভারত। কিন্তু ফাওয়াদ আলমকে সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে আফ্রিদির হাতে ক্যাচ তুলে দেন রায়না (২৪)। আফ্রিদিই যুবরাজকে কট বিহাইন্ড করে বড় এক ধাক্কা দিয়েছেন ভারতকে। ৫৯ বলে ৫টি বাউন্ডারি ও একটি ছক্কায় ৫৬ রান করা যুবরাজ অবশ্য আগেই আউট হতে পারতেন । কিন্তু ব্যক্তিগত ৪১ রানের সময় ফাওয়াদ আলমকে রিটার্ন ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি। ১৮৭ রানে যুবরাজকে হারানোর পর মহেন্দ্র ধোনি ও ইরফান পাঠান ৬০ রানের জুটি গড়ে ভারতের আশা বাঁচিয়ে রাখলেও আস্কিং রানরেট লাফিয়ে, লাফিয়ে বেড়ে যাচ্ছিল। তা কমানোর আশায় তুলে মারতে গিয়েই ইরফান আউট! আঞ্জুমের বলে পুল করতে গিয়ে মিড উইকেটে শোয়েব মালিকের ক্যাচে পরিণত হন তিনি। ইরফানের ৩৫ বলে ২৮ রানের ইনিংসে ছিল একটি করে বাউন্ডারি ও ছক্কা। পরের দুটো উইকেটই উমর গুলের। এলবিডব্লুর ফাঁদে পড়ার আগে ৫ রান করতে পেরেছেন প্রবীন কুমার। আর বোল্ড হওয়ার আগে পীযূষ চাওলার অবদান ২ রান। ধোনি অবশ্য অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু অধিনায়কের ৫৯ বলে দুটি ছক্কা ও ৩টি বাউন্ডারিতে গড়ে ওঠা ৬৪ রানের ইনিংসটা শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে ভারতের। আফ্রিদির করা ৪৯তম ওভারের প্রথম বলে ছক্কা মারলেও পরের বলেই নাসির জামশেদের হাতে ধরা পড়েন ধোনি। আর পাকিস্তান দলও মেতে ওঠে বিজয়োল্লাসে। ৫৭ রানে ৪ উইকেট নেয়া গুল বিজয়ী দলের সেরা বোলার। আঞ্জুম ও আফ্রিদির শিকার দুটি করে উইকেট। এর আগে পাকিস্তানের ইনিংস গড়ে ওঠে জোড়া সেঞ্চুরির ওপরে ভিত্তি করে। লিগ পর্বের দুই ম্যাচে কিছুই করতে পারেননি ইউনিস খান। বাংলাদেশের বিপক্ষে কোনো বল না খেলে রান আউট হওয়ার পর ভারতের সঙ্গে প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন তিনি। তবে আগের দুই ম্যাচের ব্যর্থতা ফাইনালে পুষিয়ে দিয়েছেন ইউনিস। সঙ্গে পেয়েছেন সালমান বাটকে। তবে সতর্কভাবে শুরু করলেও তেমন বড় হতে পারেনি টস জয়ী পাকিস্তানের উদ্বোধনী জুটি। ইনিংসের দশম ওভারে ইরফান পাঠানকে ড্রাইভ করতে গিয়ে কামরান আকমল (১৫) কট বিহাইন্ড ! যদিও ৩৪ রানে প্রথম উইকেট পতনের ক্ষতি দলকে বুঝতেই দেননি সালমান ও ইউনিস। সালমান অবশ্য ভাগ্যবান। প্রবীন কুমারের বলে ব্যক্তিগত ১৯ রানের সময় কভার-পয়েন্টে একটা সুযোগ দিয়েছিলেন তিনি। কিন্তু ডান দিকে ঝাঁপিয়েও ক্যাচটা হাতে জমাতে পারেননি রোহিত শর্মা। 'জীবন' পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে ৭৮ বলে ফিফটি এবং ১২১ বলে সপ্তম ওয়ানডে সেঞ্চুরিতে পৌঁছে যান সালমান। ভারতের বিপক্ষে এটা তার পঞ্চম সেঞ্চুরি। সেই তুলনায় ইউনিস ছিলেন অনেক আক্রমণাত্মক। ৫৩ বলে হাফ সেঞ্চুরি এবং মাত্র ৯২ বলে চতুর্থ সেঞ্চুরি করার পথে পীযূষ চাওলাকে দুটো ও শেবাগকে একটি ছক্কা মেরেছেন তিনি। সেঞ্চুরির ঠিক পরই ইরফান পাঠানের বলে লং অনে একটা সুযোগ দিয়েছিলেন ইউনিস। কিন্তু কঠিন ক্যাচটা ধরতে পারেননি ইরফানের বড় ভাই ইউসুফ পাঠান। শেষ পর্যন্ত ইউনিসকে শেবাগের ক্যাচ বানিয়ে ভারতীয় শিবিরে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে নিয়ে আসেন ইশান্ত শর্মা। ৯৯ বলে ১০৮ রানের আক্রমণাত্মক ইনিংসে ঐ তিনটি ছক্কা ছাড়াও ছিল ৮টি বাউন্ডারি। দ্বিতীয় উইকেটে সালমান-ইউনিসের ৩২.৩ ওভারে ২০৫ রানের বিশাল জুটির জন্যই তিন শ'র ওপরে যেতে পেরেছে পাকিস্তান। ইউনিসের বিদায়ের পর প্রমত্ত হয়ে ওঠেন সালমান। আর তাই সেঞ্চুরির পর এই বাঁহাতি ওপেনারের ২৯ রান এসেছে মাত্র ১৫ বলে। পায়ের পেশিতে টান পড়ায় ১২৯ রানের সময় মাঠের বাইরে চলে যাওয়া সালমান চাওলাকে দুটি ও শেবাগকে একটি ছক্কা ছাড়াও ১২টি বাউন্ডারি মেরেছেন। সালমান ও ইউনিসের 'ঝড়' সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়েছে চাওলাকে। ১০ ওভারে ৮৫ রান দিয়ে উইকেট শূন্য থাকাতেই তা প্রমাণিত। সালমান বেরিয়ে যাওয়ার সময় পাকিস্তানের স্কোর ৪৬ ওভারে ২ উইকেটে ২৮২ রান। শেষ ৪ ওভারে আরো ৩৩ রান যোগ করেছে তারা। চার নম্বরে নামা মিসবাহ-উল হকও কম যাননি। ২১ বলে চাওলাকেই একটি ছক্কা ও ৪টি বাউন্ডারি সহ ৩৩ রান করে ইরফানের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন তিনি। শোয়েব মালিক ১১ ও শহীদ আফ্রিদি অপরাজিত ছিলেন ১০ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২৩৩৪ঘ.