২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ভার ভারত আর সমস্যাক্রান্ত পাকিস্তানের ফাইনাল

দু'দলের বিপরীতমুখী অবস্থা দেখে আসলে ভারত-পাকিস্তান ফাইনালের উত্তাপটা ঠিক টের পাওয়া যাচ্ছে না। শনিবার কিটপ্লাই কাপের ফাইনাল অথচ তার আগেরদিন ভারত পুরোপুরি ফুরফুরে মেজাজে। আর পাকিস্তানের অবস্থা উত্তপ্ত কড়াইয়ে ভাজা ভাজা হওয়ার মতোই অনেকটা! বিস্তারিত জানাচ্ছেন মাসুদ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2008, 03:55 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, ১৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দু'দলের বিপরীতমুখী অবস্থা দেখে আসলে ভারত-পাকিস্তান ফাইনালের উত্তাপটা ঠিক টের পাওয়া যাচ্ছে না। শনিবার কিটপ্লাই কাপের ফাইনাল অথচ তার আগেরদিন ভারত পুরোপুরি ফুরফুরে মেজাজে। আর পাকিস্তানের অবস্থা উত্তপ্ত কড়াইয়ে ভাজা ভাজা হওয়ার মতোই অনেকটা! । দু'দলের বিপরীতমুখী অবস্থা দেখে আসলে ভারত-পাকিস্তান ফাইনালের উত্তাপটা ঠিক টের পাওয়া যাচ্ছে না। শনিবার কিটপ্লাই কাপের ফাইনাল অথচ তার আগেরদিন ভারত পুরোপুরি ফুরফুরে মেজাজে। আর পাকিস্তানের অবস্থা উত্তপ্ত কড়াইয়ে ভাজা ভাজা হওয়ার মতোই অনেকটা! তা নয়তো কী? মঙ্গলবার ভারতের কাছে সবচেয়ে বড় ব্যবধানে হারার পর দলের সমালোচনা করে ম্যানেজারকে লেখা বোর্ড সভাপতির চিঠি ফাঁস হয়ে যাওয়া সমস্যা বাড়িয়েছে আরো। সেই চিঠির প্রসঙ্গে সংবাদ সম্মেলনে কোচ জিওফ লসনের মেজাজ হারানোতে এরই প্রভাব। মিরপুরে তিন ঘন্টার ঘামঝরানো অনুশীলনশেষে দুপুরে শেরাটনে ফিরেই ৫০১ নাম্বার রুমে রুদ্ধদ্বারে বৈঠকও করতে হয়েছে পুরো দলকে। কার সঙ্গে? শুক্রবার দুপুরে ঢাকায় পৌছে ওই রুমেই যে উঠেছেন 'পিসিবি বস' নাসিম আশরাফ। সেখানে নিশ্চয়ই তাদের জন্য প্রশংসাবাক্য অপেক্ষা করে থাকেনি! বাজে পারফরম্যান্স ও সমালোচনা মিলিয়ে ফাইনালের আগে তাই পাকিস্তানের ত্রাহি মধুসূদন অবস্থা। অন্যদিকে নির্ভার ও ভীষণরকম নির্বিকার ভারত। বিকেলে 'ভলান্টারি' প্র্যাকটিসে মিরপুরে গিয়েছিলেন শুধু দলের জুনিয়র ক্রিকেটাররাই। সকালে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ইরফান পাঠান ও যুবরাজ সিংয়ের মতো সিনিয়রদের সঙ্গে একটা ক্লিনিকের উদ্বোধনীতে গিয়েছিলেন গৌতম গম্ভীরও। দলের আরো অনেকেই নিজেদের মতো করে ঘুরে বেড়িয়ে পার করেছেন সকালটা। বিকেলে হোটেল শেরাটনে কিটপ্লাই কাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে শোয়েব মালিকের শুকনো মুখের পাশে ধোনির ঝলমলে চেহারা দেখাটাই তাই খুব স্বাভাবিক ছিল। ১৭ বছর ধরে ভারতীয় ক্রিকেট দলের পেছনে ছোটা কলকাতার এক সাংবাদিক বলছিলেন, "দীর্ঘ ক্যারিয়ারে কোনো পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় দলকে এতো রিলাক্সড থাকতে দেখিনি।" জানা গেল, ক্রিকেটারদের এতোটা নির্ভার রাখার তত্ত্বটা আসলে গ্যারি কারস্টেনের দেওয়া। জেমি