২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায়ও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় পাকিস্তান

ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলার জন্য শুক্রবার দুপুরে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। তারা ম্যাচ জয়ের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2008, 04:52 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলার জন্য শুক্রবার দুপুরে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। তারা ম্যাচ জয়ের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। বিকেলে শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের অধিনায়ক শোয়েব মালিক বলেছেন, "আমাদের লক্ষ্য ধারাবাহিকতা বজায় রাখা। আমরা টানা ১১ টা ম্যাচ জিতেছি এর আগে, সেটা ধরে রাখতে চাই এখানেও। মোটকথা একটা ভাল সিরিজ খেলতে চাই।" আগামী রোববার বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ম্যাচ দিয়ে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হবে। তারপর মঙ্গলবার পাকিস্তান খেলবে ভারতের সঙ্গে। এই দুটো ম্যাচ জিতে পাকিস্তান ফাইনালে উঠতে চায়। শোয়েব মালিক বলেছেন, "আমরা সবাই খেলার মধ্যে আছি। বৃহস্পতিবার একটি প্র্যাকটিস ম্যাচও খেলেছি করাচিতে। সবাই ভাল ফর্মে আছে। আমরা টুর্নামেন্ট জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।" এর আগে সকালে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে পাকিন্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য শহীদ আফ্রিদি সাংবাদিকদের বলেন, "এ মাসের শেষ দিকের এশিয়া কাপের জন্য এটা আমাদের জন্য একটি প্রস্তুতিমূলক সিরিজ হবে। এর আগে আমরা দেশে বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে খেলেছি। কিন্তু এবার বাংলাদেশের সাথে ভারতও আছে।" কিন্তু পেসার শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ দলে না থাকায় পাকিস্তানের বোলিং অ্যাটাক নখদন্তহীন হয়ে পড়েছে। এ ব্যাপারে পাকিস্তানের অস্ট্রেলীয় কোচ জিওফ লসন বলেছেন, "আমরা আসিফকে ছাড়াও খেলেছি। তবে তার সেরা সময়ে আসিফ এখজন ভয়ংকর বোলার। এখন আমাদের আরো অনেক নতুন খেলোয়াড় উঠে আসছে।" আসিফের অনুপস্থিতিতে পাকিস্তানী বোলিং অ্যাটাক ভাল বলেই দাবি করেছেন অধিনায়ক শোয়েব মালিক, "এখনো আমাদের ভাল বোলিং অ্যাটাক আছে। সোহেল তানভীর, ওমর গুল, সোহেল খান ও রাও ইফতেখার ভাল বোলিং করছে এবং ওরা যথেষ্ট পরিশ্রম করছে।" ১৯৯৯ এর বিশ্বকাপে পাকিস্তানকে হারানো বাংলাদেশের জন্য অঘটন ছিল কিনা পুরনো এ প্রশ্নের জবাবে আফ্রিদি বলেন, "বাংলাদেশ একটি শক্তিশালী দল। পাকিস্তানকে হারানো বাংলাদেশের জন্য কোনো অঘটন ছিল না। পরবর্তী সময়ে তারা অস্ট্রেলিয়া ও ভারতকে হারিয়ে তা প্রমাণ করেছে।" রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে শোয়েব মালিকের নেতৃত্বাধীন পাকিস্তান মুখোমুখি হচ্ছে বাংলাদেশের। মহেন্দ্র সিং ধোনীর নেতৃত্বে ভারতীয় দল আসবে সিরিজ শুরুর দিন রোববার সকালে। মঙ্গলবার তারা পাকিস্তানের মুখোমুখি হবে। শেরে বাংলা স্টেডিয়ামে চারটি একদিনের ম্যাচ হবে দিবারাত্রি। একই ভেন্যুতে আগামী ১৪ জুন ফাইনাল খেলবে শীর্ষ দুই দল । পাকিস্তান ক্রিকেট দলে রয়েছেন: শোয়েব মালিক (অধিনায়ক), সালমান বাট, নাসির জামসেদ, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ, মিসবাহ-উল-হক, শহীদ আফ্রিদি, কামরান আকমল, সোহেল খান, উমর গুল, সোহেল তানভীর, রাও ইফতিখার, ওয়াহাব রিয়াজ, নোমানুল্লাহ, ফাওয়াদ আলম ও বাজিদ খান। সিরিজের সময়সূচি: জুন ৮ বাংলাদেশ বনাম পাকিস্তান জুন ১০ ভারত বনাম পাকিস্তান জুন ১২ বাংলাদেশ বনাম ভারত জুন ১৪ ফাইনাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএআর/এসকে/১৪০৪ঘ.