২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেই পাকিস্তান, সেই ফাইনাল!

অনিশ্চিত চরিত্রের জন্য খ্যাতি আছে পাাকিস্তান ক্রিকেটের। এ কারণেই দিনকয়েক আগের 'ফকির' পাকিস্তানের ফাইনালে 'রাজা' হওয়ার সম্ভাবনাকে কেউ উঁড়িয়ে দিতে পারছিল না। এমনকি ভারতও নয়। এবং শনিবার কিটপ্লাই কাপের ফাইনালেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে নিজেদের পুরনো অথচ পরিচিত অনিশ্চিত চরিত্রটাই আরেকবার মেলে ধরলো তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2008, 02:38 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, ১৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অনিশ্চিত চরিত্রের জন্য খ্যাতি আছে পাাকিস্তান ক্রিকেটের। এ কারণেই দিনকয়েক আগের 'ফকির' পাকিস্তানের ফাইনালে 'রাজা' হওয়ার সম্ভাবনাকে কেউ উঁড়িয়ে দিতে পারছিল না। এমনকি ভারতও নয়। এবং শনিবার কিটপ্লাই কাপের ফাইনালেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে নিজেদের পুরনো অথচ পরিচিত অনিশ্চিত চরিত্রটাই আরেকবার মেলে ধরলো তারা। এজন্যই গ্র"প ম্যাচে যে পিযুশ চাওলাকে (৪০ রানে ৪ উইকেট) রীতিমতো শেন ওয়ার্ন বানিয়ে দিয়েছিল তারা, তাকেই ফাইনালে একেবারে গলির বোলারের পর্যায়ে নামিয়ে আনা গেল। শুধু তাই নয়। ১০ ওভারে ৮৫ রান দিয়ে ওয়ানডেতে ভারতের হয়ে তৃতীয় সেরা বাজে বোলিংয়ের রেকর্ডেও ঠাঁই হয়ে গেল ওই লেগস্পিনারের। যে ইউনিস খান কিটপ্লাই কাপের দুই গ্র"প ম্যাচেই প্রথম বলে আউট, সেই তিনিই কিনা এদিন ৯৯ বলে ১০৮ রানের এক তান্ডব চালিয়ে ফেললেন। গত মঙ্গলবার গ্র"প ম্যাচে যারা ভারতের ৩৩০ রান তাড়া করে টেনেটুনে মাত্র ১৯০ রান করতে পেরেছিল, তাদের ফাইনালে দ্বিতীয় উইকেটেই ২০৫ রান এনে দিল সালমান বাট ও ইউনিসের জুটি। সুবাদে তারা ছুঁয়েছেন জহির আব্বাস-মহসিন খানকে। ১৯৮২ সালে ভারতের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ২০৫ রান করে এতদিন ভারতের বিপক্ষে দ্বিতীয় উইকেটে পাকিস্তানের রেকর্ডটা ছিল ওদের একার, শনিবার থেকে ইউনিস-বাটও তাদের সঙ্গী। তাদের এই কৃতিত্ব, প্রথম ৫ ওভারে মাত্র ১৩ রানের নড়বড়ে শুরুর পরও ৫০ ওভারে ৩ উইকেটে ৩১৫ রান তোলা মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে "আনপ্রেডিক্টেবল" পাকিস্তানকে চিনিয়েছে আরো একবার। সেই সঙ্গে মনে করিয়েছে দশ বছর আগের আরেকটি ভারত-পাকিস্তান ফাইনালের কথাও। যেটিতেও মোটামুটি একইরকম চিত্রনাট্য মেনে এগিয়েছিল পাকিস্তানের ব্যাটিং। ১৯৯৮ সালের ১৮ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ইন্ডিপেে ন্ডন্স কাপের 'বেস্ট অফ থ্রি'র শেষ ফাইনালে মোহাম্মদ আজহারউদ্দিনের ভারত টস জিতে ব্যাটিংয়ে নামিয়েছিল রশিদ লতিফের পাকিস্তানকে। সকাল থেকেই