ঢাকা, ১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জাতীয় ক্রিকেট লিগ থেকে শুরু করে সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগেও ব্যাট হাতে তার দুর্দান্ত পারফরম্যান্স। কিন্তু দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বলে নির্বাচকরা এখনই জাতীয় দলে ফেরাতে চাননি অলক কাপালিকে। তবে আফতাব আহমেদের ইনজুরিতে ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের দলে এই অলরাউন্ডারকে অন্তর্ভুক্ত করতে গিয়ে নির্বাচকরা ভেবেছেন অন্যরকম। তাদের যুক্তি, অভিজ্ঞতা দিয়েই একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের শূন্যস্থান পূরণ করা উচিত।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাটিং প্র্যাকটিসের সময় পেসার মাহবুবুল আলম রবীনের বলে ডান হাতের অনামিকায় চোট পান আফতাব। এক্সরে রিপোর্টে তার ওই আঙ্গুলের হাড়ের স্থানচ্যুতি এবং চিড় ধরা পড়েছে বলে জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে। ছয় সপ্তাহ বিশ্রাম নেওয়ার পাশাপাশি আফতাবের ডান হাতের আঙ্গুলে অস্ত্রোপচারও করাতে হবে জরুরীভিত্তিতে।
এ সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে প্রধান নির্বাচক রফিকুল আলম বললেন, "আজ (রোববার) বিকেলে ম্যানেজার, ফিজিও ও ডাক্তার আফতাবের এক্সরে রিপোর্ট নিয়ে বোর্ড অফিসে বসেছিলেন। সেখানেই তারা ওর আঙ্গুলের ফ্র্যাকচারের ব্যাপারে নিশ্চিত হয়েছেন। চয় সপ্তাহ বিশ্রাম তো নিতে হবেই। তাছাড়া অস্ত্রোপচারও করাতে হবে। হয় বিদেশে, না হলে দেশেই। অস্ত্রোপচার না করালে আঙ্গুলটা বাঁকা হয়ে যেতে পারে। তাছাড়া এটা করালে ভালোও হবে তাড়াতাড়ি।"
ওদিকে আফতাবের জায়গায় অলককে নেওয়ার ব্যাখ্যায় রফিকুল বললেন, "এটা ঠিক অলককে আমরা আরো পরে সুযোগ দিতে চেয়েছিলাম। কিন্তু মিডল অর্ডারে আফতাবের মতো অভিজ্ঞ একজনকে রিপ্লেস করার ক্ষেত্রে অলকের অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেছি আমরা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০৩৩ঘ.
bdnews24