২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই বাংলাদেশের বিপক্ষে পরীক্ষা-নিরীক্ষার দিকেই মন ভারতীয়দের

কেউ যেভাবে চায় না সেভাবেই শুরু হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ওয়ানডে ক্যারিয়ার। ২০০৪ এর ২৩ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকে শূন্য রানে রানআউট হয়েছিলেন। ঠিক পরের ম্যাচেই হওয়া আরো ভয়াবহ অভিজ্ঞতার কথা ভারতের ওয়ানডে অধিনায়ক নিজেই হাসতে হাসতে জানালেন, "ঠিক পরের ম্যাচেই আমরা বাংলাদেশের কাছে হারলাম।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, ১১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- কেউ যেভাবে চায় না সেভাবেই শুরু হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ওয়ানডে ক্যারিয়ার। ২০০৪ এর ২৩ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকে শূন্য রানে রানআউট হয়েছিলেন। ঠিক পরের ম্যাচেই হওয়া আরো ভয়াবহ অভিজ্ঞতার কথা ভারতের ওয়ানডে অধিনায়ক নিজেই হাসতে হাসতে জানালেন, "ঠিক পরের ম্যাচেই আমরা বাংলাদেশের কাছে হারলাম।" হেরেছেন ওয়েষ্ট ইন্ডিজে ওয়ানডে বিশ্বকাপেও। এতোকিছুর পর বৃহষ্পতিবার কিটপ্লাই কাপে মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের প্রতি অন্যরকম শ্রদ্ধাই ঝরে পড়ার কথা ভারতের। কিন্তু তা না হয়ে এই ম্যাচটাকে এশিয়া কাপের আগে পরীক্ষা-নিরীক্ষার শেষ সুযোগ হিসেবেই দেখছে ভারতীয় শিবির। মোহাম্মদ আশরাফুলদের এটা মেনে না নিয়েও কোনো উপায় নেই। কারণ এক বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশে যে অনেক ফারাক! তাছাড়া পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দেওয়ার পর ভারত এই ম্যাচটাকে 'ডালভাত' মনে করে থাকলেও আশ্চর্যের কিছু নেই। পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে (১৪০ রানে) জয়ের পরও ভারতীয় শিবির থেকে উচ্ছ্বাসে ভেসে যাওয়ারও কোনো খবর আসেনি। পাকদের বিপক্ষে জেতাকে একরকম নিয়ম বানিয়ে ফেলার পর (সর্বশেষ ১২ ওয়ানডের ৯টিতেই জয়) এমন হওয়াই স্বাভাবিক। ধোনির তরুণ তুর্কিদলের মুখোমুখি হওয়ার আগে আশরাফুলও জোরগলায় কিছু বলতে পারছেন না। পাকিস্তান ম্যাচের তুলনায় আরেকটু ভালো করাতেই সীমাবদ্ধ বাংলাদেশ অধিনায়কের লক্ষ্য, "ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, এই তিন ডিপার্টমেন্টে প্রথম ম্যাচের তুলনায় উন্নতি করতে চাই।" এই উন্নতি চিন্তার মাঝে ভারতকে হারানোর ভাবনা উঁকি দিচ্ছে সামান্যই। কোচ জেমি সিডন্সের তৈরি করে দেওয়া 'টিম রুল' যে কখনোই পুরোপুরি মেনে চলা হচ্ছে না তাদের। এজন্যই ভারতকে হারানো বিষয়ক প্রশ্নে আশরাফুলের উত্তর অনেক 'যদি' নির্ভর, "ইতিমধ্যে আমরা ভারতকে দুইবার হারিয়েছিও। আমাদের ব্যাটসম্যান ও বোলাররা ভালো করলে এবারো হারানো সম্ভব। যদি টিম রুল অনুযায়ী বোলাররা সঠিক জায়গায় বল করে যেতে পারে এবং ব্যাটসম্যানরা যদি পরিস্থিতি বুঝে ব্যাটিং করে তাহলে কেন সম্ভব নয়?" বুধবার সকাল দশটা থেকে দুপুর অব্দি অনুশীলনের পর বাংলাদেশ আগের ম্যাচের ১২ জনের দলটাই অপরিবর্তিত রেখে দিয়েছে। এই ম্যাচে পাকিস্তান ম্যাচের একাদশও অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি। তাহলে এই ম্যাচেও দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকাটা নিতে হবে অলরাউন্ডার ফরহাদ রেজাকেই। অন্যদিকে ভারত এই ম্যাচটাকে কাজে লাগাতে চাইছে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে। একারণেই কিছু পরীক্ষা-নিরীক্ষার অবকাশ এসে যাচ্ছে। ধোনি সেরকম আভাসই দিয়েছেন, "যারা ম্যাচ পায়নি তাদের ম্যাচ দেওয়ার ভাবনা আছে।" কিন্তু ভাবনার কথা বিস্তারিত জানানোয় আপত্তি আছে তার, "১৫ জনের যে কেউই খেলতে পারে। আমি ১২ জনের দল ঘোষণায় বিশ্বাসী নই।" তবে পরীক্ষা-নিরীক্ষার মানে যে এই ম্যাচ দুলকি চালে খেলা নয়, সেটাও নিশ্চিত করে দিয়েছেন ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকান কোচ গ্যারি কারস্টেন, "আমরা খুব ভালো একটা জয় পেয়েছি ঠিকই তাই বলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আর বাংলাদেশকেও হালকাভাবে নেওয়ার প্রশ্ন আসে না।" পাকিস্তানকে হারানোর পর ধোনি বলেছিলেন, "প্রতিদিন ওপেনাররা ২৫ ওভার পর্যন্ত খেলে দেবে, এটা আপনি আশা করতে পারেন না। সুতরাং মিডল অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বটা নিতে হবে।" এদিন অধিনায়কের সুরেই কথা বলা কোচ আরেকটা গুরুত্বপূর্ণ কথাও বলে দিলেন, "এটাই ভারতের ভবিষ্যতের দল।" এই দলেরই কেউ কেউ আছেন নিজেকে মেলে ধরার অপেক্ষায়। এই যেমন প্রজ্ঞান ওঝার এই ম্যাচেই হয়ে যেতে পারে ওয়ানডে অভিষেক। ডেকান চার্জাসের হয়ে আইপিএল খেলা এই বাঁ হাতি স্পিনার সেই উত্তেজনাতেই এখন টগবগ করে ফুটছেন, "আমি দেড় বছর ধরে অপেক্ষা করছি। সুযোগ পেলে কাজে লাগাবো।" বুধবার বিকেলে ভারতীয় দলের অনুশীলন সবার জন্য বাধ্যতামূলক ছিল না। সেখানে ওঝার মতো জুনিয়র ক্রিকেটাররাই শুধু ছিলেন। ভারতীয় দল সূত্রের খবর, বাংলাদেশ ম্যাচে খেলবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার ভার নাকি বীরেন্দর শেবাগের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। শেবাগ না খেললে গৌতম গম্ভীরের সঙ্গে ইনিংস ওপেন করবেন রবীন উত্থাপা। আইপিএল থেকেই ভালো ফর্মে না থাকা ইশান্ত শর্মার জায়গায় আরপি সিং ও মানপ্রিত গনির মধ্যে একজনকে খেলানোর সম্ভাবনাও আছে। বাংলাদেশ আর আগের বাংলাদেশ না থাকায় পরীক্ষা-নিরীক্ষার এমন সুযোগ হাতছাড়া করবে কেন ভারত! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪৫ঘ.