ঢাকা, ২৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশের হয়ে খেলার মাঠের পরীক্ষায় তাদের একইসঙ্গে থাকার সুযোগ হয়। উইকেটে জুটিও বাঁধেন হরহামেশাই। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষায় তো আর তা হওয়ার সুযোগ নেই। মোহাম্মদ আশরাফুল ও আফতাব আহমেদ বৃহষ্পতিবার থেকে সারাদেশে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন পাশাপাশি দুই রুমে বসে। ধানমন্ডির ডাব্লিইআইবিটি (উইবট) কলেজের এই দুই পরীক্ষার্থীর সিট পড়েছে ঢাকার লালমাটিয়া মহিলা কলেজে। সেখানেই কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ অধিনায়ক ও দলের অন্যতম সেরা ব্যাটসম্যান আফতাব দিয়েছেন হিসাববিজ্ঞান পরীক্ষা।
পরীক্ষা কেমন হয়েছে? এই প্রশ্নে আশরাফুলের জবাব, "খারাপ না। আমাদের পরীক্ষাটা ছিল ৬০ মার্কের। আমি উত্তর লিখেছি ৪৫ নাম্বারের।" হেসেই জানাচ্ছিলেন, "পরীক্ষার হলে গিয়েও মিডিয়ার কাছ থেকে নিস্তার পেলাম না। সেখানেও ক্যামেরার ক্লিক।" ক্যারিয়ারের শুরু থেকেই মিডিয়ায় তাকে নিয়ে মাতামাতি হয়ে আসছে। সুতরাং লালমাটিয়া কলেজে আলোকচিত্রীদের হামলে পড়াটা বিচিত্র কিছু নয়। তবে বিচিত্র মনে হতেই পারে, তাকে নিয়ে সাধারণ ছাত্রদের হুড়োহুড়ি একদমই হয়নি শুনে। কেউ অটোগ্রাফ চায়নি? এমন প্রশ্নে হুকই করলেন আশরাফুল, "আরে ধুর! হলে ঢোকার সময় পরীক্ষার টেনশনে একেকজনের চেহারার যা অবস্থা দেখছিলাম! আমার দিকে তাকানোরই সময় ছিল নাকি ওদের! পরে পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগেই আমি খাতা জমা দিয়ে মিরপুরে প্র্যাকটিসে চলে যাই।"
পরীক্ষার হলে ঢোকার সময় অন্য পরীক্ষার্থীদের মতো টেনশন ছুঁয়ে যাচ্ছিল আশরাফুলকেও, "হলে ঢোকার সময় আমারও অন্যরকম লাগছিল। ২০০১ সালে এই পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরের বছর মাত্র একটা পরীক্ষা দিতে পেরেছিলাম। ছয় বছর পর আবার পরীক্ষা দিতে গিয়ে ভীষণ টেনশন হচ্ছিল। সত্যি বলছি, বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে নামার সময়ও এতো টেনশন হয় না আমার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪৫ঘ.
bdnews24