ভারী কুয়াশার কারণে ৪৮ ওভারে নির্ধারিত ফাইনালে তারা ৫ উইকেট খুঁইয়ে শুধু ৩১৪ রানই তোলেনি, সেই ইনিংস দেখেছিল সাঈদ আনোয়ার (১৪০) ও ইজাজ আহমেদের (১১৭) সেঞ্চুরিও। দশ বছর পর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ভারত-পাকিস্তানের অষ্টম ফাইনালটিও দেখলো পাকদের ইনিংসে দু'দুটো সেঞ্চুরি। সুবাদে গত বেশ কিছুদিন ধরে 'সুপার টিউন'এ থাকা ভারতের এই ফাইনালটাকে একতরফা বানিয়ে ফেলার সমস্ত সম্ভাবনাও একরকম হাওয়া। যদিও দশ বছর আগের সেই ফাইনালটিতে জিতেছিল ভারতই। এক বল বাকি থাকতে ভারতকে ৩ উইকেটের জয় এনে দিয়েছিল সৌরভ গাঙ্গুলীর অসাধারণ সেঞ্চুরি (১২৪) এবং এই ভারতীয় দলেরই ফিল্ডিং কোচ রবীন সিংয়ের ৮২ রানের দুর্দান্ত এক ইনিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দর্শকরা সেদিন 'মহাকাব্যিক' এক ফাইনাল দেখার তৃপ্তি নিয়ে বাড়ী ফিরেছিলেন। শনিবার দ্বিগুণ, তিনগুণ দামে কালোবাজারে টিকেট কেটে যারা স্টেডিয়ামে ঢুকলেন, তাদের পয়সা ষোলো আনা উসুল করা জমজমাট লড়াইয়ের ছাড়পত্র মিলে গেছে পাকিস্তানের ব্যাটিংয়ের পরপরই। ফাইনালে ভারত-পাকিস্তান লড়াইয়ে অবশ্য এগিয়ে আছে পাকরাই। এই ফাইনালটা বাদ দিলে এর আগে এই দু'দলের ফাইনালে দেখা হয়েছিল সাতবার। এরমধ্যে পাঁচবারই শেষ হাসি হেসেছে পাকিস্তান, আর ভারত মাত্র দুবার। তবে গত বেশ কিছুদিন ধরেই ভীষন একতরফা হয়ে উঠছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই। সর্বশেষ ১২ ম্যাচের ৯টিতেই ভারতের জয় এই দাবিকে যৌক্তিক করে তুলেছিল আরো বেশি। ফাইনালে তেমন কিছু হতে দেবেন না বলেই হয়তো পণ করে নেমেছিলেন সালমান বাট। একসময় ভারতের 'যম' বলে খ্যাতি ছিল সাঈদ আনোয়ারের। এখন তার মতোই আরেক বাঁহাতি ওপেনার ওই বিশেষণের মালিক হতে যাচ্ছেন বোধহয়। ওয়ানডেতে দুই হাজার রানের মাইলফলক পেরুতে এদিন তার দরকার ছিল ১০২ রানের। হ্যামিস্ট্রংয়ের চোটে অবসর নিতে বাধ্য হওয়ার আগে সপ্তম ওয়ানডে সেঞ্চুরি দিয়ে এই মাইলফলক তো পেরিয়েছেনই সালমান (১২৯)। সেই সঙ্গে ভারতের 'আতঙ্ক' হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন প্রায়। তার সাতটা ওয়ানডে সেঞ্চুরির দুটো বাংলাদেশের বিপক্ষে। আর বাকি পাঁচটিতেই প্রতিপক্ষ ভারত! ভারতের বিপক্ষে পাঁচটা করে সেঞ্চুরি আছে আরো তিনজনের। নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টল, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং শ্রীলঙ্কার সনাত জয়াসুরিয়ার। কিন্তু তাদের কেউই সালমানের ধারেকাছে আসতে পারছেন না। কারণ তার এই পাঁচটা সেঞ্চুরি করতে সালমানের লেগেছে মাত্র ১৮টি ম্যাচ! পরিসংখ্যান তো ভারতের 'যম' হিসেবে সাঈদ আনোয়ারের চেয়েও তাকে এগিয়ে রাখছে বেশি! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২০ঘ.