২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে আসতে পারছেন না মোহাম্মদ আসিফ

অবৈধ ড্রাগ রাখার অভিযোগে দুবাই বিমানবন্দরে আটক মোহাম্মদ আসিফের ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসা হচ্ছে না। পাকিস্তান দল থেকে বাদ দেয়া হয়েছে এই ফাস্ট বোলারকে। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর এক মুখপাত্র জানিয়েছেন, আসিফের জায়গায় ফাস্ট বোলার সোহেল খানকে নিয়ে বাংলাদেশে আসবে পাকিস্তান দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2008, 12:07 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

করাচি, ৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবৈধ ড্রাগ রাখার অভিযোগে দুবাই বিমানবন্দরে আটক মোহাম্মদ আসিফের ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসা হচ্ছে না। পাকিস্তান দল থেকে বাদ দেয়া হয়েছে এই ফাস্ট বোলারকে। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর এক মুখপাত্র জানিয়েছেন, আসিফের জায়গায় ফাস্ট বোলার সোহেল খানকে নিয়ে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। নিষিদ্ধ ড্রাগ রাখার অভিযোগে তিন দিন ধরে দুবাই বিমান বন্দরে আটক আছেন মোহাম্মদ আসিফ। অবশ্য পিসিবি'র চিফ অপারেশন্স অফিসার শাফকাত নাগমি জানিয়েছেন, পাকিস্তানের তরুণ ফাস্ট বোলারকে ছাড়িয়ে আনার জন্য সাধ্যমতো চেষ্টা তারা করছেন। তবে শাফকাত সেই সঙ্গে এ কথাও মনে করিয়ে দিয়েছেন আইনি প্রক্রিয়া সেরে কবে নাগাদ আসিফকে পাকিস্তানে ফিরিয়ে আনা যাবে সেটা এখনো অনিশ্চিত, " বিষয়টির সুরাহা কবে হবে তা আমি জানিনা। (আসিফের সঙ্গে পাওয়া ড্রাগের) নমুনা পরীক্ষার জন্য ল্যাব-এ পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট ফাস্ট বোলারের রক্ত আর প্রস্্রাবের নমুনাও পাঠানো হয়েছে। ওসবের রিপোর্ট যাবে উকিলের কাছে। রিপোর্ট দেখে তিনিই ঠিক করবেন আসিফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে, নাকি ছেড়ে দেয়া হবে তাকে।" পিসিবির এক মুখপাত্র জানান আসিফকে নিয়ে আইনি জটিলতা এবং সে কারণে দেখা দেয়া অনিশ্চয়তার কারণেই ত্রিদেশীয় সিরিজের দলে সোহেল খানকে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা, "এখন যা পরিস্থিতি তাতে আইনগতভাবে আসিফকে বাংলাদেশে পাঠানো খুবই কঠিন। ওর ভিসা হয়নি, ও কখন দেশে ফিরবে তা-ও জানি না। তাই নির্বাচকরা আসিফের বদলে সোহেল খানকে সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।" এ বছরই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছে সোহেল খানের। তিনটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে আসছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৯১০ঘ.