অ্যান্টিগা, ৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের দিনের ৬ উইকেটে ২৪৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজকে বেশ চাপের মুখে ফেলেছিলেন রিকি পন্টিং। বার কয়েক জয়ের সম্ভাবনা ঝিলিকও দিয়েছিল অস্ট্রেলিয়ার সামনে। কিন্তু সেই সম্ভাবনা ভেস্তে গেছে এ ম্যাচের উইন্ডিজ অধিনায়ক রামনরেশ সারোয়ানের দুর্দান্ত সেঞ্চুরি (১২৮) আর ইন-ফর্ম শিবনারায়ন চন্দরপলের অপরাজিত ফিফটির কারণে। ৩৭২ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ২৬৬ রান করায় ড্র হয়ে গেছে অ্যান্টিগা টেস্ট।
শেষমেশ অস্ট্রেলিয়ানদের হতাশায় পুড়তে হলেও তাদের জন্য দিনের শুরুটা ছিল খুবই আশা জাগানিয়া। ডেভন স্মিথকে (০) গালিতে মাইক হাসির ক্যাচ বানিয়ে উইন্ডিজদের প্রথম ইনিংসের বিভীষিকার কথা মনে করিয়ে দেন ব্রেট লি। তারপর আরেক ওপেনার জেভিয়ার মার্শালও (৫) উইকেটের পেছনে ক্যাচ দিয়ে দেন স্টুয়ার্ট ক্লার্কের বলে। সারোয়ান-রুনাকো মর্টনের জুটিটা শক্ত প্রতিরোধের দেয়াল হয়ে উঠেছিল। মর্টনকে (১৪) নিজের দ্বিতীয় স্পেলে এলবিডব্লুর ফাঁদে ফেলে সেই দেয়ালও ভাঙ্গেন প্রথম ইনিংসে অসাধারণ এক স্পেলে ৫৯ রানে ৫ উইকেট নেয়া লি। ৩৭২ রানের টার্গেটের সামনে ওয়েস্ট ইন্ডিজ তখন ৮৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে। সে অবস্থায় দলের দুই সিনিয়র ক্রিকেটারের কাছে যা প্রত্যাশা থাকে সারোয়ান আর চন্দরপল ঠিক তা-ই করেন। কিংবা তার চেয়েও বেশি। দুজনের চতুর্থ উইকেট জুটিতে আসে ১৪৩ রান। বেশ আগেই ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি করে সারোয়ানকে তখন বেশ নিশ্চিন্তই দেখাচ্ছিল। সেটাই স্বাভাবিক, কারণ, ম্যাচের তখন ১৯ ওভার বাকি। ও প্রান্তে চমৎকার ব্যাট করে চলেছেন প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করা চন্দরপল, ড্র তো তখন সহজ হিসাব! নতুন বল নিয়ে সে হিসাবটাই গড়বড় করে দিচ্ছিলেন রিকি পন্টিং। প্রথমে সারোয়ানকে হাসির ক্যাচ বানালেন জনসন, ঠিক তিন ওভার পর ব্রাভোকেও (১) প্যাভিলিয়নের পথ দেখালেন ব্রেট লি। বিপদ হতেই পারতো। তবু ওয়েস্ট বেঁচেছে। বেঁচে যাওয়ার জন্য নিশ্চয়ই চন্দরপলের ১৮০ বলে ৭৭ রানের হার না মানা ইনিংস আর তার সঙ্গে দিনেশ রামদিনের (২১*) অবিচিছন্ন ৪০ রানের জুটিটাকেই ধন্যবাদ দেবেন সারোয়ান। চন্দরপলকে ধন্যবাদ না দিয়ে তো উপায়ই নেই। প্রথম ইনিংসের হার না মানা ১০৭ রানের পর এই অপরাজিত ফিফটি করে বাঁ হাতি এই ব্যাটসম্যান ম্যান অব দ্য ম্যাচ না হলে ম্যাচের ফলাফল তো অন্যরকম হতোই।
বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৯৫৫ঘ.
bdnews24