২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেইডেনের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ঠিক আগে বড় একটা দুঃসংবাদ পেলো অস্ট্রেলিয়া। ডান গোড়ালির ইনজুরির কারণে প্রথম টেস্টে দলের বাইরে থাকা ম্যাথু হেইডেনের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ! সফরের বাকি ম্যাচগুলোর কোনোটাতেই তার খেলার কোনো সম্ভাবনা নেই। তাই হেইডেনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া দলের ম্যানেজমেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 09:35 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

অ্যান্টিগা, ২৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ঠিক আগে বড় একটা দুঃসংবাদ পেলো অস্ট্রেলিয়া। ডান গোড়ালির ইনজুরির কারণে প্রথম টেস্টে দলের বাইরে থাকা ম্যাথু হেইডেনের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ! সফরের বাকি ম্যাচগুলোর কোনোটাতেই তার খেলার কোনো সম্ভাবনা নেই। তাই হেইডেনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া দলের ম্যানেজমেন্ট। বুধবার অস্ট্রেলিয়ার ফিজিও অ্যালেক্স কন্টুরিস দুঃসংবাদটা জানিয়ে বলেছেন, "ম্যাথু হেইডেনের ডান গোড়ালির টেন্ডন ইনজুরি ঠিকমতো সেরে ওঠেনি । তাই দ্বিতীয় টেস্টে সে খেলতে পারবে না। এবং তৃতীয় টেস্টেও তাকে পাওয়ার সম্ভাবনা খুব কম। আগামী ১৮ মাসে আমাদের প্রচুর ম্যাচ খেলতে হবে। তাই পুনর্বাসন প্রক্রিয়া এবং বিশেষজ্ঞদের পরামর্শের মধ্যে থাকার জন্য তাকে অস্ট্রেলিয়ায় ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। যার অর্থ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও তাকে পাওয়া যাবে না।" অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংও বিমর্ষ কণ্ঠে জানিয়েছেন এই দুঃসংবাদ, "তার (হেইডেনের) অবস্থা ভালো নয়। হেইডোস খুব শিগগিরি দেশে ফিরে যাবে। জ্যামাইকায় প্রথম টেস্ট শেষে তার কয়েকটা স্ক্যান করানো হয়েছিল। বিশেষজ্ঞদের পরামর্শের জন্য সে অপেক্ষাও করছিল। কিন্তু তার টেন্ডন ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব তাড়াতাড়ি ভালো হওয়ার কোনো সম্ভাবনাও নেই। তাই আমরা তাকে দেশে ফেরত পাঠাতে চাইছি। কারণ আমরা চাই সে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠুক।" হেইডেন ফিরে যাওয়ায় ব্র্যাড হজকে টেস্ট দলে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ওয়ানডে দলে হেইডেনের বদলে কাকে নেয়া হবে সেই সিদ্ধান্ত পরে নেয়া হবে। বান্ধবীর বাবার অসুস্থতার কারণে দলের সঙ্গে ক্যারিবিয়ানে যেতে পারেননি মাইকেল ক্লার্ক, খেলতে পারেননি প্রথম টেস্টে। তবে শুক্রবার থেকে অ্যান্টিগায় শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাকে পাচ্ছে অস্ট্রেলিয়া। ক্লার্ককে সুযোগ দিতে সরে দাঁড়াতে হচ্ছে হজ বা সাইমন ক্যাটিচের মধ্যে থেকে এক জনকে। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট 'ক্রিকইনফো' অবশ্য জানিয়েছে ক্যাটিচের ওপরেই আস্থা রাখবে পন্টিংয়ের দল। অন্যদিকে ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রিস গেইল। আর স্পিনার অমিত জগারনাথের জায়গায় পেসার জেরম টেলরের দলে সুযোগ পাওয়া প্রায় নিশ্চিত। প্রথম টেস্টে গেইল ও টেলরবিহীন স্বাগতিকরা হার মেনেছিল ৯৫ রানে। অস্ট্রেলিয়ার কাছে গত ১৩ টেস্টে এটা ক্যারিবীয়দের দ্বাদশ পরাজয়। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫২৪ঘ.