সিডন্স বাংলাদেশে এসে 'টিম রুল' ও 'প্রসেস' নামের কিছু নতুন তত্ত্ব দিলেও সেগুলো এখনো খুব একটা কাজে আসছে না। কিন্তু ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকান কোচের 'সুইচ অন, সুইচ অফ' তত্ত্ব নাকি দারুণ ফল দিচ্ছে। মানে ম্যাচের সময় নিজের সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ো আর অন্য সময়টা নির্ভার থেকে উপভোগ করো। আর দিবা-রাত্রির ম্যাচ হলে পরদিন ছুটি পাওয়াটাও অলিখিত এক নিয়ম হয়ে গেছে ভারতীয় শিবিরে। ফাইনালের আগেরদিন ছুটির আমেজে থাকা ধোনির কথা শুনে চাপ বলে কোনো কিছুর অস্তিত্ব টেরই পাওয়া গেল না, "আমরা এটাকে স্রেফ আরেকটা ম্যাচ হিসেবেই নিচ্ছি। ফাইনাল হিসেবে নয়।" কিটপ্লাই কাপের দুই ম্যাচেই বীরেন্দর শেবাগ আর গৌতম গম্ভীরের উদ্বোধনী জুটি দারুণ সূচনা দিয়েছে। তাদের মিডল অর্ডার সেভাবে এখনো পরীক্ষিত নয়, এই প্রশ্ন তুলেও কারস্টেনকে টলানো গেল না, "ফাইনালে ওপেনারদের ওপর কোনো প্রত্যাশা আমরা চাপিয়ে দিচ্ছি না। তারা যদি ভালো নাও করে, তবু ভালোমতোই পুষিয়ে দেওয়ার ক্ষমতা আছে আমাদের মিডল অর্ডারের।" নিজ দলেরও ক্ষমতার অভাব নেই বলেই মনে হয় লসনেরও। তাই ১৪০ রানে হারের কথা ভেবে আক্রান্ত হতে চাইছেন না। "গত ম্যাচে যা হয়েছে সেটা এখন অতীত। এরপরে আমরা কঠোর অনুশীলন করেছি। ফাইনালে জেতার জন্য বাড়তি প্রচেষ্টা থাকতে হবে"- এটুকু বলেই আবার একরকম ঢালও যেন তৈরি করে রাখলেন তিনি, "আমরা জিততে চাই। তবে হারলে সব কিছু শেষ হয়ে যাবে তা নয়।" প্রতিপক্ষ যখন পাকিস্তান তখন তারা একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবেই। সেটা জানা বলে ফাইনালে কোনো পরীক্ষা-নিরীক্ষা করা হবে না বলেই নিশ্চিত করে দিয়েছেন ধোনি, "ফাইনালে কোনো এক্সপেরিমেন্ট হবে না।" পাকিস্তান ম্যাচের দলটারই খেলার সম্ভাবনা বেশি। ভারতীয় দল সূত্রের খবর, ইশান্ত শর্মা নাকি আরপি সিং- এই একটা সিদ্ধান্ত হলেই নাকি একাদশ হয়ে যায়। লসন জানিয়েছেন তার একাদশ হবে ম্যাচের দিন। শনিবার ভারতকে ফেভারিট মেনেই তার দলের খেলতে নামার কথা। কিন্তু লসন তা মানছেন না এটা একেবারেই নতুন একটা ম্যাচ বলে। তবে এই জমানায় এটা মেনে নেওয়াই বোধহয় ভালো। কেন? এটা ধোনির কথা শুনলেই বেশ বুঝতে পারার কথা, "একটা সময় ছিল যখন বেশিরভাগ ম্যাচেই পাকিস্তান জিতত। কিন্তু গত চার বছরে আমরাই বেশি জিতছি।" সর্বশেষ ১২ ম্যাচের নয়টিতেই জয় ধোনির কথার সত্যতা নিশ্চিতও করে। কিন্তু ক্রিকেটটা অনিশ্চয়তার খেলা বলে এবং পাকিস্তানও 'আনপ্রেডিক্টেবল' বলে পরিচিত বলে আগেই ফল লিখে ফেলা যাচ্ছে না। তাছাড়া ক্রিকেটে অতিরিক্ত আত্মবিশ্বাসের বলি হওয়ারও অসংখ্য নজির আছে। ফাইনালের আগে ভারতের সামনে এই একটা ঝুঁকিই থাকছে। কিন্তু এটা ফাইনাল কী? সমস্যাক্রান্ত পাকিস্তান আর নির্ভার ভারতকে দেখে তা বোঝার উপায় অবশ্য নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫০ঘ.