২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই ম্যাচের বাংলাদেশের দিকে অনেক কৌতূহল

বাজে পারফরম্যান্সের ধাক্কায় ফেলে আসা দিনের ডাকই বোধহয় শুনতে পাচ্ছে বাংলাদেশ দল! যে দিনগুলোতে যথাসম্ভব ভালো খেলার লক্ষ্যেই একেকটি ওয়ানডে খেলতে নামত তারা। এখন এমন অবস্থা যে গত কয়েক বছরে যেন অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা-ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারানোর ঘটনা ঘটেইনি! একবছর আগেও যারা হারার আগেই হেরে না গিয়ে মাঠে নামত, তাদের মুখেই এখন শোভা পায় শুধুই ভালো খেলার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 04:47 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, ১১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাজে পারফরম্যান্সের ধাক্কায় ফেলে আসা দিনের ডাকই বোধহয় শুনতে পাচ্ছে বাংলাদেশ দল! যে দিনগুলোতে যথাসম্ভব ভালো খেলার লক্ষ্যেই একেকটি ওয়ানডে খেলতে নামত তারা। এখন এমন অবস্থা যে গত কয়েক বছরে যেন অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা-ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারানোর ঘটনা ঘটেইনি! একবছর আগেও যারা হারার আগেই হেরে না গিয়ে মাঠে নামত, তাদের মুখেই এখন শোভা পায় শুধুই ভালো খেলার কথা। ত্রিদেশীয় কিটপ্লাই কাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স সেই পুরনো দিনে কথা মনে করিয়েছে আরো। যেখানে ৪০ ওভারের ম্যাচে পাকিস্তানের ২৩৩ রান তাড়া করে বাংলাদেশ ৮ উইকেটে করেছে ১৬৩ রান। শেষ ওভারে মেডেন দিয়ে ৫৬ রানে অপরাজিত মোহাম্মদ আশরাফুল তবু কোচ জেমি সিডন্সের বাহবা পেয়েছেন! বৃহষ্পতিবারের ভারত ম্যাচ তাই বাংলাদেশকে পুরনো দিনের সেই নেতিবাচক ক্রিকেট থেকে বেরিয়ে আসার আরেকটি সুযোগ হয়েই আসছে। কিন্তু বাংলাদেশ অধিনায়কের কথা শুনে তেমন একটা আশ্বস্ত হওয়া গেল না। পাকিস্তান ম্যাচের চেয়েই ভালো খেলার লক্ষ্য তার। স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায়, জেতার কথা এখন আর তাদের মুখ দিয়ে বেরোয় না কেন? বুধবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আশরাফুলকে এমন প্রশ্ন শুনতেও হল। জবাবে বললেন, "গত বেশ কিছুদিন ধরেই আমাদের পারফরম্যান্স খুব খারাপ হচ্ছে। আমাদের আত্মবিশ্বাসের স্তরও তাই নেমে গেছে অনেক। একারণেই...।" ইদানীং ব্যাটিং নিয়ে জেমি সিডন্স যা বলেন সেটাকেই আপ্তবাক্য বলে মনে করা আশরাফুল অবশ্য তার কোচের সঙ্গে একটা জায়গায় একমত নন। গত কয়েক বছরের বড় জয়গুলোকে ঠিক বাংলাদেশের কৃতিত্ব বলে মনে করেন না এই অস্ট্রেলিয়ান। তার দৃষ্টিতে এগুলোর কোনোটা কন্ডিশনের আনুকূল্যের ফসল, কোনোটা আশরাফুলের অসাধারণ ইনিংসের সৌজন্যে আসা...ইত্যাদি। মানে সেগুলোকে তার স্রেফ 'ফ্লুক' বলে মনে হয়। এখানে অবশ্য কোচের অন্ধ আনুগত্য নেই বাংলাদেশ অধিনায়কের, "ফ্লুক বলা যেত যদি ওরকম ঘটনা একবারই ঘটত। কিন্তু আমরা তো বড় ম্যাচ কম জিতলাম না। ফ্লুক তো বারবার ঘটে না। এখন ওই জয়গুলোকে ফ্লুক বললে শুনতে ভালো লাগে না।" বাংলাদেশ শুধু ভালো খেলে সন্তুষ্ট থাকার দিনে ফিরে যাচ্ছে, এটাও নিশ্চয়ই শুনতে ভালো লাগার কথা নয় আশরাফুলের। ভারত ম্যাচে অন্যরকম কিছু অপ্রিয় কথা শোনা থেকে মুক্তি দিতে পারে তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২৩০ঘ.